লেখাটা কোথা থেকে শুরু করা যায়? কোথায় গিয়ে শেষ? লেখাটা সাকিব আল হাসানকে নিয়েই। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, যে লেখার শুরু আর শেষ নিয়ে কথা হচ্ছে, সেটি সাকিবের রেকর্ড নিয়ে নাকি তাঁর বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে! ক্যারিয়ারজুড়ে মাঠে পারফরম্যান্সে ছিলেন দুর্দান্ত; গড়েছেন, ভেঙেছেন কত রেকর্ড আবার সেই সাকিবই ভুল কারণে খবরে এসেছেন নিয়মিতই। হয়েছেন সমালোচিতও। তবে সাকিবকে নিয়ে এ লেখা একটু ভিন্ন। সেটি একটু আক্ষেপের কিংবা অনেকখানি প্রাপ্তির।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সন্দেহাতীত সেরা খেলোয়াড় সাকিব। একটা ক্ষেত্রে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ‘একমাত্র’ হয়ে আছেন বিশ্ব ক্রিকেটেও। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৩৭৩ ম্যাচে ৩৪.৬০ গড়ে ১২ হাজার ৫৯৭ রান। বোলার সাকিব ২৮.২২ গড়ে উইকেট নিয়েছেন ৬১৬। এই সংখ্যাগুলোই সাকিবকে সবার চেয়ে আলাদা করে দিচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিবের অবস্থান ৫৯তম। সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় সাকিব আছেন ২১ নম্বরে। তার মানে সাকিবের চেয়ে বেশি রান আছে ৫৮ ব্যাটসম্যানের, উইকেট বেশি ২০ জনের। তবে অলরাউন্ডারদের তো বিচার হয় রান আর উইকেট—দুটি দিয়েই। সেই বিচারে নামলে দেখা যাবে, এত রান আর উইকেটের যুগলবন্দী ক্রিকেট ইতিহাসে আর কারোরই নেই। গত বছরের অক্টোবরে সাকিব তাই খুলে ফেলেছেন নতুন এক ক্লাবও। যে ক্লাবের নাম—আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেট। সেই ক্লাবের একমাত্র সদস্যের নাম সাকিব আল হাসান।
তা এই পুরোনো কাসুন্দি এখন ঘাঁটা কেন? খেলাটাই একমাত্র ধ্যানজ্ঞান হলে সাকিব যে শুধু ১২ হাজার রান ও ৬০০ উইকেটের ক্লাবেও সীমাবদ্ধ থাকতেন না, সেই আলোচনার সূত্রপাত করতেই। সাকিব আসলে কোথায় থাকতেন?
২০০৬ সালের আগস্টে সাকিবের আন্তর্জাতিক অভিষেকের পর থেকে বাংলাদেশ দল তিন সংস্করণ মিলিয়ে খেলেছে ৪৭১ ম্যাচ। সাকিবের ক্যারিয়ার ৩৭৩ ম্যাচের। অপেক্ষায় আছেন বাংলাদেশের হয়ে অদ্ভুত এক শতকের। কী সেই শতক? ম্যাচ মিসের! চোট, নিষেধাজ্ঞা, ব্যক্তিগত বা পারিবারিক কারণে ছুটি—সব মিলিয়ে দেড় যুগের ক্যারিয়ারে সাকিব মিস করছেন ৯৮টি আন্তর্জাতিক ম্যাচ।
সাকিব যদি বাংলাদেশের হয়ে সব ম্যাচ খেলতে পারতেন, তবে তাঁর ক্যারিয়ার রেকর্ড কেমন হতো? এ মুহূর্তে সাকিবের ব্যাটিং গড় ৩৪.৬০। ব্যাটিং গড়ের হিসাবে সাকিবের ক্যারিয়ারে যোগ হতো আরও ৩ হাজার ৩৯০ রান। সাকিবের ম্যাচপ্রতি উইকেট ১.৬৫। এই হিসাবে যোগ হতো আরও ১৬১টি উইকেট। আপনি নিশ্চয়ই ভাবছেন, এভাবে হিসাব হয় নাকি! একজন ক্রিকেটারের পক্ষে কি দেড় দশক ধরে দলের প্রতিটি ম্যাচ খেলা সম্ভব? তার ওপর টেস্ট ক্রিকেটও এর মধ্যে অন্তর্ভুক্ত বলে ইনিংসের ফাঁকিও আছে। এসব বিবেচনায় নিয়ে সাকিবের সম্ভাব্য অর্জন থেকে কাটছাঁট করে যদি ২ হাজার ৫০০ রান আর ১০০ উইকেটও ধরা যায়, তাহলে তাঁর কল্পিত ক্যারিয়ার রেকর্ডে ১৫ হাজার রান আর ৭০০ উইকেট ছাড়িয়ে যায়।
সাকিবের অভিষেকের পর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৪০৬টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। সাকিবের চেয়ে ৩৩টি বেশি। এই ৩৩ ম্যাচও যদি সাকিব খেলতেন, তাঁর ক্যারিয়ারে যোগ হতো প্রায় ১ হাজার ১৪১ রান ও ৫২ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট ধরলে সাকিবের অভিষেকের পর সবচেয়ে বেশি ৪৭৮ ম্যাচ খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাকিবের চেয়ে যা ১০৫ ম্যাচ বেশি। অথচ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ধোনিকে আর দেখা যায়নি ভারতের জার্সিতে। ভারতীয় ক্রিকেটাররা না হয় একটু বেশিই ম্যাচ খেলেন। তবে শুধু তো ধোনি নন, সাকিবের অভিষেকের পর তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আরও সাতজন। সাকিবের দুই বছর পরে অভিষিক্ত শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসও সাকিবের চেয়ে ১৬টি ম্যাচ বেশি খেলে ফেলেছেন।
সাকিব দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না, এটা পুরোনো খবর। বিসিবি তাঁকে ছুটি দিয়েছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আসলে দিয়েছে না বলে সাকিব চেয়ে নিয়েছেন বলাই শ্রেয়। ২০ মার্চ বাংলাদেশ দল জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামার দিনই বাংলাদেশের হয়ে ম্যাচ মিসের শতক হয়ে যাবে সাকিবের।
সাকিব অপেক্ষায় আছেন আরেকটা শতকেরও। সেটা অবশ্য ম্যাচ মিসের নয়। ক্যাচের। বাংলাদেশের হয়ে সাকিব নিয়েছেন ৯৯ ক্যাচ। ২০ মার্চ ম্যাচ মিসের শতকটা নিশ্চিত হয়ে গেলেও ক্যাচ নেওয়ার শতকটা কবে হবে, কেউই তা জানেন না।
ক্যারিয়ারজুড়েই দারুণ ধারাবাহিক সাকিব। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন সেরা থাকার ঘটনাও এখন পুরোনো। একসঙ্গে ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেছেন। ওয়ানডেতে শীর্ষে ছিলেন ৩২৩ সপ্তাহ। ক্রিকেটে তো নেই-ই, অন্য খেলাতেও এমন আধিপত্যের উদাহরণ খুঁজে পাওয়া কঠিন। র্যাঙ্কিং বললেই টেনিসের কথা মনে আসে। ছেলেদের টেনিসে রজার ফেদেরার ২৩৭ সপ্তাহ র্যাঙ্কিংয়ের ১ নম্বরে ছিলেন৷ নারী টেনিসে সেরেনা উইলিয়ামস ছিলেন ৩১৬ সপ্তাহ। ভিন্ন দুটি খেলায় তুলনা হয় না। তারপরও সাকিবের ধারাবাহিকতা বোঝাতে তা কিছুটা কাজে তো আসেই।
বোঝানো যায় আরেকটা তথ্য দিয়েও। ওয়ানডে ইতিহাসে সাকিবই একমাত্র ব্যাটসম্যান, ১৫ বছরে যাঁর ব্যাটিং গড় এক ম্যাচের জন্যও ৩০-এর নিচে নামেনি। কমপক্ষে ১৫ বছর খেলেছেন, এমন ৬৫ ক্রিকেটারের ক্যারিয়ার ঘেঁটে পাওয়া গেল এই চমকে দেওয়া তথ্য। কারও ক্যারিয়ারের একদম শুরুতে, কারও মাঝখানে, কারওবা গোধূলিলগ্নে ব্যাটিং গড় নেমেছে ৩০-এর নিচে। সাকিবই একমাত্র ব্যতিক্রম।
গর্ব করার মতো অনেক কিছুই তাই আছে সাকিবের ক্যারিয়ারে। এমনিতেই তো আর বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে ওঠেননি। তবে ইদানীং যেভাবে নিজেই বিজ্ঞাপনে বেশি ব্যস্ত হয়ে পড়ছেন, তাতে পরে কি একটু আক্ষেপ করবেন আরও বেশি ম্যাচ খেলতে পারতেন বলে?
কোনো কিছু নিয়ে আক্ষেপ করা তাঁর ধাতেই নেই বলে বরাবরই দাবি করে এসেছেন সাকিব। তবে সাকিব-ভক্ত বা বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের তো আক্ষেপ থাকতেই পারে। ১২ হাজার রান আর ৬০০ উইকেটের সাকিবকে প্রাপ্তি না ভেবে ১৫ হাজার রান ও ৭০০ উইকেটের সাকিবের কথা কল্পনা করে দীর্ঘশ্বাস ফেলতেই পারেন কেউ।