সাকিব যেখানে এগিয়ে

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন। ১৯৯৯ সালে দেশের অভিষেক বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনবদ্য সেই অর্ধশতকটি হাঁকিয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত সেই ম্যাচে মেহরাবের অর্ধশতকটি এসেছিল কোর্টনি ওয়ালশ, মারভিন ডিলন ও রেওন কিংয়ের মতো বোলারদের কাবু করেই। ম্যাচটি বাংলাদেশ হারলেও ইতিহাসের পাতায় মেহরাবের নাম চিরদিনই অক্ষয় হয়ে থাকবে বিশ্বকাপের আসরে প্রথম হাফ সেঞ্চুরিয়ান হিসেবে।
মেহরাব যে পথ দেখিয়েছিলেন, সেই পথ ধরে গত চারটি আসরের ২৫টি ম্যাচে আরও ১২টি হাফ সেঞ্চুরি এসেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাট থেকে। তবে এই হিসাবে সবাইকে ছাপিয়ে গেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বোচ্চ তিনটি অর্ধশতকের গৌরব বয়ে নিজের তৃতীয় বিশ্বকাপটি খেলতে এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে পা রাখছেন সাকিব।
সাকিবের চেয়ে একটি অর্ধশতক কম করেছেন মিনহাজুল আবেদীন। ১৯৯৯ সালের বিশ্বকাপে মিনহাজুল পরপর দুটো অর্ধশতকে সারা দুনিয়াকে চিনিয়েছিলেন নিজের জাত। এডিনবরায় কঠিন কন্ডিশনে তাঁর ৬৮ রানের এক ইনিংস স্কটল্যান্ডের বিপক্ষে এনে দিয়েছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়টি। পরের ম্যাচেই চেস্টার লি স্ট্রিটে গ্লেন ম্যাকগ্রা, ডেমিয়েন ফ্লেমিং আর শেন ওয়ার্নদের নাকাল করে মিনহাজুল খেলেছিলেন ৫৩ রানের হার না-মানা এক ইনিংস।
মিনহাজুলের পাশাপাশি বিশ্বকাপে দুটো করে ফিফটি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আশরাফুল ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন নিজের প্রথম ফিফটিটি। তামিম ২০০৭ সালে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে দুর্দান্ত এক অর্ধশতক হাঁকিয়ে জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনবার্তা। বিশ্বকাপে আশরাফুলের দ্বিতীয় ফিফটিতে ২০০৭ সালের বিশ্বকাপেই জর্জটাউন, গায়ানায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ পেয়েছিল অসাধারণ এক জয়। প্রোটিয়াদের বিপক্ষে তাঁর ৮৭ রানের এই ইনিংসটি বিশ্বকাপের আসরে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ ইনিংস হিসেবেই স্মরণীয় হয়ে আছে।
ইমরুল কায়েস একদিক দিয়ে দারুণ ভাগ্যবান। ২০১১ সালের বিশ্বকাপে তাঁর করা দুটো ফিফটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামের মাটিতে তাঁর এই দুটো ফিফটি বাংলাদেশকে জয় এনে দিয়েছিল শক্তিশালী ইংল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে।

মুশফিকুর রহিমও নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন, বিশ্বকাপে তাঁর একমাত্র ফিফটিটি জয় এনে দিয়েছিল বাংলাদেশকে। ২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমেই ভারতের বিপক্ষে তাঁর ম্যাচজয়ী ৫৬ রান স্মরণীয় হয়ে আছে এ দেশের সংক্ষিপ্ত ক্রিকেট ইতিহাসেই।
এ তো গেল ব্যাটিংয়ের সাফল্য। বল হাতে বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্যের দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি আবদুর রাজ্জাক। ৯ ম্যাচ খেলে তাঁর উইকেটসংখ্যা ১৩টি। ২০০৭ সালের বিশ্বকাপ উদ্ভাসিত হয়ে আছে রাজ্জাকের অনবদ্য নৈপুণ্যে। সেবার বাংলাদেশের তিনটি জয়েই রাজ্জাক রাখেন অনন্য অবদান। বারমুডার বিপক্ষে ২০ রানে নেন ৩ উইকেট। ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে জয়ের ক্ষেত্র তৈরি করেছিলেন তিনিই। প্রোটিয়াদের বিপক্ষে জয়েও তাঁর বোলিং পরিসংখ্যান (৩ / ২৫) রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশ্বকাপে উইকেট শিকারে রাজ্জাকের পরের স্থানটিই মাশরাফি বিন মুর্তজার। তাঁর ঝুলিতে আছে ৯টি বিশ্বকাপ উইকেট।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় জাতীয় দলের সাফল্যের প্রত্যাশায়। কে জানে, এবারই হয়তো আমরা দেখতে যাচ্ছি বিশ্বকাপে আমাদের প্রথম সেঞ্চুরিটি। বলা তো যায় না, এবারই হয়তো ফিফটির সংখ্যা ছাড়িয়ে যাবে অতীতের সব বিশ্বকাপকে। বল হাতে বোলাররা দেখাবেন ইতিহাসের সেরা পারফরম্যান্স। আকাশকুসুম নয়। এমন প্রত্যাশা এখন যথেষ্টই বাস্তবসম্মত।