সাকিব যেখানে দ্রুততম

আফতাব আলমের লেগ স্টাম্পে থাকা বলটিকে শর্ট লেগ দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারিতে। ড্রেসিংরুমে লাফিয়ে উঠলেন তামিম ইকবাল। অভিনন্দন জানালেন করতালিতে। ব্যাটসম্যানের রান তখন মাত্র ২৫। অভিনন্দন কেন আসবে! ধারাভাষ্যকারেরাও ক্ষণিকের জন্য একটু অবাক। কিন্তু তামিম ঠিকই জানতেন। তিনি নিজেও তো ওই অভিনন্দন পাওয়ার দৌড়ে ছিলেন! তামিম জানতেন, ওই বাউন্ডারিতেই ওয়ানডে ক্রিকেটে ৪ হাজার রান ছুঁয়ে ফেলেছেন সাকিব আল হাসান। অবশ্যই বাংলাদেশে সবার আগে!
আরও অনেক কিছুতেই তিনি বাংলাদেশ ক্রিকেটে সবার আগে। অনেক ‘প্রথমের’ সঙ্গে জড়িয়ে তাঁর নাম। তাঁর হাত ধরেই হবে আরও অনেক প্রথম, এটাও নিশ্চিত। তবে ৪ হাজার রান ছুঁয়ে কাল একটা জায়গায় ওয়ানডে ইতিহাসেই সবাইকে ছাড়িয়ে গেছেন সাকিব। ওই রানগুলোর সঙ্গে তাঁর নামের পাশে আছে ১৮৪ উইকেট। মানদণ্ড যদি ধরা হয় ৪ হাজার রান ও ১৭৫ উইকেট—সবচেয়ে কম ম্যাচে এই মাইলফলক ছুঁলেন সাকিবই! রেকর্ডটি আগে ছিল যাঁর, সেই জ্যাক ক্যালিসকে ছাড়িয়েছেন যোজন যোজন পেছনে ফেলে। এই ‘ডাবল’ ছুঁতে ১৪২ ম্যাচ লাগল সাকিবের, ক্যালিসের লেগেছিল ১৮১ ম্যাচ।
৪ হাজারের ‘কাউন্টডাউন’ শুরু হয়েছিল আসলে গত নভেম্বরে, জিম্বাবুয়ে সিরিজ থেকেই। প্রথম ওয়ানডেতেই সেঞ্চুরি ও ৪ উইকেটের ‘ডাবল’ কীর্তি গড়েছিলেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে। সাকিব ও তামিম তখন পাশাপাশি, কাছাকাছি। এগিয়ে যাচ্ছিলেন ৪ হাজার রানের দিকে। প্রতিদিনই আলোচনা, আজ হয়তো হয়ে যাবে ৪ হাজার। একটি একটি করে ম্যাচ পেরিয়েছে, কিন্তু কাছের মাইলফলক দূরে থেকে গেছে দুজনেরই। কাল আরও ১৯ রান কাছে গেছেন তামিম, কিন্তু থমকে গেছেন ১০ রান দূরে। সাকিবের প্রয়োজন ছিল ২৩, করেছেন ৬৩।
এই ফিফটিতেও আরেকটি ‘প্রথম’ কীর্তি গড়া হলো সাকিবের। টানা তিন বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই ফিফটি! ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে করেছিলেন ৫৩, গত বিশ্বকাপে ভারতের বিপক্ষেই ৫৫। কাল ৬৩। সবার আগে ৪ হাজার ছোঁয়ার মতো এখানেও হাতছানি ছিল তামিমের। ২০০৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে করেছিলেন ৫১, গতবার ৭০। পারেননি তামিম। বাংলাদেশ ক্রিকেটে সাকিব এমন উচ্চতায়, হয়তো ক্রিকেট-বিধাতারই চাওয়া ছিল, এখানেও প্রথম হবেন!
সাকিব ও ক্যালিস ছাড়া ৪ হাজার রান ও ১৭৫ উইকেটের ডাবল আছে ওয়ানডেতে আর মাত্র ৭ জনের। এই তালিকায় পাবেন না ইমরান খান, কপিল দেব, ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, অ্যান্ড্রু ফ্লিনটফ, কিংবা হালের ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, মোহাম্মদ হাফিজদের। বোথাম (১১৬ ম্যাচ) ও হ্যাডলি (১১৫) অবশ্য দাবি করতে পারেন, ওই যুগে এখনকার মতো এত ওয়ানডে খেলার সুযোগ তাঁরা পাননি। তবে সেটা তো আর সাকিবের নিয়ন্ত্রণে নেই! তিনি যেটা পারতেন, করে দেখিয়েছেন। ‘ডাবল’ ছুঁয়েছেন সবার আগে। ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল সবচেয়ে কম ম্যাচে ছোঁয়ার রেকর্ড পাকিস্তানের আবদুল রাজ্জাকের। এখন থেকে সাকিব যাচ্ছেতাই রকমের বাজে খেললেও সেই রেকর্ড অনায়াসে ভাঙার কথা।
চাইলে এই পরিসংখ্যানকে অনেক গুরুত্ব দিয়ে দেখতে পারেন, চাইলে হেসে উড়িয়ে দিতে পারেন। বাস্তবতা পাল্টাচ্ছে না। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে সম্প্রতি আইসিসি র্যাঙ্কিংয়ে তিন সংস্করণেই শীর্ষে উঠেছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। র্যাঙ্কিংয়ের ফাঁকটাকগুলো হিসেবে নিয়ে যদিও অনেকেই খুব বেশি গুরুত্ব দিতে চান না এটিকে। তাঁদের জন্য জবাব এসব পরিসংখ্যান। এভাবে মাঠের ক্রিকেটেই সাকিব নিত্য ফুটিয়ে চলেছেন শ্রেষ্ঠত্বের ফুল।
দ্রুততম ৪০০০ ও ১৭৫
ম্যাচ
সাকিব আল হাসান ১৪২
জ্যাক ক্যালিস ১৮১
ক্রিস কেয়ার্নস ১৮৯
সনাৎ জয়াসুরিয়া ২০০
কার্ল হুপার ২০২
আবদুল রাজ্জাক ২০৪
শহীদ আফ্রিদি ২১৪
স্টিভ ওয়াহ ২৩৩
ক্রিস হ্যারিস ২৪৪