ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির ঘণ্টাখানেক পরও নিউজিল্যান্ড ৪ উইকেটে ২৫২। সেখান থেকে ক্রাইস্টচার্চে কাল দিন শেষে নিউজিল্যান্ড যে ৭ উইকেটে ২৬০ হয়ে গেল, সেই কৃতিত্বটা অবশ্যই সাকিব আল হাসানের। ৬৯তম ওভারে দুই বলের ব্যবধানে ফিরিয়েছেন বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে। মিচেল স্যান্টনারকে এলবিডব্লু করেছিলেন এর এক ওভার আগেই।
ব্যাট হাতে ৫৯ রান করার পর বোলিংয়ে জাদু দেখানো সাকিব আগের টেস্টেই আলো ছড়িয়েছেন ব্যাট হাতে। ২১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে হয়েছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক। পরের ইনিংসেই অবশ্য শূন্য রানে আউট হয়ে গেছেন। তবে প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিটাই একটা অভিজাত তালিকায় তুলে দিয়েছে সাকিবের নাম।
টেস্ট ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি আছে, আবার ম্যাচে ১০ উইকেটও পেয়েছেন—ইতিহাসের এমন মাত্র পাঁচজন অলরাউন্ডারদের একজন সাকিব। তাঁর আগে কীর্তিটা ছিল শুধু ভারতের ভিনু মানকড়, ইংল্যান্ডের ইয়ান বোথাম, অস্ট্রেলিয়ান অ্যালান বোর্ডার ও পাকিস্তানের ওয়াসিম আকরামের। ক্যারিয়ারে মাত্রই ৪৬তম টেস্ট খেলতে নামা সাকিব এখন তালিকার পাঁচে, তবে ওপরে তুলে নেওয়ার সুযোগটা তাঁর থাকছেই। তথ্যসূত্র: ক্রিকইনফো।
টেস্ট ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি ও ১০ উইকেট
সর্বোচ্চ সেরা বোলিং ২০০ ১০ উইকেট
ভিনু মানকড় ২৩১ ১৩/১৩১ ২ ২
ইয়ান বোথাম ২০৮ ১৩/১০৬ ১ ৪
অ্যালান বোর্ডার ২০৫ ১১/৯৬ ২ ১
ওয়াসিম আকরাম ২৫৭* ১১/১১০ ১ ৫
সাকিব আল হাসান ২১৭ ১০/১২৪ ১ ১