সাকিব যেন সুপারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পেলেন পাঁচ উইকেট। ম্যাথু ওয়েডকে আউট করে একটু যেন নাচতে ইচ্ছা হলো সাকিব আল হাসানের। নিজের ৫০তম টেস্টটা সাকিব নিজেই ব্যাটে-বলে রাঙিয়ে হলেন ম্যাচসেরা। কাল মিরপুরে l শামসুল হক
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পেলেন পাঁচ উইকেট। ম্যাথু ওয়েডকে আউট করে একটু যেন নাচতে ইচ্ছা হলো সাকিব আল হাসানের। নিজের ৫০তম টেস্টটা সাকিব নিজেই ব্যাটে-বলে রাঙিয়ে হলেন ম্যাচসেরা। কাল মিরপুরে l শামসুল হক

হাসতে হাসতে বলা তাঁর কথাটা কিছুটা অভিযোগের মতো শোনাল। ‘আমি কিন্তু বলিনি, অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাব। আমি বলেছিলাম, দুই টেস্টেই আমাদের জেতা সম্ভব। অস্ট্রেলিয়াও বলতে পারবে না, আমাদের ২-০ ব্যবধানে হারাবে। আমরাও পারি না। তবে হারানো সম্ভব, এটা এখনো বলছি’—কথা শেষ করার পর অবশ্য সাকিবের মুখে মুচকি হাসি।

কথাটা সাকিব বলেছিলেন সিরিজ শুরুর আগে, যা সাংবাদিকদের মুখ থেকে শুনে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছিলেন, এটা ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী বিবৃতি।’ মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শেষে ওটাকে স্মিথের কাছে ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী বিবৃতি’ বলে মনে হচ্ছে না হয়তো। কিংবা কাল যদি সাকিব বিনয়ী না হয়ে বলতেন, ‘হ্যাঁ, ২-০ ব্যবধানে হারাবই বলেছি’, তাহলেও মনে হয় না স্মিথ খুব একটা বিস্মিত হতেন। এমন দিনে সাকিবের কোনো কথা নিয়ে সন্দেহ প্রকাশ করা চলে না! আরও অনেক বড় জয়ের মতো মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয়েরও নায়ক তিনি, বাংলাদেশ ক্রিকেটের ‘সুপারম্যান’। আর সুপারম্যানের অসাধ্য কিছু আছে নাকি!

তাঁর ও তামিমের ৫০তম টেস্ট ছিল এটি। এমনিতেই এসব উপলক্ষ-টক্ষ নিয়ে সাকিবের মধ্যে কোনো আদিখ্যেতা নেই। কিন্তু ভেতরে-ভেতরে যেন মাইলফলক ছোঁয়া টেস্টটা রাঙিয়ে দেওয়ার সব আয়োজন করেই নেমেছিলেন। প্রথম ইনিংসে ব্যাট
হাতে ৮৪ রান, তারপর বল হাতে ৫ উইকেট নিয়ে ছুঁয়েছেন টেস্ট খেলা সবগুলো দলের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিলেন। আর সেটির প্রেক্ষাপটই বা কেমন? যখন ম্যাচটি কেড়ে নিয়ে যেতে ২২ গজে পেশি ফুলিয়ে দাপট দেখাচ্ছেন ওয়ার্নার-স্মিথরা! নিজের ৫০তম টেস্টে ১০ উইকেট আর হাফ সেঞ্চুরি নেই ইতিহাসের অন্য কোনো ক্রিকেটারের।

র‍্যাঙ্কিংয়ে তিনি তিন সংস্করণেই এক নম্বর অলরাউন্ডার। ৫০তম টেস্টটা খেলার পর তাঁর নামের পাশে ৩৫৬৮ রান, ১৮৬ উইকেট। ক্যারিয়ারের প্রথম ৫০ টেস্টে ৩ হাজার রান ও ১৫০ উইকেট ছিল না গ্যারি সোবার্স, রিচার্ড হ্যাডলি, কপিল দেব, ইমরান খান, ইয়ান বোথাম বা জ্যাক ক্যালিসের মতো ইতিহাসের সেরা অলরাউন্ডারদেরও। নিজেকে এখন সেরাদের একজন ভাবতেই পারেন সাকিব। যদিও বিনয়ী সাকিব সেই ভাবনার চেয়ে মাঠে পারফর্ম করে যেতে পেরেই বেশি আনন্দিত, ‘নিজেকে আমার আসলে সে রকম কিছু (সর্বকালের সেরাদের একজন) মনে হচ্ছে না। আমি শুধু বলব, আমার যেহেতু ব্যাটিং-বোলিং দুটি দিয়েই অবদান রাখার সুযোগ আছে, আমি সেটা করে যাওয়ার চেষ্টা করব।’

টেস্ট শুরুর আগে মুশফিক বলেছিলেন, সাকিব-তামিমের মাইলফলক ছোঁয়া টেস্টে জয় উপহার দিতে চান। হলো আসলে উল্টোটা। সাকিব-তামিমই জয় উপহার দিলেন দলকে। যদিও সাকিব জয়ের কৃতিত্ব ভাগাভাগি করে দিলেন সবাইকেই, ‘তামিম অসাধারণ ব্যাটিং করেছে। দুই ইনিংসেই ওর সেঞ্চুরি হতে পারত, দুর্ভাগ্য ওর। মুশফিক ভাইয়ের অবদান আছে। নাসিরের প্রথম ইনিংস, সাব্বিরের দ্বিতীয় ইনিংস, এগুলোও অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাইজুল ও মিরাজের কথাও বলতে হবে। আমি একপাশ থেকে ৫ উইকেট পেয়েছি, কিন্তু অন্যদিক থেকে ওদেরও উইকেট নিতে হয়েছে। দিন শেষে এটা দলগত খেলা, এখানে সবার অবদানই আছে। কারও হয়তো একটু বেশি, কারও একটু কম।’

একটা সময় ছিল যখন বাংলাদেশ টেস্ট পঞ্চম দিনে নিতে পারলেই খুশি থাকত। সেই বাংলাদেশ এখন প্রায় বলে-কয়ে বড় দলগুলোকে হারাচ্ছে। এই বদলে যাওয়া বাংলাদেশকে প্রথমবারের মতো দেখা গেছে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডকে একটা টেস্টে হারানোর পর শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকেও হারিয়ে এসেছেন মুশফিকরা। তারপর এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়। কোনটাকে এগিয়ে রাখবেন সাকিব?

বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে সবগুলো জয়েরই আলাদা গুরুত্ব, ‘ইংল্যান্ডের বিপক্ষে জয়টাই আজকের জয়ের আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা যে ঘুরে দাঁড়াতে পারি, সেই বিশ্বাস তখনই এসেছে। আগে এমন পরিস্থিতি হলে আমরা হাল ছেড়ে দিতাম। এখন ছাড়ি না। এটা একটা বড় অর্জন। আবার শ্রীলঙ্কায় গিয়ে কিন্তু ভারত ছাড়া অন্য দলগুলো খুব বেশি ভালো করতে পারেনি। সেই হিসেবে ওটাও গুরুত্বপূর্ণ। বাইরে জিততে পারি, এই বিশ্বাসটা আসাও আমাদের জন্য বড় ব্যাপার ছিল।’

খাঁটি কথা, দলের মধ্যে বিশ্বাস এসেছে। কিন্তু সেই বিশ্বাসের বীজ বুনে দিতে একজন সাকিবই তো রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা!