সাকিব-রিয়াজের জরিমানা
বাগযুদ্ধে জড়িয়ে পড়ায় জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজকে। কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। খুলনা টেস্টের পঞ্চম দিনে দুজনই একে অন্যের দিকে আঙুল তুলে তর্কে জড়িয়ে পড়েন। পরে মাঠের আম্পায়ার পরিস্থিতি শান্ত করলেও জরিমানা থেকে কেউই রেহাই পাননি। আচরণবিধি ভাঙার অপরাধে দুজনের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। দুই খেলোয়াড়ই অপরাধ স্বীকার করে নেওয়ায় ম্যাচ রেফারি জেফ ক্রো আর আনুষ্ঠানিক শুনানি করেননি।
ক্রো তাঁর বিবৃতিতে বলেছেন, ‘একে অন্যের দিকে বিশেষ ভঙ্গি করা বা মুখের ওপর আঙুল তাক করার মতো ঘটনা আমরা দুজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে আশা করি না। ক্রিকেটে এর কোনো জায়গা নেই। আন্তর্জাতিক ক্রিকেটারদের মনে রাখা উচিত তাদের খেলা লাখো মানুষ দেখে। তাই তাদের আবেগ নিয়ন্ত্রণ করে পারস্পরিক শ্রদ্ধা দেখানো উচিত।’ আইসিসি।