সাকিবকে আগলে রাখছেন মাশরাফি

মাত্র একটা ক্যাচ হাতছাড়ার কী বড় মাশুলই না দিতে হলো বাংলাদেশকে! ১১তম ওভারে তাসকিন আহমেদের বলটা পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। সেটি হাতছাড়া করলেন সাকিব আল হাসান, দলের অন্যতম সেরা ফিল্ডার!
২১ রানে জীবন পাওয়া রোহিত পরে ম্যাচটাই ঘুরিয়ে দিলেন। সংবাদ সম্মেলনের বড় অংশজুড়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে উত্তর দিতে হলো সাকিবের ভুলটা নিয়ে। জয়-পরাজয়ে অধিনায়ক সব সময়ই আগলে রাখেন সতীর্থদের। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। সাকিবের ক্যাচ হাতছাড়াটা খেলার অংশ মনে করছেন মাশরাফি, ‘এটা খেলার অংশ। এ নিয়ে কিছু করার নেই। ম্যাচে ক্যাচ ড্রপ হতেই পারে।’
সাকিব সাধারণত পয়েন্টে ফিল্ডিং করেন না। এই জায়গাটা সামাল দেওয়ার দায়িত্ব থাকে সাব্বির হোসেন কিংবা নাসির হোসেনের মতো ফিল্ডারদের। ওই সময় কেন সাকিবকে আনা হলো পয়েন্টে? পরিস্থিতির দাবি মেনেই বাঁহাতি অলরাউন্ডারকে পয়েন্টে রাখা হয়েছিল বলে জানালেন মাশরাফি, ‘ওখানে রুম্মন (সাব্বির) বা নাসির ফিল্ডিং করে থাকে। ডেথ ওভারে, বিশেষ করে ১২-১৩ ওভারের পর মূল ফিল্ডাররা গুরুত্বপূর্ণ জায়গা যেমন-লং অন, লং অফ, মিড উইকেটে চলে যায়। এই সময় ওই জায়গাগুলোয় বেশি সুযোগ তৈরি হয়। যেহেতু পেসার (তাসকিন) বোলিং করছিল, ওই সময় পয়েন্টে একজন ভালো ফিল্ডার রাখতেই হতো। সাকিব অবশ্যই আমাদের দলের অন্যতম সেরা ফিল্ডার। সে ক্যাচ হাতছাড়া করেছে বলে এখন এমন কথা হচ্ছে।’
সাকিবের ক্যাচ হাতছাড়ার দিনে নিষ্প্রভ ছিলেন দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিয়েছেন ৪০ রান, উইকেট পাননি একটিও। টি-টোয়েন্টিতে এ পর্যন্ত এটাই সবচেয়ে ব্যয়বহুল বোলিং মুস্তাফিজের। বাঁহাতি পেসারের ব্যর্থতার পেছনে মাশরাফির যুক্তি, ‘মুস্তাফিজের কাটারগুলো গ্রিপ করছিল না। বল কিছুটা ভেজা ছিল। তাই গ্রিপ করার সুযোগ কম ছিল। ওখানেই সমস্যাটা হয়েছে।’
টি-টোয়েন্টি খেলাটা এমনই, সূক্ষ্ম ভুল গড়ে দেয় বিরাট পার্থক্য। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে পেয়ে ভালোই হয়েছে। খারাপ করলে সুযোগ থাকবে ফিরে আসার।’
পরাজয় অবশ্যই হতাশার। তবে এই হারে মাশরাফিদের সব শেষ হয়ে যাচ্ছে না। সুযোগ থাকছে ঘুরে দাঁড়ানোর, ভুলগুলো শুধরে নিয়ে টুর্নামেন্টে ফেরার।