সাকিবকে আগেই বলেছিলেন তামিম

বাংলাদেশের পক্ষে তিন সংস্করণের ক্রিকেটেই এত দিন সর্বোচ্চ ইনিংস ছিল তামিম ইকবালের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রেকর্ড করেছেন আরও আগেই। ২০১৫ সালের এপ্রিলে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানের ইনিংস খেলে পরে নিয়েছিলেন ‘ত্রিমুকুট’। কিন্তু শেষ মুকুটটাই মাথায় থাকল সবচেয়ে কম সময়। বেসিন রিজার্ভে কাল ২১৭ রানের ইনিংস খেলে তামিমের ২০৬-কে পেছনে ফেলে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন তাঁর।
তামিমের তাতে খুব একটা আফসোস আছে বলে মনে হলো না। বরং সাকিবের ইনিংস ২০৬ পার হওয়ার পর ড্রেসিংরুম থেকে সবার আগে তামিমই হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। মাঠ থেকে সাকিবও নাকি সেটা দেখেই বুঝেছেন, রেকর্ডটা এখন তাঁর। এর আগ পর্যন্ত সাকিবের ধারণা ছিল, তামিমের ডাবল সেঞ্চুরির ইনিংসটা ২১৪ রানের।
মাঠ থেকে হোটেলে ফেরার পর সন্ধ্যায় রেকর্ড হারানোর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলো তামিমের কাছে। কিন্তু তামিমের কাছে যে নিজের রেকর্ড হারানোটা কিছুই নয়, সাকিবের রেকর্ড করাটাই বড়! ‘২০৬ রান করার দিনই বলেছিলাম, রেকর্ড হয় ভাঙার জন্য। এটাও বলেছি, দেখবেন এই রেকর্ড অল্প কদিনের মধ্যেই কেউ ভেঙে ফেলবে। সাকিব (আজ) সেটাই করে দেখাল। ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি যে নতুন রেকর্ডটা সাকিব করেছে। চা-বিরতিতে সাকিব যখন ড্রেসিংরুমে এল, তখন আমি ওকে বলেছিলাম, আজই সুযোগ কিছু করার। ডাবল সেঞ্চুরিটা যেন করে আসে’—বলছিলেন তামিম।
ড্রেসিংরুম থেকে সাকিবের ব্যাটিং দেখে সীমা ছাড়িয়ে গেছে তামিমের মুগ্ধতা, ‘এমন পরিণত ব্যাটিং আমি কমই দেখেছি। এটা তার সেরা ইনিংস। আমার বিশ্বাস, এভাবে খেলতে থাকলে নিজের রেকর্ড একদিন সাকিব নিজেই ভাঙবে।’ নিজে ডাবল সেঞ্চুরি না পেলেও সাকিবের ডাবল সেঞ্চুরির ইনিংসের সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম। চোট থেকে ফিরেই তাঁর এমন ব্যাটিং অনুপ্রাণিত করছে তামিমকে, ‘মুশফিকের ইনিংসটাকে আমি অন্য উচ্চতায় রাখব, কারণ চোট থেকে ফিরে প্রথম ম্যাচেই সে ১৫৯ রান করল। অনেকে বুঝবেন না, কিন্তু আমরা জানি চোট থেকে ফিরেই ভালো ব্যাটিং করা কতটা কঠিন।’
মুশফিক-তামিমের অবিশ্বাস্য ব্যাটিং আর বাংলাদেশ দলের ৫৪২ রানের চূড়ায় উঠে যাওয়ার পেছনে তামিমের এনে দেওয়া অসাধারণ শুরুরও একটা ভূমিকা আছে। তবে তামিম নিজের ইনিংসের কথা না বলে বললেন মুমিনুলের ৬৪ রানের কথা, ‘মুমিনুলের ৬৪-কে আমি দেড় শ বা দুই শ রানের মর্যাদা দেব। কারণ ও যে কন্ডিশনে খেলে এই রান করেছে, সেটা খুব কঠিন ছিল। ওই সময়টা সে পার করে দেওয়াতেই পরের দিকে অন্যদের খেলাটা সহজ হয়েছে।’