সাকিবকে চেয়েছিল চার ফ্র্যাঞ্চাইজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইকনরা কে কোথায়
আইকনরা কে কোথায়

আইকন খেলোয়াড় ছয়জন। কিন্তু সাকিব আল হাসান যেন হয়ে উঠলেন আইকনদেরও ‘আইকন’! বিপিএলের প্লেয়ারস ড্রাফটে কাল বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজির চোখ ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের দিকে। তবে গভর্নিং কাউন্সিল খেলোয়াড় বাছাইয়ের যে নিয়ম করে দিয়েছিল, তাতে চোখ থেকেও লাভ ছিল না। সাকিবকে পেতে জিততে হতো লটারি।

লটারি জিতে সবার আগে ছয় আইকন থেকে খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পেল রংপুর রাইডার্স। এরপর যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ানস, বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস, সিলেট সুপারস্টারস ও ঢাকা ডায়নামাইটস। কিন্তু লটারিতে ১ নম্বর হয়ে রংপুর রাইডার্স অন্যদের সুযোগ দেবে কেন! তারা দলে টেনে নিল সাকিবকে। সাকিবের দিকে চোখ থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস দ্বিতীয় সুযোগে নিয়ে নিল মাশরাফি বিন মুর্তজাকে।

এভাবেই একে একে মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও নাসির হোসেনের ঠিকানা হয়েছে যথাক্রমে বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস, সিলেট সুপারস্টারস ও ঢাকা ডায়নামাইটস।

সাকিবকে পেয়ে দারুণ খুশি রংপুর রাইডার্সের মালিক মোস্তফা রফিকুল ইসলাম, ‘আমরা সাকিবকেই চাচ্ছিলাম। আমাদের বিরাট সৌভাগ্য এবং অর্জনই বলব যে সাকিবকে পেয়ে গেলাম। দল নিয়েও আমরা খুব সন্তুষ্ট।’

লটারি হয়ে যাওয়ার পর অবশ্য সাকিবকে না-পাওয়া নিয়ে আফসোস করলেন না কেউ। সিলেট সুপারস্টারসের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম জানালেন, তাঁরা মনে মনে মুশফিকুর রহিমকেই চাচ্ছিলেন, ‘আমরা খুবই খুশি। প্রত্যাশা অনুযায়ী দল পেয়েছি। সব সময় বলে এসেছি মুশফিকের মতো আইকনকে আমরা চাই। ওকে পেয়েই আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট।’

এবারের বিপিএলে নিজের অঞ্চলের ফ্র্যাঞ্চাইজিতে খেলার সৌভাগ্য হচ্ছে একমাত্র তামিম ইকবালের। চিটাগং ভাইকিংসের মালিক প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদও তামিমকে দলে পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন, ‘তামিমকে পেয়ে আমরা রোমাঞ্চিত। ওকেই চেয়েছিলাম, ওকেই পেয়েছি। যেভাবে দল করতে চেয়েছিলাম, সেভাবেই হয়েছে।’

বিসিবি সূত্রে জানা গেছে, রংপুর রাইডার্স ছাড়াও সাকিবকে পেতে আগ্রহী ছিল বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ঢাকা ডায়নামাইটস। সমঝোতার মাধ্যমে সাকিবকে দলে টানতে একটি ফ্র্যাঞ্চাইজি নাকি আইকন খেলোয়াড়দের লটারি না করার জন্যও চাপ দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলকে!