
সেঞ্চুরি ও ১০ উইকেট। গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টের পারফরম্যান্স ইয়ান বোথাম ও ইমরান খানের পাশে বসিয়েছিল সাকিব আল হাসানকে। ওই ম্যাচের পর ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্ট অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। ঠিক এক বছর এক মাসের মাথায় কাল আবার পরিবর্তন এল টেস্ট অলরাউন্ড র্যা ঙ্কিংয়ের শীর্ষে। এবার সাকিবকে সরিয়ে টেস্ট অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন অশ্বিন।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত জুলাইয়ে। অন্যদিকে ভারত নিয়মিতই খেলেছে টেস্ট। এই সময়ে খেলা ভারতের প্রতিটি টেস্ট শেষেই কমেছে সাকিব ও অশ্বিনের ব্যবধান। দিল্লি টেস্টের আগে সাকিব এগিয়ে ছিলেন ৮ পয়েন্টে। কাল প্রকাশিত সর্বশেষ র্যা ঙ্কিংয়ে অশ্বিন এগিয়ে গেছেন ২২ পয়েন্টে।
দিল্লিতে একমাত্র ইনিংসে ৫৬ রান ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অশ্বিনকে উঠিয়েছে ৪৬ নম্বরে। বোলিংয়ে দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ডেল স্টেইনকেও হুমকির মুখে ফেলেছেন ভারতীয় অফ স্পিনার। বিশ্বের এক নম্বর বোলারের চেয়ে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে অশ্বিন।
ব্যাটসম্যানদের র্যা ঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন স্টিভেন স্মিথ ও জো রুট। ৫ পয়েন্ট পিছিয়ে দুইয়ে এবি ডি ভিলিয়ার্স। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।
টেস্টে শীর্ষ পাঁচ অলরাউন্ডার
রেটিং
১ (+১) রবিচন্দ্রন অশ্বিন ৪০৬
২ (-১) সাকিব আল হাসান ৩৮৪
৩ (-) স্টুয়ার্ট ব্রড ৩১৫
৪ (-) ভারনন ফিল্যান্ডার ২৯৮
৫ (-) মিচেল স্টার্ক ২৬০