সাকিবকে ডাকছেন বোথাম-ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হু রাইটস ইয়োর স্ক্রিপ্ট?’
ক্রিকেট ইতিহাসে প্রশ্নটা বিখ্যাত হয়ে আছে গ্রাহাম গুচের সৌজন্যে। তিন মাসের নিষেধাজ্ঞা শেষ করে টেস্ট ক্রিকেটে ফিরেছেন ইয়ান বোথাম। ফিরে প্রথম বলেই উইকেট। যেটিতে আবার ছুঁয়ে ফেলেছেন ডেনিস লিলির ৩৫৫ উইকেটের বিশ্ব রেকর্ড। বোথামের বলে ব্রুস এডগারের ক্যাচটি নিয়ে গ্রাহাম গুচের বিস্ময় তাই আর বাঁধ মানল না। বোথামকে প্রশ্নটা করেই বসলেন, তোমার পাণ্ডুলিপি কে লেখে হে?
সাকিব আল হাসানকেও প্রশ্নটা করতে ইচ্ছা করছে। সাকিব, আপনার পাণ্ডুলিপিটা কে লেখেন? যে পাণ্ডুলিপি বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে সাধারণ গল্প-উপন্যাস নয়, রীতিমতো রূপকথা। শুধু বাংলাদেশের ক্রিকেটেই আটকে থাকছি কেন! ইয়ান বোথামও তো এখানে সাকিবের পেছনে পড়ে যাচ্ছেন।
বোথামের ওই ‘প্রত্যাবর্তন টেস্ট’ ১৯৮৬ সালে ওভালে। যেটিতে প্রথম বলে উইকেট নেওয়ার কিছুক্ষণ পরই আরেকটি উইকেট নিয়ে ইংলিশ অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে যান। পরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি। সাকিবের প্রত্যাবর্তন তো এর চেয়েও সাড়ম্বরে। ঢাকা টেস্টে ফিরেই ইনিংসে ৬ উইকেট। খুলনায় সেঞ্চুরির পর আবারও ইনিংসে ৫ উইকেট। এই ছেলে অন্য ধাতুতে গড়া, এটা অনেক আগেই পরিষ্কার। তার পরও বিস্ময় যায় না। কীভাবে পারেন সাকিব?
শুধু মাঠের ক্রিকেটই আলোচ্য হলে সেটির মাত্রাটা এমন তীব্র হতো না। সাকিবের লড়াইটা তো শুধু প্রতিপক্ষের ব্যাটসম্যান বা বোলারদের সঙ্গেই ছিল না, ছিল পারিপার্শ্বিকতার সঙ্গেও। সীমাহীন চাপের সঙ্গেও। সেই চাপ কমানোর চেষ্টার বদলে নানা তরফে উল্টো সেটি বাড়িয়ে দেওয়ার কাজটা গত কিছুদিন নিয়মিতই হয়েছে। মাঠে নামার আগেই তাই আরও বড় লড়াইয়ে জিততে হয়েছে সাকিবকে।
ইয়ান বোথামের নিষিদ্ধ হওয়ার সুনির্দিষ্ট কারণ ছিল। গাঁজা টেনেছিলেন। সেটি আবার পত্রিকায় নিজের কলামে ঘোষণার মতো করে জানিয়েও দিয়েছিলেন সবাইকে। বোথামকে নিষিদ্ধ না করে তাই ইংলিশ ক্রিকেট বোর্ডের উপায় ছিল না। এত বছর পরও বোথামের ‘অপরাধ’টা যেমন পরিষ্কার বলে দিতে পারছি, সাকিবের ক্ষেত্রে এখনই তো তা পারছি না। ক্রিকেট বোর্ড তাঁকে নিষিদ্ধ করেছিল ঠিকই, কিন্তু ঠিক কী অপরাধে সুনির্দিষ্টভাবে কি তা বলা হয়েছে?
‘নিষিদ্ধ’ থাকার সময়টাতেও তাঁকে নিয়ে এত বিচিত্র সব কথাবার্তা হয়েছে যে, সেসবে কান না দিয়ে নিজেকে ফেরার জন্য তৈরি রাখার কাজটা খুব সহজ ছিল না। যদিও সাকিবের রাজার মতো ফেরাটা সেটিকে ‘সহজ’ বলে ভুল করানোর অবকাশ রাখছে।
ওয়ানডের পর টেস্ট অলরাউন্ডারের র্যা ঙ্কিংয়েরও শীর্ষে থাকার স্বাদ পেয়েছেন। এই প্রত্যাবর্তন সিরিজের পর আবারও সেখানে প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন রীতিমতো জ্বলজ্বলে। মোট রান আর উইকেট তো অবশ্যই মূল মানদণ্ড। তবে অলরাউন্ডার সামর্থ্য বোঝাতে রেকর্ড বইয়ের আরেকটি পাতাও খুব গুরুত্ব পায়। যেটিতে একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেটের যুগলবন্দীর জয়গান। সাকিব সেই দলে ঢুকে গেছেন বছর তিনেক আগেই। আগে থেকেই ২০ জন ছিলেন। পরে যোগ হয়েছেন বাংলাদেশেরই আরেকজন—সোহাগ গাজী।
খুলনা টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেটের সেই কীর্তির পুনরাবৃত্তি করে এই অভিজাত দলের মধ্যে আরেকটু অভিজাত এক উপদলের সদস্যপদ পেয়ে গেলেন সাকিব। ব্যাটে-বলে কোনো টেস্টে আলো ছড়ানোর এই কাজটা সাকিবের আগে একাধিকবার করতে পেরেছেন মাত্র চারজন। ইয়ান বোথাম পাঁচ-পাঁচবার! গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ ও জ্যাক ক্যালিস সাকিবের মতোই দুবার করে।
এবার কি তাহলে ইয়ান বোথামকে ছোঁয়ার চ্যালেঞ্জ? সেটি অনেক দূরের পথ। আরেকটি বড় অর্জন বরং সাকিবের দৃষ্টিসীমায়। ঢাকা টেস্টের প্রথম দিন ৬ উইকেট নেওয়ার পর হঠাৎ কী ভেবে সাকিবকে তা জানিয়ে দিয়েছিলাম। কথোপকথনটা ছিল এ রকম—
-সাকিব, অলরাউন্ডারদের মধ্যে একটা কীর্তি আছে শুধু ইয়ান বোথাম ও ইমরান খানের।
-কী সেটা?
-একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট।
-ভালো হলো। জানা থাকল।
-নতুন টার্গেট সেট করে ফেললেন নাকি?
সাকিব মৃদু হাসেন, ‘সামনে একটা কিছু থাকলে ভালোই হয়।’
সেই সম্ভাবনা নিয়ে এত তাড়াতাড়ি আলোচনা করা যাবে, এতটা সাকিব নিজেও ভেবেছিলেন কি না সন্দেহ! দুই-তৃতীয়াংশ তো করা হয়েই গেছে। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিতে পারলেই বাকি এক-তৃতীয়াংশ হয়ে যায়। খুব কি কঠিন কিছু? পঞ্চম দিনের উইকেট তো সাকিবের পক্ষ নিতে ব্যগ্র অপেক্ষাতেই থাকবে।
তার পরও কঠিন। ইনিংসে ৫ উইকেট তো আর বলে-কয়ে নেওয়া যায় না। শুধু তিনি সাকিব বলেই মনে হয়, কে জানে, আজ হয়েও যেতে পারে!