সাকিবকে নিয়ে বিভ্রান্ত মাশরাফি
আগের রাতেও কুমিল্লা ভিক্টোরিয়ানসের রণপরিকল্পনার অনেকটা জুড়ে ছিলেন রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসান। সকালে দলটি জানল, এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের না থাকাটা যেকোনো দলের জন্যই স্বস্তির। কুমিল্লা স্বস্তি নিয়েই মাঠে নেমেছিল।
এর প্রভাব পড়ল ম্যাচেও। রংপুরকে ৯ উইকেটে উড়িয়ে দিল মাশরাফি বিন মুর্তজার দল। উইকেটের ব্যবধানে বিপিএলে এখনো পর্যন্ত বৃহত্তম জয়। সাকিবের অনুপস্থিতি কাজে লাগলেও নিজেদের পারফরম্যান্সকেই বড় করে দেখতে চাইলেন মাশরাফি, ‘সাকিব না থাকা মানে প্রতিপক্ষের জন্য স্বস্তি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সে সেরা। তবে আজ আমরা যেভাবে খেলেছি জয়টা আমাদের পাওনাই ছিল।’
সাকিব-প্রসঙ্গ এখানেই শেষ হচ্ছে না। গত দুই বছরের মধ্যে শৃঙ্খলাগত কারণে এই নিয়ে তিনবার নিষিদ্ধ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কাল সিলেট সুপার স্টারসের বিপক্ষে আম্পায়ার তানভীর আহমদের সঙ্গে ওভাবে কেন বিতণ্ডায় জড়ালেন, বুঝতে পারছেন না মাশরাফিও, ‘সাকিব এমন নয়। মাঠে সে এমন প্রতিক্রিয়া দেখায় না। সাকিবের আগের নিষেধাজ্ঞা ছিল একরকম। এটা আরেক রকম। একজন খেলোয়াড় তিন-চারবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলে প্রশ্নটা এসে যায়। ব্যক্তিগতভাবে আমিও বিভ্রান্ত। তবে নিশ্চিত, সে এগুলো করতে চায় না। মানুষ হিসেবে একেকজনের প্রতিক্রিয়া একেক রকম হয়। ও হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এদিন। দুর্ভাগ্য সাকিবের, দুর্ভাগ্য দলের। সেরা খেলোয়াড়টি নিষিদ্ধ হলে দলই বেশি ক্ষতিগ্রস্ত হয়।’
মানুষ ভুলের আগুনে পুড়ে শুদ্ধ হয়। সাকিবও ভুল থেকে শিক্ষা নেবেন, এমন প্রত্যাশা মাশরাফির, ‘সবকিছুরই নিয়ম আছে। নিয়মের বাইরে গেলে অবশ্যই শাস্তি পেতে হয়। বড় বড় খেলোয়াড়ের ক্ষেত্রেও এটা হয়েছে। ওই সময় হয়তো নিজের উত্তেজনা ধরে রাখতে পারেনি। মানুষ ভুল থেকে শেখে। আশা করি, সে এখান থেকে দ্রুত ফিরে আসবে।’
কেবল সাকিবই নয়, এবার বিপিএলে দেখা যাচ্ছে বাংলাদেশ দলের খেলোয়াড়েরাই বেশি বিতর্কে জড়াচ্ছেন। মাঠে উত্তেজনা ছড়াচ্ছেন। দুই দিন আগে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে বরিশাল বুলসের পেসার আল আমিনের জরিমানা হয়েছে ৪০ হাজার টাকা। একই অপরাধে সিলেটের পেসার মোহাম্মদ শহীদের হয়েছে ৩০ হাজার টাকা। জাতীয় দলের খেলোয়াড়দের এই আচরণগত সমস্যা নিয়ে মাশরাফির পর্যবেক্ষণ, ‘এটা একেকজনের বেলায় একেক রকম হয়। অনেক সময় একটা ভুল আউট না আউট না দিলে, কীভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে, খেলোয়াড়ের ওপর নির্ভর করে। কাল ম্যাচের এমন পরিস্থিতি ছিল, সাকিবরা ম্যাচটা হারতেও পারত। সেখান থেকে জিতে গেছে। আসলে সবাই মানুষ। যেকোনো কিছু হতে পারে। আজ সাকিবকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। দুই দিন আগে আল আমিন-শহীদকে জরিমানা করা হয়েছে। ভুলের জন্যই শাস্তি। ফলে এটা যত কম করা যায়, ততই ভালো।’
মাশরাফির বার্তা নিশ্চয়ই বুঝতে পারছেন খেলোয়াড়েরা। মাঠের লড়াইয়ে উত্তেজনা থাকে। তবে সবকিছু সীমার মধ্যে থাকলেই খেলাটা উপভোগ্য আর সুন্দর হয়।