সাকিবকে নিয়ে মুশফিক হারালেন নিজেকেই

>বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন সাকিব-মুশফিক।
‘দারুণ কিছু’ উপহার দেওয়ার প্রত্যয় নিয়েই বিশ্বকাপ গেছেন মুশফিকুর রহিম। সাকিব নিজেকে দিতে চান শতভাগ উজাড় করেই। চোখে-মুখে এক ধরনের প্রতিজ্ঞা। বিশ্বকাপে এ দুজনের পদচারণাও শুরু দারুণভাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ওভালে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুজন।
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে স্বপ্ন ছোঁয়ার সে ম্যাচে মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিম পঞ্চম উইকেটে গড়েছিলেন ১৪১ রানের জুটি। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে সেই রেকর্ড ভাঙলেন সেই মুশফিকই, এবার সঙ্গী হলেন সাকিব আল হাসান।
রেকর্ড গড়া এ জুটির পথে তাঁরা ভেঙেছেন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এর আগে এই উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ৯০ রানের। গত ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের সঙ্গে এই জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ। বলাই বাহুল্য, গত বিশ্বকাপে রেকর্ড গড়া এই দুই ম্যাচেই শতরান করেছিলেন মাহমুদউল্লাহ।
ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে সাকিব আল হাসান করেছেন ৭৫ রান। শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেও মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৭৩ রানে, সঙ্গী মোহাম্মদ মিঠুন অপরাজিত ২০ রানে।
২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতকে বিদায় করে দেওয়ার সেই ম্যাচে সাকিব আর মুশফিক দুজনই ফিফটি পেয়েছিলেন। দুজন গড়েছিলেন ৮৪ রানের জুটি। আজ ওভালে সাকিব-মুশফিকের জুটি সেই দিনটিকে দারুণভাবেই মনে করিয়ে দিল। কিন্তু কিশোর বয়সের মুশফিক-সাকিব কিন্তু হেরে গেলেন পরিণত সাকিব-মুশফিকদের কাছে!