সাকিবকে নিয়ে যে আলোচনা কোনো আলোচনাতেই নেই

অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকায় গেছেন সাকিব, কিন্তু নাটকের কী শেষ হয়েছে?ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরিয়নে কাল প্রশ্নটা দুবার শুনলেন তামিম ইকবাল। প্রথমবার সিরিজপূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে। পরেরবার সিরিজ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান কয়েক দিন আগে কথাপ্রসঙ্গে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় সাকিব আল হাসান চাইলে এক-দুই ম্যাচ বিশ্রাম নিতে পারেন। খুবই সাদামাটা কথা এবং কথাটা আসলে যেকোনো ক্রিকেটারের জন্যই প্রযোজ্য হতে পারে। তবু বিষয়টা নিয়ে কৌতূহলের বুদ্‌বুদ তৈরি হলো।

কাল তামিমকে যে প্রশ্ন ঘণ্টা তিনেকের ব্যবধানে দুবার শুনতে হলো, সেটি এ প্রসঙ্গেই। সভাপতি যা বলেছিলেন, সে রকম কিছুই হবে নাকি? সাকিব দু-এক ম্যাচে খেলবেন না! আজ থেকে শুরু ওয়ানডে সিরিজের সব ম্যাচে সাকিব ‘অ্যাভেইলেবল’ তো!

তামিম দুবারই একই উত্তর দিয়েছেন, যার সারমর্ম, অন্তত তাঁর কাছে এ রকম কোনো বার্তা নেই যে সাকিব দু-এক ম্যাচে বিশ্রাম নেবেন। অথবা তাঁকে বিশ্রাম দিতে হতে পারে। কারণ, না বোর্ড সভাপতি, না সাকিব—কেউই তামিমকে এ রকম কিছু বলেননি। তামিম উল্টো জানালেন, সাকিব সিরিজের সব ম্যাচের জন্যই ‘অ্যাভেইলেবল’। বিষয়টাকে আরও হালকা করে দিতেই হয়তো পরে আরেক প্রসঙ্গে অধিনায়ক বলেছেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো...।’

সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকায় সব ম্যাচ খেলবেন তো?
প্রথম আলো ফাইল ছবি

তবে এরপরও সাকিবকে কোনো কারণে বিশ্রামে যেতে হতে পারে। হয়তো দুর্ভাগ্যবশত ছোটখাটো একটা চোটেই পড়ে গেলেন। আবার হয়তো কিছুই হলো না। তিনি সব ম্যাচে খেললেন। ভবিষ্যৎ কে আগে বলতে পারে!

কিন্তু প্রসঙ্গ যখন সাকিব, ভবিষ্যৎটাও যেন আগে জেনে নেওয়া চাই। কী করবেন, তাঁকে নিয়ে আলোচনাটাই যে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে মুখরোচক! কিছু হলেও, কিছু না হলেও।

বলা বাহুল্য, সে আলোচনার অগ্ন্যুৎপাত অনেক সময় সাকিবই ঘটিয়ে দেন। কখনো হয়তো না বুঝেই, অনেকের আবার ধারণা, কখনো তিনি এসব বুঝেশুনেও করেন। আসল ব্যাপারটা অবশ্য সবচেয়ে ভালো বলতে পারবেন সাকিব নিজে।

বাংলাদেশের ক্রিকেটে সাকিব মানেই এখন একটা ‘ভাইরাল’ ব্যাপার। অনলাইন আর সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে তো রীতিমতো উসকানিমূলক এক নামই হয়ে উঠেছেন ‘সাকিব’! তিনি ভালো কিছু করলেও হিট, খারাপ কিছু করলেও হিট। বলতে পারেন বাংলাদেশের একমাত্র নিন্দিত ও নন্দিত চরিত্র, যাঁকে আপনি চাইলেই সমালোচনার ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে পারেন, আবার চাইলেই পারবেন প্রশংসার গোলাপজলে ভেজাতে। সাকিবও অহরহ দুই রকম উপলক্ষই দিয়ে যাচ্ছেন, হয়তো যাবেনও।

এখন যখন তিনি দলের সঙ্গে আছেন, জোহানেসবার্গে যেদিন সকালে এসে পৌঁছেছেন, সেদিনই দুপুরে দলের সঙ্গে অনুশীলন করলেন, তখন তো পরবর্তী আলোচনাটা হওয়া উচিত মাঠে তাঁর কাছে কী প্রত্যাশা সেটি নিয়ে, বিশেষ করে সাকিব যখন দক্ষিণ আফ্রিকায় কখনোই তেমন সফল নন।

সে জন্যই বিসিবি এবং সাকিব নিজেও উপসংহারে পৌঁছে যাওয়ার পরও দক্ষিণ আফ্রিকা সফর থেকে সাকিবের বিশ্রামের প্রসঙ্গ একটা ছোটগল্প হয়ে থাকছে। শেষ হয়েও হয় না শেষ! কারণ, মাঠ এবং মাঠের বাইরে সাকিবকে নিয়ে একবার খবর মানেই ‘ফলোআপ আরও কিছু আসছে। বিতর্ক অথবা পরিস্থিতি ‘ইউটার্ন’ নিয়ে ‘বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান’ টাইপ কিছুও হয়ে যেতে পারে। কাজেই এ ব্যাপারে খোঁজখবর রাখা একটি নিরন্তর প্রক্রিয়া।

সমস্যা হলো সাকিবকে নিয়ে নেতিবাচক শিরোনাম হতে হতে ব্যাপারটা এই পর্যায়ে এসে ঠেকেছে যে আজ থেকে শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাট-বল হাতে তাঁর সম্ভাব্য ভূমিকাটা নিয়েই কোনো আলোচনা নেই। সাকিব এই সিরিজ থেকে বিশ্রাম চাওয়ায় স্বাভাবিকভাবেই একটা হইচই পড়ে গিয়েছিল।

কিন্তু এখন যখন তিনি দলের সঙ্গে আছেন, জোহানেসবার্গে যেদিন সকালে এসে পৌঁছেছেন, সেদিনই দুপুরে দলের সঙ্গে অনুশীলন করলেন, তখন তো পরবর্তী আলোচনাটা হওয়া উচিত মাঠে তাঁর কাছে কী প্রত্যাশা সেটি নিয়ে, বিশেষ করে সাকিব যখন দক্ষিণ আফ্রিকায় কখনোই তেমন সফল নন। কিন্তু সে আলোচনা কোথায়!

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেকের পর এর আগে যে দুবার বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফর করেছে, দুবারই ছিলেন সাকিব। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২০০৮ ও ২০১৭ সালে অনুষ্ঠিত সে দুটি সিরিজই ছিল পূর্ণাঙ্গ। তবে ২০১৭ সালের সফরে টেস্ট খেলেননি সাকিব। এই দুই সিরিজের বাইরে দক্ষিণ আফ্রিকায় সাকিব খেলেছেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কিন্তু মনে রাখার মতো তেমন ভালো পারফরম্যান্স ছিল না কোনো ম্যাচেই।

দক্ষিণ আফ্রিকায় ব্যাট ও বল হাতে সাকিবের পারফরম্যান্সই হওয়া উচিত মূল আলোচ্য
ফাইল ছবি

এক বাক্যে বললে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে সাকিবের পারফরম্যান্সটা এ রকম—দুই টেস্টে ফিফটি নেই একটিও, পাঁচ ওয়ানডে খেলে দুটি ফিফটি করলেও বাকি ইনিংসগুলোয় তাঁর রান ৩০-ও স্পর্শ করেনি, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস ২০০৭ বিশ্বকাপে করা ১৯।

বল হাতে অবশ্য টেস্টে কিছুটা সাফল্য আছে। দুই টেস্টেই আছে ইনিংসে ৫ বা তার বেশি উইকেট। ওয়ানডে আর টি-টোয়েন্টির বোলিং পারফরম্যান্স সে তুলনায় একেবারেই সাদামাটা। ২ উইকেটের বেশি পাননি কোনো ম্যাচেই।

এবার সেই সাকিবের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে যখন এতই জলঘোলা হলো, পরের কৌতূহলটা তাঁর পারফরম্যান্স নিয়েই হওয়া উচিত। পূর্ণশক্তির বাংলাদেশ দল বললে তার অনেকটা জুড়েই বোঝায় সাকিবের উপস্থিতি। তাঁকে দলে পাওয়া মানে একই সঙ্গে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান এবং একজন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনারকে পেয়ে যাওয়া।

কিন্তু দক্ষিণ আফ্রিকায় সাকিবের অতীত এবং এখানকার উইকেটের ধরনের কারণেই বোলার সাকিবের কাছে বেশি কিছু আশা করা বাড়াবাড়ি হয়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তো বলেই দিয়েছেন, নিজেদের কন্ডিশনের সুবিধা নিতে এক বিন্দু ছাড় দেবেন না তাঁরা।

কাজেই পেসারদের বিশ্রাম দিতে আর প্রতিপক্ষের ব্যাটসম্যানদের খানিক বৈচিত্র্য ‘উপহার’ দিতেই হয়তো বল হাতে নেবেন সাকিব। তা থেকে ভালো কিছু হয়ে গেলে সেটা বোনাস। এই সিরিজে সাকিবের কাছে কিছু চাওয়ার থাকলে সেটা বরং ব্যাটিংয়ে চাইলেই ভালো।

সে আশা হয়তো সাকিবও বৃথা যেতে দেবেন না। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে তাঁর যা একটু সুখস্মৃতি, সে তো ওই ব্যাট হাতেই! যে দুটি ফিফটি করেছেন, তার দ্বিতীয়টি এসেছে ২০১৭ সালে খেলে যাওয়া সর্বশেষ সিরিজের সর্বশেষ ম্যাচে।

২০১৯ বিশ্বকাপে ওভালের যে ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল, সেটিতেও আলো ছড়িয়েছিলেন ব্যাটসম্যান সাকিব। বাংলাদেশের ৩৩০ রানে বড় অবদান ছিল মুশফিকুর রহিমের ৭৮ ও সাকিবের ৭৫ রানের ইনিংস দুটির। তৃতীয় উইকেটে তাঁদের ১৪২ রানের জুটিটাই বড় রানের ভিত গড়ে দিয়েছিল সেদিন।

বাংলাদেশ দলের কাছে দক্ষিণ আফ্রিকা সফরের অন্য নাম হতাশা। অধিনায়ক তামিম ইকবাল অবশ্য কাল ঘোষণার মতো করেই বলেছেন, আফ্রিকার মাটিতে এবার তাঁরা ভাগ্য বদলাতে চান। সে জন্য পূর্ণশক্তির দল তো তাঁর সঙ্গেই আছে, এখন শুধু চাই সাকিবের পূর্ণদ্যুতিতে জ্বলে ওঠা।

ছোটগল্পটা তাহলে যদি শেষ হয়!