সাকিবকে নিয়ে সংশয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রণার ছাপটা পরশু ইনডোরেই ফুটে উঠছিল চোখেমুখে। আইসপ্যাক চেপে ধরে রেখেছিলেন বাঁ ঊরুর ওপর। সাকিব আল হাসানের সেই ব্যথা কাল পর্যন্তও সারেনি। মিরপুরে অনুশীলনে এসেও হাঁটছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। অনুশীলন শেষ করে বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়ার আগে সাকিবের চোট নিয়ে বিস্তারিত জানালেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। যার সারমর্ম, চোট খুব গুরুতর নয়।
চোট নিয়ে ফিজিওর বক্তব্য পরিষ্কার, ‘সাকিব গতকাল (পরশু) অনুশীলনে ব্যথা পেয়েছে। ওর বাঁ ঊরুর পেশিতে বল লেগেছে, এটাকে আমরা কন্টিউশন ইনজুরি বলি। তবে এখন ও ভালো। আগামীকালের (আজ) খেলা নিয়ে টেনশন নেই। তার আগেই সুস্থ হয়ে উঠবে আশা করি।’ শেরেবাংলা স্টেডিয়ামে কাল ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশ দলের। সাকিব দলের সঙ্গে এলেও তাঁকে অনুশীলন না করার পরামর্শ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবু চোটের অবস্থা বুঝতে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়েই ব্যাটিং প্র্যাকটিস করতে নামলেন ইনডোরের বাইরের নেটে। কিন্তু দু-তিনটি বল খেলেই সমস্যা বোধ করায় উঠে এলেন। আবার খুঁড়িয়ে খুঁড়িয়েই চলে গেলেন ড্রেসিংরুমের দিকে। এবার তাঁর সঙ্গী হলেন ফিজিও বায়েজিদও।
ফিজিও অবশ্য জানিয়েছেন, এ ধরনের চোট সারতে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মতো সময় লাগে। চোট পাওয়ার পর কাল ২৪ ঘণ্টাও পার হয়নি বলেই কিছুটা ব্যথা তখনো ছিল। সাকিব ব্যাটিং থেকে উঠে আসেন সে কারণেই। ফিজিও বলছিলেন, ‘আজ (গতকাল) নতুন করে কোনো ব্যথা পায়নি সাকিব। আশা করছি ৪৮ ঘণ্টার মধ্যেই ঠিক হয়ে যাবে।’ আর যদি কিছুটা ব্যথা থেকেও যায়, প্রয়োজনে ব্যথানাশক ইনজেকশন নিয়েও খেলা সম্ভব। তবে সে সিদ্ধান্তটা হবে আজ খেলার আগে পরিস্থিতি বুঝে।