সাকিবকে পেয়ে স্বস্তিতে মুমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আজ শেরেবাংলা স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

প্রশ্নটা শুনেই হেসে উঠলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। হাসি মুখে নিয়েই বললেন, 'এত দেরি হলো প্রশ্নটা করতে! আমি তো ধরেই নিয়েছিলাম, শুরুতেই পাঁচ-ছয়টা প্রশ্ন থাকবে এই বিষয়ে।’

প্রশ্নটা ছিল অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। সাকিবের ফেরাটা কীভাবে দেখছেন অধিনায়ক মুমিনুল?

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুমিনুল। সেখানেই সাকিবকে নিয়ে প্রশ্নে মুমিনুল বলেন, ‘অবশ্যই তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য স্বস্তির বিষয়। সাকিব ভাই থাকলে দলে ভালো ভারসাম্য তৈরি হয়। ভালো দিক আমাদের জন্য। অনেক অভিজ্ঞ ক্রিকেটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার।’

টেস্ট দলে সাকিবের না থাকাটা কত বড় ধাক্কা, গত নভেম্বরে ভারত এবং এ বছরের শুরুতে পাকিস্তান সফরে সেটি হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। গত বছর ভারত সফরের ঠিক আগেই এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। সাকিবের জায়গায় টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল।

সবকিছুই ঘটেছিল ভোজবাজির মতো। কিছু বুঝে ওঠার আগেই ভারত সফরের ১০ দিন আগে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ওঠে নতুন অধিনায়কের কাঁধে। কোচ রাসেল ডমিঙ্গোও চাকরিতে নতুন। অধিনায়কত্বের কাজটা সহজ করার জন্য তেমন কেউই ছিল না মুমিনুলের পাশে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চোটে পড়ার আগে সাকিবের খুলনার মুখোমুখি হয়েছিলেন চট্টগ্রামের হয়ে খেলা মুমিনুল। ম্যাচের মধ্যে দুজনের আলাপচারিতার এক মুহূর্ত
ছবি: প্রথম আলো

সেই ভারত সিরিজে বাংলাদেশ টেস্ট দলের ভরাডুবি হলো। এক মাসের মাথায় পাকিস্তান সফরে গিয়েও একই চিত্র। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট জিতে অবশ্য এ বছরের শুরুটা কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল।

এই সময়ে একবারও টেস্ট দলে চার অভিজ্ঞ ক্রিকেটারকে একসঙ্গে একাদশে পাননি মুমিনুল।

সাকিব, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকলে অধিনায়কের কাজটা কিছুটা হলেও সহজ হয়ে যায়।

ভারত সিরিজে ছিলেন না তামিম। পারিবারিক কারণে ছুটি নেন এই অভিজ্ঞ ওপেনার। পাকিস্তান সিরিজ দিয়ে তামিম ফিরলেও ছিলেন না মুশফিক। নিরাপত্তার ঝুঁকির কারণে পাকিস্তান সফর যাননি তখন টেস্ট দলে একমাত্র ফর্মে থাকা এই অভিজ্ঞ ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে পরের টেস্টে আবার বাদ পড়েন মাহমুদউল্লাহ। এরপর থেকেই শুরু করোনার বিরতি।

সাকিবের ফেরায় খুশি হয়েছেন মুমিনুল হক
ছবি: প্রথম আলো

জানুয়ারি-ফেব্রুয়ারির ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবার টেস্ট ক্রিকেটে ফিরবেন মুমিনুলরা। এবার নিষেধাজ্ঞা কাটিয়ে আসা সাকিবকে দলে পেতে সমস্যা নেই। টেস্ট দলের দুই স্তম্ভ তামিম, মুশফিকও আছেন।

মাহমুদউল্লাহ শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে ছিলেন। সব ঠিক থাকলে তরুণ অধিনায়ক মুমিনুল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পেতে পারেন চার অভিজ্ঞ ব্যাটসম্যানকে।