সাকিবকে বিশ্রাম দিতে হবে, এমন বার্তা পাননি তামিম
সফরটা দক্ষিণ আফ্রিকায়। কিন্তু ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ দল মাত্র চার দিন অনুশীলনের সুযোগ পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বাউন্স ও গতির সঙ্গে মানিয়ে নিতে এটুকু সময়কে যথেষ্ট বলছেন না তামিম ইকবাল। তাই ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জের জন্য ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছেন ওয়ানডে অধিনায়ক।
মানসিক প্রস্তুতির কথায় অবধারিতভাবেই উঠে আসে সাকিব আল হাসানের প্রসঙ্গ। সিরিজের আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত নন বলে দাবি করা সাকিব এখন দলের সঙ্গেই আছেন। তাঁকে সফরের কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে, এমন ইঙ্গিত বোর্ড সভাপতিই দিয়েছিলেন। কিন্তু ওয়ানডে অধিনায়ক তামিম বলছেন, তাঁকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
আজ সিরিজ–পূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন, ‘আমরা প্রায় তিন-চারটা অনুশীলন সেশন করেছি। এর মধ্যে আমরা যতটা পারি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করেছি। কিন্তু আমরা এই কন্ডিশনে সব সময় খেলি না। কয়েকটা অনুশীলন সেশনে কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারব না। বিষয়টা নির্ভর করবে মানসিকতার ওপর। মানসিকভাবে কতটুকু তৈরি থাকবেন লড়াইয়ের জন্য, সেটা গুরুত্বপূর্ণ।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু জোহানেসবার্গের সুপার স্পোর্টস পার্কে বাংলাদেশ দলের ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। ২০০৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ দল। তবে গত দুই দিন মূল মাঠে অনুশীলন করে সুপার স্পোর্টস পার্ক সম্পর্কে ভালো ধারণা হয়েছে তামিমের, ‘দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলার অভিজ্ঞতা বেশি নেই। এখানে খেলাটা তাই বেশ চ্যালেঞ্জিং হবে। এ মাঠে অনেক রান হয়। মাঠের আকৃতি ছোট, আউটফিল্ড খুব দ্রুত। পরিসংখ্যানের দিকে তাকালে বলতেই হবে এটা রানের মাঠ। কিন্তু আমাদের মাঠে ভালো করতে হবে। আর আমরা এ চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’
সাম্প্রতিক রেকর্ড অবশ্য বাংলাদেশের পক্ষে। ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ এখন এক নম্বর দল। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে এখন তামিমদের অবস্থান। দুই দলের সাম্প্রতিক রেকর্ডেও কেউ এগিয়ে নেই। সর্বশেষ ছয়বারের দেখায় তিনবার জিতেছে বাংলাদেশ, তিনবার দক্ষিণ আফ্রিকা। ২০১৯ বিশ্বকাপে সর্বশেষ দেখায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়টি কার না মনে আছে! তামিমও আজ সেই জয়ের কথাই মনে করিয়ে দিলেন, ‘আমরা জানি ওরা আমাদের ওপর শক্তভাবে ঝাঁপিয়ে পড়বে, কোনো সন্দেহ নেই। এই দিকটায় আমাদের ভালোভাবে সামলাতে হবে। সম্প্রতি ওদের সঙ্গে ভালো খেলেছি, যেমন বিশ্বকাপে। এখানে ভালো করতে না পারার কোনো কারণ নেই।’
দক্ষিণ আফ্রিকায় তামিম বাংলাদেশের সেরা ওয়ানডে দলটাই পাচ্ছেন। সাকিব আল হাসান শুরুতে সফর থেকে ছুটি নিলেও শেষ পর্যন্ত সফর করেছেন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাকিব প্রসঙ্গে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজের কোনো ম্যাচে সাকিবকে বিশ্রাম দেওয়া হতে পারে। আজ তামিমকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন ভিন্ন কথা, ‘আমার কাছে এমন কোনো বার্তা নেই যে ওকে এক-দুইটা ম্যাচ বিশ্রাম দিতে হবে বা এমন কিছু। আমি জানি সে আমাদের দলের সঙ্গে কাছে এবং পুরো সিরিজের জন্য তাকে পাওয়া যাবে। ওর সঙ্গে আমার সাধারণ ক্রিকেট নিয়েই আলাপ হয়েছে। কালকের ম্যাচটি খেলতে মুখিয়ে আছে।’