সাকিবকে ভীষণ মিস করছি, বললেন গম্ভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব যখন কেকেআরের। ছবি: বিসিসিআই
সাকিব যখন কেকেআরের। ছবি: বিসিসিআই

আজ এমনও হতে পারে, আইপিএল বাদ দিয়ে ​গৌতম গম্ভীর টিভি খুলে বসলেন, বাংলাদেশের খেলা দেখতে। সাকিব আল হাসান তাঁর প্রিয় ক্রিকেটারদের একজন। সেই সাকিব আবার বাংলাদেশের অধিনায়কত্বও করছে। কেকেআর অধিনায়ক খেলাটা দেখতেই পারেন। সাকিব দারুণ কিছু করলে নিশ্চয়ই খুশি হবেন। একটু হয়তো দীর্ঘশ্বাসও বেরিয়ে আসবে। সাকিবকে যে ভীষণ মিস করছেন তিনি।
কেন করবেন না? কলকাতা যে দুবার আইপিএল শিরোপার স্বাদ পেয়েছে, দুবারই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনে রেখেছিলেন উল্লেখ করার মতোই অবদান। ৮ ম্যাচে ওভারপ্রতি ৬.৫০ রান দিয়ে নিয়েছিলেন ১২ উইকেট। সেবার রান করেছিলেন ৯১। গত আসরে সাকিব আরও উজ্জ্বল। ১৩ ম্যাচে করেছিলেন ২২৭ রান ও নিয়েছিলেন ১১ উইকেট ৷ গতবারও শিরোপা জিতেছিল কলকাতা।
এবার অবশ্য নিজেকে মেলে ধরার তেমন সুযোগ পাননি। মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। নিয়েছেন দুই উইকেট। দলের বাজে ফিল্ডিং না হলে উইকেট সংখ্যা আরও বাড়তে পারত।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় সাকিবের আইপিএল-অধ্যায়টা সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। আজ খেলছেন জাতীয় দলের জার্সিতে। কিন্তু সাকিবের প্রয়োজনীয়তা ভালোভাবেই টের পাচ্ছেন কলকাতা অধিনায়ক। ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে গম্ভীর লিখেছেন, ‘সাকিব দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য ছিল। এখন আমাদের দলের সমন্বয় পরিবর্তন করতে হবে। এখানে এ নিয়ে ভাবার দুদিন সময় রয়েছে। অবশ্যই তাকে আমরা দলে চাই। ব্যাটিং-বোলিংয়ে দলের জন্য সে বিরাট সম্পদ।’
সাকিবের আশা এখনো ছাড়ছেন না গম্ভীর। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হবে ১০ মে। এরপর আইপিএলেও খেলতে পারবেন। তখন সূচি অনুযায়ী, কলকাতার দুটি ম্যাচ বাকি থাকবে। ওই দুটি ম্যাচে সাকিবকে আশা করছেন গম্ভীর, ‘সে নিশ্চয়ই আসবে, আমাদের হয়ে শেষ দুটি ম্যাচ খেলবে।’
সাকিব হয়তো ফিরবেন। কিন্তু তার আগে দেশের হয়ে নিজের সেরাটা তো উজাড় করে দেবেন। সবার আগে তো দেশ!