সাকিবকে মিস করবে কলকাতা

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র দুটো ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। পাকিস্তান-বাংলাদেশ সিরিজের জন্য দুটো ম্যাচেরই ‘ছুটি’ মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ব্যাপারটা কলকাতার জন্য সমস্যা হবে না-এমন কথা জোর দিয়ে বলার মানুষ কিন্তু কমই। ২০১১ সালে অভিষেকের পর ক্রমেই দলের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হওয়া সাকিব প্রতিবারই কিন্তু কলকাতার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সাকিবের অনুপস্থিতি বাংলাদেশেও আইপিএলের আকর্ষণ অনেক খানিই কমিয়ে দেবে।
কলকাতার হয়ে সাকিবের পরিসংখ্যানই আসলে কথা বলছে তাঁর পক্ষে। ২০১১ আসরে অভিষেকে খেলেছিলেন ৭ ম্যাচ। পরের আসরে ৮ ম্যাচ। সেবারই প্রথম শিরোপার স্বাদ পায় কলকাতা। ২০১৩ আসরে অবশ্য খেলতে পারেননি তিনি। আইপিলের সর্বশেষ ২০১৪ মৌসুমে সাকিব খেলেন ১৩টি ম্যাচ। সেবারও শিরোপা জয় করে কলকাতা। আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের অষ্টম আসরেও তাই কলকাতা হাতছাড়া করেনি এই অলরাউন্ডারকে। আগের মৌসুমগুলোয় সাকিবের যে পারফরম্যান্স, তাতে তাঁকে ছাড়ার কথাও নয়। ২০১১ সালে ৭ ম্যাচে ব্যাট হাতে ২৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনেও রেখেছিলেন দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা। ৮ ম্যাচে ওভারপ্রতি ৬.৫০ রান দিয়ে নিয়েছিলেন ১২ উইকেট। রান করেছিলেন ৯১। রানের অঙ্কটা অল্প হলেও এর ভূমিকা ছিল অনন্য।
সর্বশেষ আসরে সাকিব ছিলেন আরও পরিণত, আরও জ্বলজ্বলে। ১৩ ম্যাচ খেলে করেছিলেন ২২৭ রান। খেলেছেন অসাধারণ কয়েকটি ইনিংস। সঙ্গে নিয়েছেন ১১টি উইকেটও। রান খরচের ব্যাপারেও তিনি ছিলেন যথেষ্ট সতর্ক। গত মৌসুমে বল হাতে তাঁর পারফরম্যান্স আইপিএলের সব আসর মিলিয়ে সাকিবকে নিয়ে গেছে প্রতিযোগিতাটির সেরা ইকোনমি রেটধারী বোলারদের মধ্যে পাঁচ নম্বরে। তাঁর ইকোনমি রেট ৬.৭৩। সাকিবের পাশাপাশি কলকাতা এবার মাঠে পাচ্ছে না আরেক অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকেও। তবে মাঠে না থাকলেও তিনি থাকছেন ‘মেন্টর’ ও ‘পরামর্শক’ হিসেবে। সাকিবও নিশ্চয়ই যথেষ্টই মিস করবেন ক্যালিসের ‘পরামর্শ।’