সাকিবকে যেভাবে পেরিয়ে গেলেন তামিম

আবদুর রাজ্জাককে টপকে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেটে একমাত্র বোলার তিনি, দেশের হয়ে ক্রিকেটের তিন সংস্করণেই সর্বোচ্চ উইকেটশিকারি। এমন অনন্য কীর্তিতে সাকিবের চোখে–মুখে তৃপ্তির ছোঁয়া থাকবে, সেটিই স্বাভাবিক। কিন্তু দেশসেরা অলরাউন্ডার এতেই তৃপ্ত হচ্ছেন না, বরং তাঁর মনে কাজ করছে সাফল্যক্ষুধা ।
তিন সংস্করণে শীর্ষ উইকেটশিকারি হলেও অতৃপ্তিটা কোথায়, সংবাদ সম্মেলনে কাল সেটিই বলেছেন সাকিব, ‘তিন সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারলে অনেক বড় অর্জন মনে হতো। গত এক বছরে দল এত ভালো খেলছে, ব্যাটিংয়ে সুযোগ হচ্ছে না খুব একটা। না হলে তিন সংস্করণে বেশি রানও থাকত।’
নিজেকে বরাবরই ব্যাটিং অলরাউন্ডার ভেবে এসেছেন সাকিব। বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ের বেশি আগ্রহ তাঁর। একটা সময় তো মনে হচ্ছিল, ব্যাটিংয়ে বাংলাদেশের সবগুলো রেকর্ড সাকিবের হয়ে যাবে। কিন্তু রান তোলার গতি হঠাৎ দ্রুত বাড়িয়ে দিয়ে দৃশ্যপটে চলে এলেন তামিম ইকবাল। যে তামিমের কাছেই এখন বাংলাদেশের ব্যাটিংয়ের সবগুলো মূল রেকর্ড।
অথচ গত বছর ফেব্রুয়ারিতেও সাকিব ছিলেন শীর্ষে। বিশ্বকাপ চলার সময়েই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে মানুকা ওভালের সেই ম্যাচের পর ওয়ানডেতে সাকিবের মোট রান ছিল ৪০৪০, তামিমের তখনো ৩৯৯০। বিশ্বকাপ থেকেই বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের অবিশ্বাস্য উত্থানে সাকিব ধীরে ধীরে আড়ালে সরে যেতে থাকেন। দলে অনেক নতুন পারফরমারের আবির্ভাব, সেই সঙ্গে তামিম-মাহমুদউল্লাহদের মতো অভিজ্ঞদের সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাকিবের কাঁধ থেকে অনেকটা চাপ সরিয়ে নেয়।
এই সময়েই সাকিবকে পেরিয়ে যেতে থাকেন তামিম। বিশ্বকাপ পর্যন্তও সাকিবই ছিলেন ওয়ানডে রানে তামিমের চেয়ে এগিয়ে। ভারতের বিপক্ষে সেই আলোচিত কোয়ার্টার ফাইনাল শেষে সাকিবের রান ৪১৭৩, তামিমের ৪১২৫। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে ১৩২, অপরাজিত ১১৬ ও ৬৪ রানের তিনটি ইনিংসে সাকিবকে এই লড়াইয়ে সেই যে পেছনে ফেললেন, তখন থেকে তামিমই শীর্ষে।
এমনকি টেস্টেও দুজনের লড়াইটা ছিল সমানে-সমান। ২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টটি দারুণ এক অবস্থানে এনে দাঁড় করায় দুজনকে। ওই টেস্ট শেষে তামিমের রান ছিল ২০৫৬, সাকিবের ২০৫৩। ২০১৪-র অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্ট সিরিজের সময়ও দুজন ছিলেন কাছাকাছি। ওই সিরিজে প্রথম টেস্ট শেষে তামিমের রান ২৪৪০, দ্বিতীয় টেস্ট শেষে সাকিবের রান ২৪৪১। গত ছয়-সাতটি টেস্টেই সেই ব্যবধান বাড়িয়ে নিলেন তামিম। সাকিবের (২৮২৩) চেয়ে টেস্টে এখন তামিমের (৩১১৮) রানের ব্যবধান ২৯৫।
ওয়ানডেতেও কিন্তু ব্যবধানটি খুব বেশি নয়। ৩৪৭ রান, এখনো নাগালের মধ্যেই আছেন তামিম। তবে সাকিবও কাল বলেছেন, ‘এখনো সুযোগ আছে। দেখা যাক ক্যারিয়ার শেষ হওয়ার আগে কোন অবস্থায় যাই...।’
তবে তাঁর জন্য বেশি চ্যালেঞ্জটা হলো, এখন দল একা তাঁর ওপর নির্ভর করে না। তাঁর আগে ও পরে আরও অনেকে এসে গেছে দলে অবদান রাখতে। এই বদলে যাওয়া ছবিটা সাকিবও বোঝেন, ‘এক বছর ধরে ওরা (টপ অর্ডার) ওপরে এত ভালো খেলে, নিচে ৩০-৪০ রানের বেশি করা যায় না! এ কারণে শীর্ষ রানসংগ্রাহক হওয়া আমার জন্য একটু কঠিন। তামিম, মুশফিক ভাই, আমি, আমরা যারা শীর্ষে আছি, আশা করি এভাবেই অবদান রাখব। আর কেউ আগে কেউ পরে তো থাকবেই (রেকর্ডে)। এটা নিয়ে আমরা কেউ চিন্তিত নই। সবারই লক্ষ্য দলে অবদান রাখা, ভালো করার চেষ্টা করা।’
তাঁর শেষ কথাটাই আসল। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্য। তবে ভালো ছাত্রদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকে। কে ফার্স্ট হবে, কে বেশি নম্বর তুলবে। সেটা বাংলাদেশ দলে থাকলেও মন্দ কী!