সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে ডাকা হয়েছিল ইবাদত হোসেনকে। এমনিতে টেস্টে নিয়মিত হলেও ইবাদতের ওয়ানডে দলে আসা একটু চমক হয়ে। শেষ পর্যন্ত অবশ্য ওয়ানডে অভিষেক হয়নি তাঁর। এবার দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে ডাকা হলো আরেক পেসার খালেদ আহমেদকেও। এখন পর্যন্ত তিনটি টেস্ট খেললেও ওয়ানডে অভিষেক হয়নি তাঁর।
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান, তামিম ইকবালও। নিউজিল্যান্ড সফরে ছিলেন না তাঁরা। সাকিবকে অবশ্য শুরুতে রাখা হয়েছিল নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে। তবে শেষ পর্যন্ত সে সফরে যাননি তিনি। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছিল বাঁহাতি ব্যাটসম্যান ফজলে রাব্বিকে। দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা হয়নি ফজলের। বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমও। টেস্ট দলে পরিবর্তন এ দুটিই।
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ।
এই সফরের টেস্ট সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আইপিএলের সূচির সঙ্গে সাংঘর্ষিক বলে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। তবে শেষ পর্যন্ত নিলামে দল পাননি বাংলাদেশ অলরাউন্ডার। এরপর সাকিবের খেলার কথা নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
এখন পর্যন্ত ২০০২, ২০০৮ ও ২০১৭ সালে তিনবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০০২ সালে সাকিবের অভিষেকই হয়নি, ২০০৮ সালে অবশ্য খেলেছেন। তবে ২০১৭ সালের টেস্ট সিরিজ থেকেও ছুটি নিয়েছিলেন তিনি।
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান।
অবশ্য ওয়ানডে সিরিজে তেমন আলোচনা নেই। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে সিরিজ থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজে একমাত্র সংযোজন খালেদই। বাদ পড়েননি আগের সিরিজের কেউ। দলে জায়গা ধরে রেখেছেন ইবাদত, মাহমুদুল হাসানরা।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডের সঙ্গে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট। ১৮ ও ২৩ মার্চ সেঞ্চুরিয়ানে হবে প্রথম ও শেষ ওয়ানডে। মাঝে দ্বিতীয় ওয়ানডেটি হবে জোহানেসবার্গে। ডারবানে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৩১ মার্চ। ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে পোর্ট এলিজাবেথে।
আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা পৌঁছাবে বাংলাদেশ দল। সফরের প্রথম প্রস্তুতি ম্যাচটি হবে জোহানেসবার্গে, তবে এখনো ভেন্যু নিশ্চিত হয়নি সে ম্যাচটির। এ সফরে প্রস্তুতি ম্যাচগুলো নিজেদের মধ্যেই খেলতে হবে বাংলাদেশকে। টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি হবে দুই দিনের। ২৬ ও ২৭ মার্চের ওই ম্যাচটি হবে চ্যাটসওর্থে।