সাকিবকে 'হারিয়ে' দিলেন মোসাদ্দেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ন্ত তাসকিন! লিজেন্ডস অব রূপগঞ্জের সৌম্যকে বোল্ড করে যেন পাখির ডানায় আবাহনীর পেসার। তাঁকে ধরতে চাইলেন ম্যাচসেরা মোসাদ্দেক (বাঁয়ে) ও লিটন। কাল বিকেএসপিতে l ছবি: জাহিদুল করিম
উড়ন্ত তাসকিন! লিজেন্ডস অব রূপগঞ্জের সৌম্যকে বোল্ড করে যেন পাখির ডানায় আবাহনীর পেসার। তাঁকে ধরতে চাইলেন ম্যাচসেরা মোসাদ্দেক (বাঁয়ে) ও লিটন। কাল বিকেএসপিতে l ছবি: জাহিদুল করিম

লড়াইটা শেষ পর্যন্ত হয়ে উঠল দুই অলরাউন্ডারের। সাকিব আল হাসান বনাম মোসাদ্দেক হোসেন। অনুজ হয়েও বিকেএসপির সে লড়াইয়ে কাল পরের জনই জয়ী। তাতে অবশ্য আবাহনীর কোনো ক্ষতি হয়নি। দুজন যে তাঁদেরই খেলোয়াড়!
সাকিব-মোসাদ্দেকের ব্যাটে চড়ে আবাহনী ২৯০ করার পর মাত্র ৩৫ রানে পড়ে রূপগঞ্জের ৩ উইকেট। সেখান থেকে মাথা তুলে দাঁড়ানো কঠিন ছিল। তারপরও মোহাম্মদ মিঠুনের ফিফটি (৫৫) আর পাঁচ ছক্কা ও তিন চারে আসিফ আহমেদের ৫৪ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংসে ২৩০ করতে পেরেছে রূপগঞ্জ।
কালকের ৬০ রানের জয়ের পর এখন ২০ পয়েন্ট আবাহনীর। রূপগঞ্জেরও তা-ই। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় আবাহনীই শীর্ষে। তা ছাড়া রূপগঞ্জ একটি ম্যাচ বেশি খেলায় আবাহনীর শিরোপার স্বপ্নে সুবাতাস লাগতে শুরু করেছে এখনই।
তামিম ইকবাল-লিটন দাসের ৭৬ রানের উদ্বোধনী জুটির সুফল মিলছিল না আবাহনীর ইনিংসে। উল্টো ১১২ রানের মধ্যে পড়ে যায় ৪ উইকেট। সেখান থেকে সাকিব আর মোসাদ্দেকের সৌজন্যেই রানটা তিন শর কাছাকাছি হলো। পঞ্চম উইকেটে দুজনের ১৪০ রানের জুটি, তাতেই দলের সংগ্রহ আড়াই শর ওপরে। দুজনই করেছেন ফিফটি।
আগের ম্যাচে ২৪ বলে ৫৭ করা সাকিবের ব্যাটে ঝড় ছিল কালও। আসিফের বলে ডিপ স্কয়ার লেগে জহুরুলের ক্যাচ হওয়ার আগে ৫৭ বলে ৬৬, হাফ ডজন বাউন্ডারির সঙ্গে সৌম্য সরকার ও আসিফকে মারা দুর্দান্ত দুটি ছক্কা আছে ডিপ স্কয়ার লেগ আর মিড উইকেটের ওপর দিয়ে।
আক্রমণাত্মক মানসিকতায় কাল যেন অনুজ সঙ্গী মোসাদ্দেক ছাড়িয়ে গেলেন সাকিবকেও! ৪০ বলে ফিফটির পর ২০ বছর বয়সী এই তরুণের ইনিংস থেমেছে ৫৫ বলে ৭৩ রান করে। আট বাউন্ডারির সঙ্গে বিশাল দুই ছক্কা এসেছে তাঁর ব্যাটেও।
পরে বল হাতে সাকিবের সঙ্গে দূরত্বটা আরও বাড়িয়ে নেন ম্যান অব দ্য ম্যাচ মোসাদ্দেক। জহুরুল ইসলামকে বোল্ড করে শুরুটা সাকিব করলেও রূপগঞ্জের পথে এই মোসাদ্দেকই বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন ৪৩ রান দিয়ে। সাকিব পরে নিতে পেরেছেন আর একটা উইকেট। দুই উইকেট পেয়েছেন তাসকিন আহমেদও। সৌম্যকে গতিতে পরাস্ত করে বোল্ড করাটা তো ছিল দেখার মতো এক আউট! পাখির মতো ডানা মেলা উদ্যাপনে তাসকিনও যেন বোঝাতে চাইলেন এই উইকেটের গুরুত্বটা।
সাকিব-মোসাদ্দেক জুটিতে ইনিংসের গতি পরিবর্তন হওয়ার আগে কিছুটা হলেও বিপদের শঙ্কা ছড়িয়েছিল আবাহনী শিবিরে। ওপরের চার ব্যাটসম্যানের অবদান বলতে তামিমের ৩৩ ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটনের ৫১। আবাহনীর প্রথম চার ব্যাটসম্যানের তিনজনকেই ফিরিয়ে ওই সময় তাইজুলই ম্যাচের ‘হিরো’। অবশ্য বল না করেও একটা দিক দিয়ে বাঁহাতি এই স্পিনারের চেয়ে এগিয়ে ছিলেন জহুরুল ইসলাম। আবাহনীর আট ব্যাটসম্যানই আউট হয়েছেন ক্যাচ দিয়ে এবং তার চারটিই গেছে জহুরুলের হাতে।

সংক্ষিপ্ত স্কোর
আবাহনী–রূপগঞ্জ, বিকেএসপি
আবাহনী: ৫০ ওভারে ২৯০/৮ (মোসাদ্দেক ৭৩, সাকিব ৬৬, লিটন ৫১, তামিম ৩৩; তাইজুল ৩/৪৫, আসিফ ৩/৫৭, আলাউদ্দিন ২/৩৫)। লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৪.৪ ওভারে ২৩০ (আসিফ ৭০, মিঠুন ৫৫, নাহিদুল ৩৬; মোসাদ্দেক ৫/৪৩, তাসকিন ২/৩১, সাকিব ২/৫০)।
ফল: আবাহনী ৬০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন।
প্রাইম দোলেশ্বর–ভিক্টোরিয়া, ফতুল্লা
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ৩৩৩/৫ (রকিবুল ১০০, নাসির ৭৪*, বেবি ৬৪, রনি ৩৬, জিয়া ২১*; মারজান ২/৫১, কামরুল ২/৬৯, এনামুল ১/৪৮)। ভিক্টোরিয়া: ৪৫.২ ওভারে ২৪২ (মুমিনুল ৬১, জুবায়ের ৫৬, মজিদ ৫০, মাহবুবুল ২৫, নাদিফ ২৪; সানজামুল ৩/৪৪, আল আমিন ২/৩৭, রাহাতুল ২/৪৭, নাসির ১/৩০, ইমতিয়াজ ১/৫৫)।
ফল: দোলেশ্বর ৯১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রকিবুল হাসান।
মোহামেডান–প্রাইম ব্যাংক, মিরপুর
প্রাইম ব্যাংক: ৪৮.৪ ওভারে ২৪৪ (সাব্বির ৭৭, চাঁদ ৪০, নুরুল ৩১; নাঈম ২/১৫, ফয়সাল ২/৫০)। মোহামেডান: ৫০ ওভারে ২৪৭/৯ (আরিফুল ১০৩*, মুশফিক ৫০, ফয়সাল ২৫; তাইবুর ২/২৯, রুবেল ২/৫৫)।
ফল: মোহামেডান ১ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আরিফুল হক।