সাকিবকেই লায়নের পাল্টা চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাথান লায়ন
নাথান লায়ন

সাকিবের কথাটা লায়নের অহমে কি একটু নাড়া দিল?

আগের দিন সাকিব আল হাসান বলেছিলেন, সিরিজে স্পিন আক্রমণে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ এগিয়ে। কিন্তু নাথান লায়নের ‘অজি-অহম’ সেটি মানবে কেন! ঠিক কথার জবাবে কথা বলেননি অস্ট্রেলিয়ান অফ স্পিনার। তবে প্রতিপক্ষ হিসেবে সাকিবের কথাটা এত সহজে মেনেও নেননি। সিরিজ শুরুর আগে সাকিবের ওভাবে বলাটা বরং লায়নের চোখে ‘অনেক অনেক বড় বিবৃতি!’ 

স্পিনিং কন্ডিশনে খেলা হবে বলে সিরিজটা এমনিতেই ‘এদিকে সাকিব, ওদিকে লায়ন’ মনে হচ্ছে। সাকিব বাংলাদেশের স্পিন আক্রমণের নেতা, লায়ন অস্ট্রেলিয়ার। তার মধ্যে পরশু সংবাদ সম্মেলনে সিরিজ-পূর্ব আলোচনায় সাকিব বলে গেলেন ওই কথাটা। বলেছিলেন অবশ্য শর্ত-টর্ত জুড়ে দিয়ে। সাকিবের চোখে স্পিনে বাংলাদেশ এগিয়ে, তবে সেটি সিরিজটা বাংলাদেশের মাটিতে বলেই।

সাকিবের এক দিন পরই সংবাদ সম্মেলনে লায়ন, প্রথম প্রশ্নটাই তাঁর দিকে ছুটে গেল ওটা নিয়ে। সিংহের মতো পাল্টা গর্জন নয়, জবাবটা লায়ন দিয়েছেন নীরব অহংকারে, ‘আমার মনে হয়, (কোন দলের স্পিন বেশি ভালো) সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই দুই দলের (বর্তমান দলে যারা আছে) কেউই তো একে অন্যের বিপক্ষে খেলেনি। সে ক্ষেত্রে এমন কিছু বলে দেওয়াটা অনেক অনেক বড় বিবৃতি। তবে সবাই নিজের মতো করে মত দিতেই পারে। সত্যি বলতে, আমরা শুধু নিজেদের কথাই ভাবছি। ওরা যা ইচ্ছা তা-ই বলতে পারে। আমরা নিজেদের মতো করে অনুশীলন করছি, সামনে যে চ্যালেঞ্জ আছে সেটির জন্য প্রস্তুত হচ্ছি।’

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের চোখেও এই সিরিজটা অস্ট্রেলিয়ার ‘সামর্থ্যের পরীক্ষা’। বাংলাদেশে ১১ বছর পর এলেও এশিয়ার অন্য দেশগুলোয় নিয়মিতই খেলেছে অস্ট্রেলিয়া। নিয়মিত হেরেছেও। ভারত-শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ চার সিরিজের ১৩ টেস্টে জয় মাত্র একটি। বাংলাদেশের কন্ডিশনও খুব একটা আলাদা নয়। তার ওপর বাংলাদেশ এবার জানিয়ে দিয়েছে, লক্ষ্য ২-০ ব্যবধানে জয়। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আগে একবার বলেছিলেন। পরশু সংবাদ সম্মেলনে সাকিবও বলে গেলেন বাংলাদেশ দুই টেস্টেই জিততে চায়।

আবার সাকিব! বাংলাদেশ অলরাউন্ডারের এই কথাটাও প্রশ্ন হয়ে ছুটে গেল লায়নের দিকে। এটির উত্তরেও ‘যাঁর যাঁর মত তাঁর তাঁর’ দর্শনে চলে গেলেন ২৯ বছর বয়সী অফ স্পিনার। পাল্টা হুমকিও কি দিলেন? উত্তরটা শুনুন, ‘সবারই নিজের মত, নিজের লক্ষ্য থাকে। আমাদেরও নিজস্ব লক্ষ্য আছে, তবে সেটি আপনাদের সঙ্গে আলোচনা করব না। মুখে হাসি নিয়ে ক্রিকেট খেলব আমরা, বাংলাদেশের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতাই করব। এখানে দুটি টেস্ট খেলতে এসেছি। নিজেদের সেরাটাই দেব। আশা করি, সিরিজ জিতেই ফিরব।’

পাল্টা হুমকি প্রসঙ্গেই বলা। সবাই শুধু স্পিন-স্পিন করছে সিরিজের আগে। বাংলাদেশের মাটি, উপমহাদেশের চিরায়ত স্পিন...সবই ঠিক আছে। কিন্তু লায়ন অস্ট্রেলিয়ার ভয়ংকর আরেকটা অস্ত্রের কথাও মনে করিয়ে দিলেন—তাঁদের পেস ব্যাটারি! বললেন, ‘আমাদের স্কোয়াডে খুব ভালো তিনজন ফাস্ট বোলার আছে—জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ড। এই কন্ডিশনে বলে মুভ করাতে জানে ওরা। শ্রীলঙ্কা ও ভারতে সেটা করতে দেখেছি ওদের। বাংলাদেশেও খুব ভিন্ন কিছু হবে বলে মনে হয় না। আমরা (স্পিন ও পেস) জুটি বেঁধে বোলিং করব, ভালো বল করে ২০ উইকেট নেওয়ার চেষ্টা করব।’

সেখানেও দায়িত্বটা লায়নের ওপরই বেশি থাকার কথা। বাংলাদেশের টপ অর্ডার যে বাঁহাতি ব্যাটসম্যানে ভর্তি। আর তিনি অফ স্পিনার। বাঁহাতিদের বিপক্ষে অন্তত কাগজে-কলমে অফ স্পিনারদেরই তো উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি। লায়ন অবশ্য এখনই এই ব্যাপারে তেমন কিছু বলতে রাজি নন, ‘ওরা (বাংলাদেশের ব্যাটসম্যানরা) স্পিন ভালো খেলে। আমরা স্পিনাররা ওদের নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি।’