সাকিবদের কাছে হেরে মুশফিকের হতাশা
শর্ট ফাইন লেগে ফরচুন বরিশালের ক্রিস গেইল কোমরে হাত দিয়ে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন। বাঁহাতি পেসার মেহেদী হাসান রানার ১৯তম ওভারের শেষ বলে সেই গেইলের মাথার ওপর দিয়ে চার মারতে চেয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু স্কুপ শটটি ব্যাটে-বলে না হওয়ায় ব্যাট ছুঁয়ে বল গেল উইকেটকিপার নুরুল হাসানের গ্লাভসে।
মুশফিকের আউটটি ছিল খুলনার ইনিংসের সর্বশেষ উইকেট। তখনো খুলনার ইনিংসের এক ওভার বাকি। কিন্তু এক ওভার বাকি থাকতেই ১৭ রানে হারতে হলো খুলনাকে। মুশফিক আউট না হলে শেষ ওভারে বরিশালের ছুড়ে দেওয়া ১৪২ রানের লক্ষ্য ছোঁয়ার চেষ্টা করতে পারত খুলনা। কিন্তু দুর্ভাগ্য, মুশফিকের স্কুপ শটের প্রয়োগটা যে ঠিকমতো হলো না।
খেলা শেষে মুশফিক অনেকটা হতাশামাখা কণ্ঠেই বলছিলেন, ‘এই উইকেটে এমন রান তাড়া করা যেত। আমার মনে হয়েছে, ওরা ১৬০ রান করবে। কিন্তু আমরা ওদের ১৪০ রানে থামাতে পেরেছি। সে জন্য আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হয়। কিন্তু আমরা রান তাড়া করতে পারিনি জুটি গড়তে না পারার কারণে।’
বরিশালের বোলিংয়ের বিপক্ষে খুলনার ব্যাটসম্যানদের বেশ কিছু সিদ্ধান্তও মুশফিককে অবাক করেছে। আজ এবারের বিপিএলে বরিশালের জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ দলের সেরা বোলারকে খুলনার উদ্বোধনী ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার মারতে গিয়ে আউট হন। বাঁহাতি সৌম্য সরকারও ব্যাকফুট থেকে মুজিবকে খেলতে গিয়ে এলবিডব্লুর শিকার হন।
মুশফিককে এ দুজনের আউট নিয়ে একটু হতাশই শোনাল, ‘আমি বুঝতে পারিনি ওদের পরিকল্পনাটা কী ছিল। মুজিব ওদের সেরা বোলার। তাঁকে আক্রমণ করার কারণটা বুঝতে পারিনি।’
মুজিবকে নিয়ে প্রতিপক্ষ সাবধানী হলেও ম্যাচ ঘুরিয়ে দেওয়া বোলিং করেছেন তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। নিজের শেষ ওভারে তিন উইকেট নিয়ে মুশফিকদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন এই পেসার। ৩ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। আরেক তরুণ বাঁহাতি শফিকুল ইসলামও গুরুত্বপূর্ণ সময়ে থিসারা পেরেরার উইকেট নিয়ে বরিশালের জয়ের সম্ভাবনা বাড়ান।
ম্যাচ শেষে সাকিবও তাই পেসারদের প্রশংসা করলেন, ‘আমাদের দুই পেসারই দারুণ বোলিং করেছে। এই উইকেটে পেসারদের জন্য ভালো করা সহজ নয়। তবে পরিকল্পনা যা ছিল, ওরা সেটির সঠিক বাস্তবায়ন করেছে।’
আজ খুলনার আমন্ত্রণে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪১ রান করে বরিশাল। সেটিও এসেছে উদ্বোধনে নামা গেইলের ৩৪ বলে ৪৫ রানের ইনিংসের সৌজন্যে। বাকি ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলেন আসা–যাওয়ার মিছিলে। খুলনার থিসারা পেরেরা ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। মেহেদী হাসানের অফ স্পিন থেকে ৪ ওভারে মাত্র ১৮ রান নিয়েছে বরিশাল, মেহেদীর শিকার ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৪১/৯ (গেইল ৪৫, নাজমুল ১৯, হৃদয় ২৩; কামরুল ২/৩০, মেহেদী ১/১৮, শরিফউল্লাহ ১/২৭, থিসারা ২/১৮, প্রসন্ন ১/২৮, ফরহাদ ২/১৮)
খুলনা টাইগার্স: ১৯ ওভারে ১২৪ (মেহেদী ১৭, মুশফিক ৪০, ইয়াসির ২৩, থিসারা ১৯; মুজিব ২/২২, সাকিব ১/২৪, লিনটট ২/১৯, মেহেদী রানা ৪/১৭)।