সাকিবদের সমাদর আরও বাড়বে যদি...

>যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সকাল ছয়টায় সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
ফ্লোরিডার লডারহিল ওয়েস্ট ইন্ডিজের একপ্রকার ঘরের মাঠ। তবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের পর পঞ্চম আন্তর্জাতিক ক্রিকেট দল হিসেবে যুক্তরাষ্ট্রে খেলতে নামা বাংলাদেশের জন্য আবহটা অচেনা মনে হচ্ছে না। গত পরশু ওপেনার তামিম ইকবালও প্রথম আলোকে বলেছিলেন, সমাদর পাওয়া যাচ্ছে বাংলাদেশের মতোই।
ফ্লোরিডায় প্রবাসী বাঙালিদের কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা আর সমাদর পেয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা, অনুমান করা যায় কাল সকালে লডারহিল স্টেডিয়ামের গ্যালারিতে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকার শোনা যাবে। সমর্থনের এমন জোয়ারের সম্ভাবনায় একটা রোমাঞ্চই খেলে যাওয়ার কথা বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে। পরশু অনুশীলনের পর সংবাদমাধ্যমে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘(ফ্লোরিডায় খেলা) সবার জন্যই রোমাঞ্চকর হওয়া উচিত। যেহেতু এখানে অনেক বাংলাদেশি দর্শক থাকবে, সবার মজার সময়ই কাটবে বলে মনে করি এই দুই ম্যাচে।’
সময়টা ভালো কাটবে যদি না টি-টোয়েন্টির দুর্দশা এবার লডারহিলে ঘোচে? সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টির সব কটিই হেরেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফির ফাইনাল থেকে শুরু, এরপর দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে ধবলধোলাই। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজের প্রথমটিতেও হার। যেন টি-টোয়েন্টিতে হারের চক্রে আটকে গেছে বাংলাদেশ! সেন্ট কিটসের বৃষ্টিভেজা প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারে দুই ওপেনারের শূন্য রানে বিদায়েই যেন লেখা হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। তামিম ইকবাল প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে স্টাম্পিং হয়ে গড়েছেন নতুন রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার প্রথম বলে স্টাম্পিং হওয়া ব্যাটসম্যান এই বাঁহাতি ওপেনার। পরে মাহমুদউল্লাহ-লিটন দাসদের কল্যাণে ১৪৩ রান করতে পারে বাংলাদেশ। পুরো ওভার খেলে এই রান পার করা ওয়েস্ট ইন্ডিজের জন্য যে কঠিন হতো, এ কথা বলা যায় না।
সুতরাং আগে ব্যাট করে কালকের ম্যাচ জিতে সিরিজে ফিরতে গেলে স্কোরবোর্ডে আরও রান জমাতে হবে। বাংলাদেশ অধিনায়ক সাকিব সেটাই বলতে চাইছেন, ‘(প্রথম ম্যাচে) সুযোগ ছিল আরও রান করার, কয়েকটি কারণে করতে পারিনি আমরা। ওই জায়গাগুলোয় উন্নতি করতে পারলে আরও রান করা সম্ভব। উইকেট যদি আগের ম্যাচের চেয়ে ভালো আচরণ করে, তাহলে বেশ বড় ইনিংসই গড়া সম্ভব হবে, যদি আমরা আগে ব্যাটিং করি।’
একটু অনিশ্চয়তা আছে পরিষ্কার আবহাওয়া নিয়ে। তবে ফ্লোরিডা থেকে বাংলাদেশ দলের একজন খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, চনমনে রোদেলা সকাল দিয়ে শুরু হচ্ছে তাঁদের দিনটা। খেলা ঠিকঠাক শুরু হলে টসে সাকিব হাসবেন কি না বা হাসলেও প্রত্যাশিত রান বাংলাদেশের ঘরে জমা হবে কি না, অনিশ্চয়তা আছে সেটি নিয়েও। তবে বাংলাদেশ দলের একজন বাদে লডারহিল অচেনা রহস্য নিয়ে অপেক্ষায় থাকবে আর সবার জন্যই। ওই একজন সাকিব আল হাসান, ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) কল্যাণে এই মাঠে পাঁচটি ম্যাচ খেলেছেন অধিনায়ক। গত মৌসুমে খেলার সেই অভিজ্ঞতা নিয়ে পরশু অনুশীলনে নেমে অবশ্য অন্য রকম অভিজ্ঞতা হয়েছে তাঁর। স্পিনারদের জন্য খানিকটা বন্ধুসুলভ লডারহিল, কিন্তু কাল মনে হয়েছে একটু দ্রুতগতির। তবে সেন্ট কিটসের চেয়ে ব্যাটসম্যানদের জন্য উইকেট সামগ্রিকভাবে ভালো হবে বলেই আশাবাদী তিনি, ‘এখন পর্যন্ত মনে হচ্ছে সর্বশেষ ম্যাচের উইকেট থেকে আরেকটু ভালো উইকেটই হবে।’
প্রবাসী বাংলাদেশিরা যে সমাদর করছেন বাংলাদেশকে, ওয়েস্ট ইন্ডিজ নিশ্চয়ই সেটা করবে না! টি-টোয়েন্টির ব্যর্থতার বৃত্তটা যদি ফ্লোরিডায় ভাঙে, তবে সাকিবরা যে পুষ্পবৃষ্টিতে ভাসবেন, আগে থেকে বলে দেওয়া যায়।