সাকিবের অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

বোলিং মেশিন থেকে বাউন্সার ছোড়া হচ্ছে। সাকিব আল হাসান উদ্ভাবনী সব শটে বল পাঠাচ্ছেন পেছনের দিকে। একেকটা বল উড়ে আসছে আর ড্রেসিংরুমের সামনে দাঁড়ানো সাংবাদিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে তুমুল হইচই। এই বুঝি বল এসে লাগল গায়ে!
‘ওয়াচ-ওয়াচ’ এমন চিৎকারেও অবশ্য গা বাঁচাতে পারলেন না কেউ কেউ। সাকিবের দুদ্দাড় পিটুনিতে ড্রেসিংরুম, ভিআইপি বক্সের গ্লাস ভাঙার আওয়াজও ভেসে এল কানে। পাড়ার গলিতে খেলতে গিয়ে জানালা ভাঙার ‘অপরাধে’ বকুনি খাননি, এমন ক্রিকেটার কমই খুঁজে পাওয়া যাবে। অথচ সাকিব জানালা ভাঙছেন, কেউ ‘বকছে’ না, উল্টো করতালির বৃষ্টি!
অন্য দিনের তুলনায় কাল সাকিব একটু বেশিই সময় দিলেন নেটে। সামনে টানা খেলা। আরও নির্দিষ্ট করে বললে টানা টি-টোয়েন্টি। যেটিতে অভিজ্ঞতায় বাংলাদেশের বাকি খেলোয়াড়দের চেয়ে অনেক এগিয়ে সাকিব। তাঁর কাছে দলের প্রত্যাশাও তাই বেশি। সাকিব অবশ্য বরাবরই বলে এসেছেন, প্রত্যাশা-টত্যাশা নিয়ে তিনি ভাবেন না। মাঠে নামলে এমনিতেই নিজেকে উজাড় করে দেন। আর এখানে তো অনুপ্রেরণা খুঁজতে কোনো সমস্যাই হচ্ছে না, ‘বাড়তি অনুপ্রেরণার আসলে দরকার হয় না। আমরা যারা জাতীয় দলে খেলছি, বা যারা এখানে আসবে তারা অনুপ্রাণিত থাকেই। অনুপ্রেরণা নিয়ে কারও ভাবার কিছু থাকে না। এখন আমরা যে পর্যায়ে আছি, সবাই চেষ্টা করি এ জায়গা থেকে কীভাবে আরও ভালো করা যায়। উন্নতির তো শেষ নেই। মেসি-রোনালদোর কথা যদি ভাবেন, তঁারা কীভাবে টানা ৭-৮ বছর ধরে বিশ্বের সেরা দুইয়ে আছে। চ্যালেঞ্জটা তঁাদের মধ্যে যেমন, আমাদের মধ্যেও তা-ই।’
গত বছরটাকে বাংলাদেশ যেভাবে রাঙাতে পেরেছে, এ বছরও কি তা পারবে? এর উত্তর এখনই পাওয়া কঠিন। তবে দুয়ারে কড়া নাড়তে থাকা জিম্বাবুয়ে সিরিজেও জয়ের ধারা অব্যাহত রাখার প্রতিজ্ঞা সাকিবের, ‘জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জিততে থাকলে যেকোনো জিনিস সহজ হয়ে যায়। সামনে বড় দুটি টুর্নামেন্ট। পারফরম্যান্স করার এটাই সুযোগ (জিম্বাবুয়ে সিরিজ)। এতে ব্যক্তিগত ও দলের আত্মবিশ্বাস বাড়বে। সেটি পরের দুটি টুর্নামেন্টে কাজে দেবে।’
যেহেতু সংস্করণটা টি-টোয়েন্টি, সংশয়ের ছেঁড়া ছেঁড়া মেঘ মাথার ওপর। ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড যে বড্ড ম্লান। ১০ বছর বাংলাদেশ টি-টোয়েন্টি খেলছে। দলীয় স্কোর কখনো ২০০ ছোঁয়নি, নেই কোনো সেঞ্চুরিও। জিততে হলে দলীয় রান ২০০ কিংবা ব্যক্তিগত সেঞ্চুরি থাকতেই হবে, এমন নয়। তবে এ পরিসংখ্যান জানিয়ে দেয়, ছোট সংস্করণে বড় স্কোর গড়ার ব্যাটসম্যানের বড় অভাব দলে। সাকিব অবশ্য এর জন্য ঘরোয়া উইকেটকেই দায়ী করলেন, ‘যে ধরনের উইকেটে ২০০ হয়, ওই ধরনের উইকেটে আমরা খেলি না। বেশির ভাগ ক্ষেত্রে আমরা খেলি লো-স্কোরিং ম্যাচের উইকেটে। এ কারণে ২০০ রান আমাদের জন্য কঠিন হয়ে যায়। বিদেশে যখন খেলি, আমাদের জন্য স্বাভাবিকভাবে কঠিন উইকেট থাকে। সামনের টুর্নামেন্টগুলোয় আশা করি, স্পোর্টিং উইকেটে খেলা হবে।’