ক্রিকেট বিশ্বকাপ বলতে আমরা একসময় ৫০ ওভারের খেলাকেই বুঝতাম। সেই ইংল্যান্ডে প্রুডেন্সিয়াল বিশ্বকাপ থেকে সেটাই চলে আসছিল। পরে নতুন সংস্করণ এসেছে। এখন সবচেয়ে বেশি যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হতে দেখা যায়, সেটি টি–টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের বাণিজ্যিকীকরণের কারণেই যে এ বিশ্বকাপের প্রবর্তন, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
নতুন প্রজন্মের কাছে টি–টোয়েন্টি বিশ্বকাপের আবেদন ক্রমে বাড়ছে। আমরা যাঁরা সত্তর–আশির দশকের ক্রিকেট দেখে বড় হয়েছি, তারাও এ সংস্করণের বিশ্বকাপ দেখার অপেক্ষায় থাকি। শুরুতে দেখা গেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার দাপটই এ টুর্নামেন্টে বেশি। অন্য দলগুলো ততটা দ্রুত এতে ধাতস্থ হতে পারেনি। ২০১২ সালের পর দেখা গেল একসঙ্গে চার–পাঁচটি দল টি–টোয়েন্টি সংস্করণে উঠে এসেছে। সবাই টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার মতো দল। তবে আমার মনে হয়েছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো যারা একাডেমিক ক্রিকেট খেলে উঠে এসেছে, তারা এ সংস্করণের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেনি।
ভারত টি–টোয়েন্টিতে নিজেদের শিকড় শক্ত করেছে আইপিএলের মাধ্যমে। টি–টোয়েন্টিতে সারা বিশ্বে যত টুর্নামেন্ট হয়, তার মধ্যে আইপিএলই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতিটি বল কীভাবে খেললেন, সে হিসাব হয় সেখানে। এ কারণেই হয়তো ভারতের খেলোয়াড়েরা টি–টোয়েন্টির সঙ্গে বেশি মানিয়ে নিতে পেরেছে। অবশ্য অন্য দেশের খেলোয়াড়েরাও আইপিএলের অভিজ্ঞতা নিয়ে নিজের দেশের হয়ে টি–টোয়েন্টিতে ভালো করছে। এবারের বিশ্বকাপ হচ্ছে ওমান ও আরব আমিরাতে। সেখানকার কন্ডিশন ও উইকেটের চরিত্র উপমহাদেশের মতোই। এ কারণে আইপিএলে খেলা খেলোয়াড়েরা অন্যদের তুলনায় কিছুটা এগিয়ে থাকবে।
ব্যস্ততার কারণে এখন আর সব ম্যাচ দেখা হয় না। কিন্তু বাংলাদেশের ম্যাচ থাকলে দেখার চেষ্টা করি। আর এটা যেহেতু বিশ্বকাপ, দেশের খেলায় চোখ তো থাকবেই। বিশ্ব ক্রিকেটে দেশের নাম উজ্জ্বল করার এটি বড় এক সুযোগ। ক্রিকেটারদের জন্য ব্যক্তিগতভাবে নিজেদের মেলে ধরারও সুযোগ এটি। ৫০ ওভারের ক্রিকেটে পারফর্ম করার যে রকম সুযোগ মেলে, টি–টোয়েন্টিতে হয়তো ততটা মেলে না। কিন্তু এ সংস্করণেও স্মরণীয় অনেক নৈপুণ্য দেখা গেছে। এক–দুই ওভার ব্যাট করেও ম্যাচ ঘুরিয়ে দেওয়া যায়। এক ওভার বল করেও ম্যাচ নিজেদের পক্ষে আনা সম্ভব। এ কারণেই খেলোয়াড়েরা এ সংস্করণে অনেক বেশি উজ্জীবিত থাকে।
দলগত শক্তি এবং ভালো বিকল্প খেলোয়াড়ের কারণে আমি ভারতকে এ টুর্নামেন্টে এগিয়ে রাখছি। পাকিস্তানের কথাও বলতে হয়। কিন্তু পাকিস্তানের বোলারদের ওপর যতটা ভরসা রাখা যায়, ব্যাটসম্যানদের ওপর ততটা ভরসা রাখা কঠিন। অন্যান্য দল নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলবে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ হয়তো খানিকটা ব্যাক ফুটে থাকবে। যে অঞ্চলে বিশ্বকাপ খেলা হচ্ছে, তার ওপর ভিত্তি করেই আমি এ কথা বলছি। তবে এখন সময় এসেছে আমাদের দলের দিকে তাকানোর। আমাদের মতো যাদের প্রথম রাউন্ড খেলতে হচ্ছে, তাদের বিশ্বকাপ কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে।
বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছে। যে রকম উইকেটে তারা সিরিজ জিতেছে, তা টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়দের খুব বেশি আত্মবিশ্বাসী করবে বলে মনে হয় না। তবে জয়ের যে ধারাবাহিকতা নিয়ে (প্রস্তুতি ম্যাচ বাদে) বাংলাদেশ বিশ্বকাপে গেল, তা অবশ্যই কাজে লাগবে।
অবশ্য মাহমুদউল্লাহর ফিটনেস আর মুশফিকের ফর্ম নিয়ে আমি কিছুটা চিন্তিত। মোহাম্মদ নাঈমকে ওপেনার হিসেবে ভাবা হয়েছিল, তাঁর জায়গায় সৌম্যকে হয়তো আনা হতে পারে। সে ভালো করছে। সৌম্য বোলিংয়েও কাজে আসবে।
তবে সাকিবের ওপর আলাদা করে চোখ রাখতেই হবে। আইপিএলে তাঁর পারফরম্যান্স ব্যাটিংয়ে তেমন আশাব্যঞ্জক না হলেও বোলিংয়ে ভালো করেছে। কলকাতা নাইট রাইডার্সে সাকিব ওপরে ব্যাট করতে পারেনি। বাংলাদেশ দলে সে সুযোগ আছে এবং সেখানে তাঁর দায়িত্বও বেশি। জাতীয় দলের তাঁর কাছে যে প্রত্যাশা, সেটি মেটাতে সাকিবকে ব্যাটিং–বোলিং দুই বিভাগেই ভালো করতে হবে। সাকিবের কাছ থেকে সে রকম পারফরম্যান্স পাওয়া গেলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আমি সে আশা নিয়েই চোখ রাখব এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে।