সাকিবের চোখে কেকেআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। কিন্তু এবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজ থাকায় কেকেআরের জার্সিতে খুব বেশি দেখা যাবে না সাকিব আল হাসানকে। দেশে ফিরতে হবে প্রথম দুটি ম্যাচ খেলেই। তবে তাঁর অনুপস্থিতিতেও নাইট রাইডার্সের খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন সাকিব। কেকেআর তাঁর দৃষ্টিতে খুবই ভারসাম্যপূর্ণ দল।
আইপিএলের সর্বশেষ আসরে কলকাতার হয়ে ১৩টি ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে ৩২.৪২ গড়ে করেছেন ২২৭ রান, বল হাতে ৩০.৩৬ গড়ে ১১ উইকেট। সুনীল নারাইনের পর দলের হয়ে সবচেয়ে কৃপণ বোলিং পরিসংখ্যানও ছিল সাকিবের। ওভারপ্রতি ৬.৩৫ রান দিয়েছেন নারাইন, সাকিব দিয়েছেন ৬.৬৮। কিন্তু এবার আইপিলের মাঝপথেই পড়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি। ১৭ এপ্রিল শুরু হয়ে যেটি শেষ হবে ১০ মে। কলকাতার হয়ে ৮ ও ১১ এপ্রিলের দুটি ম্যাচ খেলেই তাই বাংলাদেশে ফিরতে হচ্ছে সাকিবকে। তবে তিনি না থাকলেও দলের খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন এ মুহূর্তে টেস্ট ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার, ‘আমাদের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। এটা অনেক বড় টুর্নামেন্ট। মাঝপথে এমনিতেও যে কেউ চোটের জন্য ছিটকে যেতে পারে। সুতরাং বিকল্প রাখতেই হয়।’
সূচি অনুযায়ী আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হচ্ছে ১৭ মে। সে ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর ১৪ ও ১৬ মে গ্রুপ পর্বে নাইট রাইডার্সের শেষ দুটি ম্যাচেও খেলার সম্ভাবনা আছে সাকিবের। যতগুলো ম্যাচই খেলার সুযোগ পান, দলের হয়ে সর্বোচ্চটাই দিতে চান সাকিব, ‘আমার ইচ্ছে আছে গ্রুপের শেষ দুটি ম্যাচেও খেলার। আমি চাই, গত মৌসুমের মতো দলের সাফল্যে অবদান রাখতে।’ টেলিগ্রাফ, পিটিআই।