সাকিবের জরিমানা, নিষিদ্ধ সোহাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ারের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করায় একই দিনে কাঠগড়ায় সাকিব আল হাসান ও সোহাগ গাজী। এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে সোহাগের জরিমানা হয়েছে ১০ হাজার টাকা। আর সাকিবকে শুধু জরিমানা গুনতে হবে ১০ হাজার টাকা।
সাকিবের ঘটনাটা বিকেএসপিতে। ব্রেন্ডন টেলরের বিপক্ষে জোরালো এলবিডব্লুর আবেদন করেছিলেন সাকিব, আম্পায়ার সাড়া না দেওয়ায় হতাশার প্রকাশটা ছিল বাড়াবাড়ি রকমের। ম্যাচ রেফারি ওবায়দুল হক আজমের ভাষায়, ‘আম্পায়ার মিজানুর রহমানকে যে ভাষায় গালি দিয়েছে সাকিব, সেটা বলারও অযোগ্য।’ সাকিবের দল লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমানের দাবি, পরিষ্কার এলবিডব্লু ছিলেন টেলর। তবে বাস্তবতা হলো, ৫৬ বলে ২৩ রান করা টেলর ম্যাচে তেমন প্রভাবই রাখতে পারেননি।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সোহাগের ম্যাচ ছিল মিরপুরে। ব্যাটিংয়ে নাঈম ইসলামের বলে এলবিডব্লু হওয়ার পরও অনেকক্ষণ উইকেটে দাঁড়িয়ে ছিলেন ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এই অফ স্পিনার। পরে ড্রেসিংরুমে ফিরেও গালিগালাজ করেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদকে। বিসিবির আচরণবিধির লেভেল-১ ভাঙার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সাকিব। সোহাগ দোষী হয়েছেন লেভেল-২ ভাঙার অভিযোগে, যা আরও গুরুতর। শাস্তিও তাই বেশি সোহাগের ঘাড়ে।