সাকিবের টেস্ট না খেলা প্রসঙ্গে বিস্মিত বিশপ

>৪৩ টেস্টে ১৬১—ইয়ান বিশপের পুরোটা বলে না। ক্যারিয়ার তাঁর অপূর্ণ থেকে গেছে চোটাঘাতে পড়ে। খেলোয়াড়িজীবন পরিপূর্ণ না হলেও সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার সফল হয়েছেন ধারাভাষ্যকার হিসেবে। দুদিন আগে প্রথম আলোর প্রতিনিধি রানা আব্বাসের সঙ্গে বিশপের যে আলাপচারিতা হলো, সেটির ডালপালা ছড়াল নানা দিকে। একটা পর্যায়ে সেটি চলে গেল সাকিবের টেস্ট না খেলা নিয়ে বিসিবি সভাপতির মন্তব্যেও
শুধু ধারাভাষ্যকক্ষের সামনেই নয়, একই হোটেলে থাকায় ইয়ান বিশপের সঙ্গে নিয়মিত দেখা হচ্ছে নাশতার টেবিলে, পুলসাইডে। রৌদ্রকরোজ্জ্বল দিনে পুলওভার পরে থাকেন, মাথায় সাদা ক্যাপ। আসতে-যেতে ‘হাই-হ্যালো’র ফাঁকে বিশপের সঙ্গে এক দুপুরে আলাপটা বেশ জমে উঠল।
ক্যারিয়ারের শুরুটা তাঁর হয়েছিল অনেক প্রতিশ্রুতি নিয়ে। বিশপের শুরুটা যতটা আলো ছড়িয়ে, শেষটা ততটাই হতাশার। সর্বকালের সেরাদের একজন হওয়ার সম্ভাবনা যাঁর ছিল, তিনিই হয়ে গেলেন ক্যারিবীয় ক্রিকেটের বড় দীর্ঘশ্বাস। চোটের কাছে বারবার হার মেনে খেলোয়াড়ি জীবনের অকাল সমাপ্তি হলো তাঁর। তবে হাল তিনি নাম করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ধারাভাষ্যকক্ষে তাঁর সরব উপস্থিতি।
গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে জিতেছে, বিশপ মনে করেন সাকিব-তামিমদের উচিত এই ছন্দটা ধরে রেখে সিরিজটা জিতে নেওয়া। তবে তিনি ভেবেই পাচ্ছেন না, টেস্ট সিরিজে বাংলাদেশ কেন এতটা বাজে খেলল, ‘আমি হতাশ হয়েছিলাম। হতাশ হয়েছিলাম এ কারণে, ওয়েস্ট ইন্ডিজের বাইরে আমি যে কটি দলের ভীষণ ভক্ত বাংলাদেশ তার একটি। উপমহাদেশের দলের সঙ্গে আমার একটা যোগ আছে। এই দলগুলোর প্রতি তাই আলাদা একটা টান কাজ করে। অবশ্যই চাইব ওয়েস্ট ইন্ডিজ জিতুক। তবে বাংলাদেশের রেকর্ডও তো খারাপ নয়। মোটেও আশা করিনি সাকিব-তামিম-মাহমুদউল্লাহ এবং মুশফিক ৫০ ওভার ব্যাটিং করতে পারবে না।’
টেস্ট-প্রসঙ্গ যখন উঠল, চলে এল কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসানের মন্তব্যটাও। বিসিবি সভাপতি বলেছেন, সাকিব আল হাসান না কি টেস্ট খেলতে চান না। বিষয়টা বিশপকে জানাতে তিনি বেশ অবাকই হলেন, ‘প্রতিটি প্রজন্মের নিজস্ব ভালো লাগা আছে। আমি টি-টোয়েন্টি ক্রিকেটও পছন্দ করি। জানি না সাকিবের ভাবনায় কী কাজ করছে। সাকিবের উচিত বোর্ডের শীর্ষকর্তা কিংবা সভাপতির সঙ্গে একবার বসা। সে কী চায় সেটা ব্যাখ্যা করা। আমি এটা নিয়ে বলতে পারব না। ওর সঙ্গে তো আর আমি এটা নিয়ে আলোচনা করিনি। তবে এটা বলতে পারি, যে টেস্টকে ভীষণ ভালোবাসে, যে এই সংস্করণে দলকে আরও সামনে নিয়ে যেতে চায় তাকে অধিনায়কত্ব দেওয়াটা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। শুধু শুধু সাকিবকে নিয়ে কোনো কিছু ছড়ানো ঠিক না। সময় যখন হবে, সে নিজেই এ ব্যাপারে বলবে।’
ইয়ান বিশপের একান্ত সাক্ষাৎকার থাকছে কাল প্রথম আলোয়