সাকিবের দলবদল নিয়ে 'খেলা'

কমেছে নিষেধাজ্ঞার মেয়াদ, ঢাকা প্রিমিয়ার লিগ খেলতেও বাধা নেই। সব ঠিকঠাক থাকলে আজ দলবদল করার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু খুব নাটকীয় কিছু না হলে সেটা আর হচ্ছে না। কারণ ‘সব ঠিকঠাক’ নেই। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান আ জ ম নাসির কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের দ্বিতীয় দফা দলবদল শুরুর দিন বললেন, ‘সাকিবের আজ বা কালকের মধ্যে দলবদল করতে হবে, এমন কোনো কথা নেই। বোর্ডের ক্ষমতাবলে সাকিব লিগ শুরুর আগে যেকোনো সময় দলবদল করতে পারবে। তবে কোন প্রক্রিয়ায় সাকিবের দলবদল হবে, সে ব্যাপারে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত দেবে। সেই অনুযায়ী আমরা যেকোনো সময় সাকিবের দলবদল আয়োজন করতে পারব।’
সাকিবের জন্য বিশেষ দলবদলের প্রয়োজন হচ্ছে, কারণ সাকিবের জন্য বিশেষ ব্যবস্থার কথা ভেবেছিল বোর্ড। পরশুর বোর্ড সভায় একগাদা আলোচ্যসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাকিব। নিষেধাজ্ঞা কমিয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর আলোচনা গড়ায় প্রিমিয়ার লিগে সাকিবের দলবদলের পদ্ধতি নিয়ে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, গাজী ট্যাংক ক্রিকেটার্স যেন কোনোভাবেই সাকিবকে দলে না নিতে পারে, এ নিয়ে খোলামেলাই আলোচনা হয়েছে সভায়। প্রথম দফার দলবদলে পুলের কোটার তিনজনের একটি জায়গা ফাঁকা রেখেছে গাজী ট্যাংক। দলের স্বত্বাধিকারী লুৎফর রহমান সে সময় জানিয়েছিলেন, সাকিবের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে। তাঁকে নিতেই একটি জায়গা খালি রাখা হয়েছে।
পরশু সভা শেষে বিসিবি-প্রধান নাজমুল হাসান জানিয়েছিলেন, সাকিবের দলবদলের প্রক্রিয়া ঠিক করবে সিসিডিএম। এমনিতে বাকি সব ক্রিকেটারের মতোই নিজের পছন্দমতো দল বেছে নেওয়ার অধিকার থাকার কথা সাকিবের। পুলের খেলোয়াড়দের দলবদল আগেই হয়ে যাওয়ায় সেই অধিকারের সীমা যে একটু সীমাবদ্ধ হয়ে পড়েছে, এটাও এক ধরনের ‘শাস্তি’ই তাঁর জন্য। অথচ গত পরশু বিসিবির সভার পরই অনুষ্ঠিত সিসিডিএমের সভায় বিস্ময়কর এক সিদ্ধান্ত হয়, পুলের একজন ক্রিকেটারও নেয়নি, শুধু ওই ক্লাবগুলোই নিতে পারবে সাকিবকে। সেটাও ৪০ লাখ টাকা ভিত্তিমূল্যে লটারির মাধ্যমে। শুধু সাকিবের জন্য ভিন্ন নিয়ম করা আর বোর্ড সভার ওই আলোচনাকে পাশাপাশি ভাবলে দুইয়ে দুইয়ে চার মেলাতে অসুবিধা হওয়ার কথা নয়।
সাকিবের নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্তের চেয়ে কাল এই সাকিবের দলবদল-জটিলতা নিয়েই বেশি সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। একটি টেস্ট খেলুড়ে দেশের বোর্ড সভায় নির্দিষ্ট একটি ক্লাবের একজন ব্যক্তিকে নিয়ে অমন খোলামেলা আলোচনা যে কারও কাছেই বিস্ময়কর মনে হতে বাধ্য। দেশের শীর্ষ ক্রিকেটারকে এমন গিনিপিগ বানানোও জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের।
এর পেছনের কারণটা বোঝাই যাচ্ছে। তবে পুলের ক্রিকেটারদের দলবদলের সময় সাকিব নিষিদ্ধ থাকায় ‘অফিশিয়াল’ কিছু কারণও মিলেছে। কাল সেসব ব্যাখ্যা করলেন সিসিডিএম-প্রধান, ‘একটা জটিলতা তৈরি হয়েছে সাকিবকে নিয়ে। প্রকৃতপক্ষে সে পুলের খেলোয়াড়, কিন্তু পুলে তার নাম ছিল না। এখন ওকে পুলের তালিকায় রাখলে যেসব দল ইতিমধ্যে পুলের তিনজন খেলোয়াড় নিয়ে নিয়েছে, তারা বলছে, আমরা বঞ্চিত হব কেন? তারা তো দায়ী না। আবার যারা পুলের কোনো খেলোয়াড় নেয়নি, তারা বলছে আমাদের অগ্রাধিকার দেওয়া হোক। আবার একটা পক্ষ চাইছে, সাকিব মাঠে না নামলেও তাদের সমস্যা নেই, তারা এই জটিলতা চায় না। এখন এসব জটিলতা মাথায় নিয়ে বোর্ডকে একটা সিদ্ধান্ত নিতে হবে।’
সাকিবের খেলা নিয়ে পর্দার আড়ালে যে খেলা হচ্ছে, সেই প্রশ্নও করা হয়েছিল ঘুরিয়ে-ফিরিয়ে। সিসিডিএম-প্রধান আশ্বস্ত করতে চাইলেন সবাইকে, ‘আমরা কোনো দলের প্রতি বৈষম্য করতে চাই না। কোনো দলের প্রতি পক্ষপাতও নেই। আমরা চাই, সব দল যেন সমান সুযোগ পায়। আবার খেলোয়াড় হিসেবে সাকিবের একটা অধিকার আছে, মানুষ হিসেবে অধিকার আছে। পছন্দ-অপছন্দ আছে। সেগুলোও যাতে ক্ষুণ্ন না হয়, তা দেখা হবে।’
ঢাকার ক্লাব রাজনীতির কূটচালের মধ্যে আসলেই দেখা হবে তো?