‘সাকিবের দলে থাকলে কাজ সহজ হয়ে যায়’

সাকিব দলে থাকায় ভরসা পাচ্ছেন খালেদ মাহমুদছবি: বিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল দলে সাকিব আল হাসানকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত খালেদ মাহমুদ। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন। নিউজিল্যান্ডে মোটামুটি সফল একটা সফর শেষ করে এসেই বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন তিনি। ফরচুন বরিশালের হেড কোচ হিসেবে কাজ করবেন তিনি। কোচ হিসেবে দলে সাকিবের মতো একজন ক্রিকেটারকে পাওয়ার উচ্ছ্বাসটা গোপন রাখতে পারেননি মাহমুদ।

সাকিব আল হাসান খেলবেন এবার বরিশাল দলে
ফাইল ছবি: প্রথম আলো

সাকিবের সঙ্গে নিজের রসায়নটা সব সময়ই ভালো, এমনটাই বলেছেন তিনি, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। যে দলে সাকিব থাকে, সে দলের হয়ে কাজ করাটা সব সময়ই সহজ হয়। আমি আর সাকিব এর আগে ঢাকা ডায়নামাইটসের (এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটি খেলছে না) হয়ে চার বছর কাজ করেছি। সাকিবের সঙ্গে আমার রসায়ন সব সময়ই ভালো।’

ফরচুন বরিশালের হেড কোচ খালেদ মাহমুদ
ছবি: বিসিবি

বরিশালের দলটা অনেক চিন্তাভাবনা করেই করা। তবে টি–টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে একটি দল কতটা ভালো করে, সেটিই অনেক বড় ব্যাপার। আশাবাদী হওয়ার ব্যাপারে সেটিও মাথায় রেখেছেন মাহমুদ, ‘অনেক চিন্তাভাবনা করেই দল করা। এবারের বিপিএলে প্রতিটি দলই শক্তিশালী বলে আমি মনে করি। মাঠের পারফরম্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ। মোমেন্টাম একটা বড় ব্যাপার। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট ভালো দল আমরা।’