সাকিবের দিনটা অন্য রকম হতে পারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশ্র অভিজ্ঞতা হলো সাকিবের। ফাইল ছবি
মিশ্র অভিজ্ঞতা হলো সাকিবের। ফাইল ছবি

গত বছর ১৩ ম্যাচে ২২৭ রান করেছেন, সঙ্গে ১১ উইকেট। কলকাতার দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হওয়ায় অনেক বড় ভূমিকা আছে সাকিব আল হাসানের। আছে বলেই মাত্র দুটো ম্যাচ খেলতে পারবেন জেনেও তাঁকে উড়িয়ে নিয়ে গেছে নাইটরা।
এবার চাইলেও দলে সে রকম ভূমিকা রাখার সুযোগ নেই। কিন্তু যে দুটো ম্যাচ খেলতে পারবেন, তার প্রথমটায় সাকিবের অভিজ্ঞতা হলো মিশ্র।
না, বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা দাপুটে জয় দিয়েই শুরু করেছে। রোহিত শর্মার অপরাজিত ৯৮ আর কোরি অ্যান্ডারসনের অপরাজিত ৫৫ রানে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। গৌতম গম্ভীরের ৫৭, মনীষ পাণ্ডের ২৪ বলে​ ৪০ আর সূর্যকুমার যাদবের ২০ বলে ৪৬ রানে অনায়াসে সেই চ্যালেঞ্জ পেরিয়ে গেছে কলকাতা। জিতেছে সাত উইকেটের বড় ব্যবধানে।
দল জিতেছেন বলে খুশি। কিন্তু সাকিব শুধু দলের জয় পেয়েই তৃপ্ত হলে তো আর ‘সাকিব’ হয়ে উঠতেন না। তিনি তাতে বড় অবদানও রাখতে চান। ব্যাট হাতে নামারই সুযোগই পাননি। বল হাতে পুরো চার ওভার বোলিং করে ওভারে দিয়েছেন ১২ করে রান!
অথচ সাকিবের দিনটা অন্য রকম হতে পারত। নিজের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন। উইকেট পেতে পারতেন নিজের পরের বলটাতেই। কিন্তু ডিপ মিডউইকেটে সহজ ক্যাচটা ফেললেন আন্দ্রে রাসেল। সেটাও কোরি অ্যান্ডারসনের ক্যাচ! অ্যান্ডারসন বেঁচে গেলেন আবারও। এবার সাকিব আর ইনিংসের শেষ ওভার। ক্যাচটা আগেরটার তুলনায় কঠিন ছিল। হাতে জমিয়েও ফেলেছিলেন মরনে মরকেল। কিন্তু ফসকে গেল!
যে অ্যান্ডারসন অনেক আগেই ফিরে যান, সেই তিনি শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থাকলেন। সাকিবের ওপরই চড়াও হলেন বেশি। ৯ বলে তুললেন ২৩ রান। সাকিবের বলে​ দুটো ছক্কাও মেরেছেন। দুটোই শেষ ওভারে। আর সেই শেষ ওভারে ২০ রান বেরোল সাকিবের ওভার থেকে। টানা দুই বলে দুটো উইকেট পেতে পারতেন। নামের পাশে তিনটা উইকেট থাকতে পারত। হতে পারতেন দিনের সেরা বোলার। সেই সাকিব শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৮ রান দিয়ে ওই প্রথম ওভারের উইকেটটাই।
শেষ পর্যন্ত সাকিবের নায়ক হওয়া হয়নি। ব্যাটসম্যানদের ঝড় তোলার রাতে ম্যাচের নায়কও একজন বোলার। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট। মরকেল চেপে না ধরলে মুম্বাইয়ের রানটা আরও বড় হতে পারত।
আর দল না জিতলে সাকিবের বকুনিও পাওনা ছিল রাসেলের!