সাকিবের পথে হাঁটার স্বপ্ন সাব্বিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় স্বপ্নের সাহস দেখাচ্ছেন সাব্বির। ছবি: প্রথম আলো
বড় স্বপ্নের সাহস দেখাচ্ছেন সাব্বির। ছবি: প্রথম আলো
>নতুন দিন। নতুন বছর। নতুন আশা। নতুন স্বপ্ন। নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দলের আগামীর তিন কান্ডারি তিন তরুণ তুর্কিকে নিয়ে তিনটি বিশেষ ফিচার প্রথম আলোর পাঠকদের জন্য। এই পর্বে থাকছে সাব্বির রহমানের স্বপ্নের গল্প....

বেশির ভাগ সময় বল উড়িয়ে মারতেই ভালোবাসেন। সে বলের ঠিকানা কেবল সীমানার ওপার নয়, কখনো কখনো তা আছড়ে পড়ে গ্যালারিতে! পরিস্থিতির দাবি মেনে ব্যাটিং অর্ডারে ছয়-সাতে নেমেই সাব্বির রহমান খেলতে পারেন কার্যকরী ইনিংস। সঙ্গে দুর্দান্ত ফিল্ডার তকমা তো আছেই।
বোলিংটা অবশ্য সব সময় করা হয় না। দলের পরিস্থিতি বুঝে কখনো-সখনো বল তুলে নেন হাতে। তবে সাব্বিরের স্বপ্ন, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই নিজেকে চেনাতে চান দুর্দান্ত রূপে। হতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। কয়েক বছর আগেও বাংলাদেশের কেউ বিশ্বের এক নম্বর হয়েছে, এটা হয়তো স্বপ্ন দেখারও সাহস পেত না কেউ। কিন্তু সেই স্বপ্নকে সত্যি করেছেন সাকিব আল হাসান। সাব্বিরও সাকিবের পথে হাঁটতে চান, ‘স্বপ্ন দেখি একদিন বিশ্বসেরা অলরাউন্ডার হব। তবে একদিনেই তো হওয়া যাবে না। ধাপে ধাপে এগোতে চাই।’
একবার জানিয়েছিলেন, তাঁর সংগ্রহে হ্যাটট্রিক বল আছে। ঘরোয়া ক্রিকেটে একবার হ্যাটট্রিক করেছিলেন। বলের সংগ্রহটা আরও বাড়াতে চান। চান দুর্দান্ত বোলিং করতে।
খেলা নিয়ে তো কতই স্বপ্নের ফানুস ওড়ানো হয় মনের আকাশে। এর বাইরেও কি নানা স্বপ্ন উঁকি দেয় না? সাব্বিরের স্বপ্নটা অবশ্য সৌম্যের মতোই, ঘোরাঘুরি। ঘুরে দেখতে চান স্পেন, ইতালি ও ব্রাজিল, ‘স্বপ্ন আছে, তিনটা দেশে যাব। স্পেন, ইতালি ও ব্রাজিল। প্রথম দুটি খুব সুন্দর দেশ। তবে ব্রাজিল কেন? ফুটবলে আমি ব্রাজিলের সমর্থক। এ দেশটা দেখার খুব ইচ্ছা।’
২০১৫ সালে ওয়ানডেতে বাংলাদেশ দলের সাফল্যের অন্যতম কারণ ছিল দলের সিনিয়র-জুনিয়রদের দারুণ সমন্বয়। একেকটি সিরিজ জয়ে স্বপ্নের রেখাটা বড় হয়েছে ক্রমেই। যদি এ রেখাটা আরও বড় করা যায়, তবে সেটি কোন মাইলফলক স্পর্শ করবে? অবশ্যই বিশ্বকাপ জয়। এমনিতেই ২২ গজে ভয়ডরহীন।
বড় স্বপ্ন দেখতেও ভয় পান না সাব্বির, ‘২০১৫-এ তরুণ-সিনিয়রের দারুণ সমন্বয় ছিল দলে। এ কারণে অনেক সাফল্য পেয়েছি। এ সাফল্যে আমাদের স্বপ্নটাও অনেক বড় হয়েছে। এ ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি, বিশ্বকাপ জেতা কঠিন কিছু নয়। হতে পারে সেটা আগামী ১০ বছরের মধ্যেই। গত বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনালে খেলেছি। ফাইনাল থেকে মাত্র দুই ম্যাচ দূরে ছিলাম। সামনের বিশ্বকাপে কেন আরও দূরে যাওয়ার লক্ষ্য থাকবে না? এভাবেই এগোতে এগোতে একদিন আইসিসির কোনো একটা টুর্নামেন্ট জিতে যাব ইনশা আল্লাহ।’
বড় স্বপ্ন দেখার সাহসই জোগাচ্ছেন সাব্বির। ফলে আশায় বুক বাঁধতেই পারেন।