সাকিবের পর শুভাগত
প্রথম দিনে ৬ উইকেট। দ্বিতীয় দিনে সেঞ্চুরি। কাল ফতুল্লায় তৃতীয় দিনে আরও বড় কীর্তিতে নাম উঠে গেল শুভাগত হোমের। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পেয়েছেন মধ্যাঞ্চলের অফ স্পিনার। ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ১০ উইকেট! প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অলরাউন্ড এই কীর্তিতে নাম লেখালেন শুভাগত। প্রথমজন সাকিব আল হাসান। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ১০ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।
শুভাগতর সঙ্গে ৪ উইকেট নিয়েছেন মধ্যাঞ্চলে অনিয়মিত বাঁহাতি স্পিনার তাইবুর রহমানও। ৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণাঞ্চল অলআউট ৩১৭ রানে। নয়ে নেমে ৬ চার ও ৫ ছক্কায় সর্বোচ্চ ৭৬ রান অধিনায়ক আবদুর রাজ্জাকের। ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৭ রান তুলেছে মধ্যাঞ্চল।
চট্টগ্রামে উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচে তিন দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। বিনা উইকেটে ২৮ রান নিয়ে দিন শুরু করা উত্তর ৬ উইকেটে ২৭৬ রান করেছে প্রথম ইনিংসে। ২২৬ বল খেলে ৮৫ রানে অপরাজিত নাঈম ইসলাম। পূর্বাঞ্চলের চেয়ে এখনো ২১৪ রানে পিছিয়ে দলটি।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ২৬০ ও ৭৮ ওভারে ৩১৭ (রাজ্জাক ৭৬, শাহরিয়ার ৭২, তুষার ৪৪, জিয়া ৩৪, এনামুল ৩০; তাইবুর ৪/৫২, শুভাগত ৪/৭৭, হায়দার ২/৬১)। ওয়ালটন মধ্যাঞ্চল: ২৯৯ ও ৪ ওভারে ৭/১ (সাদমান ৬; মোস্তাফিজ ১/১)।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৬৯.৫ ওভারে। বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৯৮ ওভারে ২৭৬/৬ (নাঈম ৮৫*, ধীমান ৪০, নাজমুল ৩৫, সোহরাওয়ার্দী ৩৫*; অলক ১/১৫, তাসামুল ১/২৮, আবুল হাসান ১/৩৩, সাকলাইন ১/৪৪, আফিফ ১/৫৩, জায়েদ ১/৬৭)।