সাকিবদের পাশে অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও উইকেট অশ্বিনের, আবারও উদ্‌যাপনের মধ্যমণি ভারতের অফ স্পিনার। ছবি: এএফপি।
আবারও উইকেট অশ্বিনের, আবারও উদ্‌যাপনের মধ্যমণি ভারতের অফ স্পিনার। ছবি: এএফপি।

কীর্তিটা দুবছর আগেই গড়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয়বারের মতো একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার সেই কীর্তি সাকিবকে নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। ব্র্যাকেটবন্দী হয়েছিলেন স্যার গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিসদের সঙ্গে। কাল সাকিবদের পাশে বসলেন রবিচন্দ্রন অশ্বিনও। অ্যান্টিগা টেস্টে সেঞ্চুরির পর ৭ উইকেট নিয়ে এই দলে নাম লেখালেন ভারতের এই অলরাউন্ডার।
মজার ব্যাপার হচ্ছে, একই টেস্টে সেঞ্চুরি আর ৫ উইকেট নেওয়ার কীর্তিটা অশ্বিন প্রথম করেছিলেন সাকিবেরও আগে। ২০১১ সালের ডিসেম্বরে ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে সাকিব সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার ঠিক এক মাস আগে অশ্বিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুম্বাই টেস্টে সেঞ্চুরির পাশাপাশি নিয়েছিলেন ৫ উইকেট। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে সাকিব আবারও একই কীর্তি গড়ার ঠিক দুই বছর পর অশ্বিন আবারও জ্বলে উঠলেন। প্রিয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে নিজেকে নিয়ে গেলেন সোবার্স, বোথাম, ক্যালিস, মুশতাক মোহাম্মদ ও সাকিবদের পাশে। অশ্বিন অলরাউন্ডার হিসেবে সার্থক—এটা তো এখন বলা যায়ই।
একই টেস্টে সেঞ্চুরি আর ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব কিন্তু অনেকেরই আছে। তবে সোবার্স-মুশতাক-বোথাম-ক্যালিস-সাকিব-অশ্বিনদের কৃতিত্ব হচ্ছে এমন কীর্তির গৌরব একাধিকবার নিজেদের করে নেওয়ার। ইংলিশ অলরাউন্ডার বোথাম এই ছয়জনের মধ্যেও নিজেকে এগিয়ে রেখেছেন দারুণ ব্যবধানে। একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি বোথাম একাই করেছেন পাঁচবার।
বোথাম আবার এর মধ্যেই আরও একটি কৃতিত্বের অধিকার—টেস্টে সেঞ্চুরির পাশাপাশি সাত বা সাতের বেশি উইকেট নেওয়া। এমন কীর্তি বোথাম গড়েছেন দুবার। সেঞ্চুরির পাশাপাশি সাত বা সাতের বেশি উইকেট একবারই পেয়েছেন জ্যাক গ্রেগরি। তিনি সেঞ্চুরির পাশাপাশি পেয়েছিলেন ৮ উইকেট। তাও ১৯২০ সালে, মেলবোর্নে। বোথাম ১৯৭৮ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে একবার, ১৯৮০ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আরও একবার সেঞ্চুরির পাশাপাশি পেয়েছিলেন ৮ উইকেট। ৩৬ বছর পর অ্যান্টিগায় অশ্বিন সেঞ্চুরির পাশাপাশি ৭ উইকেট নিয়ে বোথাম-গ্রেগরিদের পাশে নাম লেখালেন। এই জায়গায় তিনি এগিয়ে রইলেন সোবার্স, ক্যালিস, মুশতাক মোহাম্মদ ও সাকিব আল হাসানের চেয়েও।
অশ্বিন নিজেকে কতটা ওপরে নিয়ে যাচ্ছেন, সেটা বোঝা যাবে আরেকটা পরিসংখ্যান থেকে। অ্যান্টিগা টেস্টসহ অশ্বিন ম্যাচসেরা হয়েছেন পাঁচ বার। অশ্বিনের অভিষেকের পর ভারতের আর কোনো খেলোয়াড় এত বেশি বার ম্যাচসেরা হতে পারেননি। ৩৩ টেস্ট শেষে অশ্বিনের উইকেট এখন ১৮৩। ৩৩ টেস্ট খেলার পর এর চেয়ে বেশি উইকেট ছিল কেবল পাকিস্তানের ওয়াকার ইউনিস ও ইংল্যান্ডের সিডনি বার্নসের। এখন পর্যন্ত ক্যারিয়ারে মোট ১৭ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন অশ্বিন। সমানসংখ্যক টেস্ট খেলে ইনিংসে এর চেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল শুধু ওয়াকারের।