সাকিবের ব্যস্ত দিন

ব্যস্ততা তাঁর আগেও ছিল। তবে আজকের ব্যস্ততা নিশ্চয় অন্য রকম। নিষেধাজ্ঞার ফাঁড়া কাটিয়ে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে আজ অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। নিষিদ্ধ সময়েও অনুশীলন করেছিলেন বটে, তবে তা একাকী। ফলে এ অনুশীলন দেশ-সেরা অলরাউন্ডারের জন্য অন্য রকমই বলতে হবে।

আগামী মাসে ইনচনে অনুষ্ঠেয় এশিয়াডে দলের সঙ্গে সাকিবকে পাঠানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। ফলে এ অনুশীলন বিশ্ব-সেরা টেস্ট অলরাউন্ডারের জন্য ভীষণ জরুরি। অনুশীলনের প্রথম দিনে নেটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন সাকিব। ব্যাটিং-বোলিং—দুই অনুশীলন করেছেন।
শৃঙ্খলা ভঙ্গের বেশ কিছু অভিযোগে গত ৭ জুলাই সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল সাকিবকে। শাস্তি হওয়ার সপ্তাহ দুয়েক পরই তা কমানোর আবেদন করেন সাকিব। ২৬ আগস্ট বিসিবির বোর্ড সভায় কমানো হয়েছে সাকিবের শাস্তির মেয়াদ। এতে করে একে একে নানা প্রতিবন্ধকতা দূর হচ্ছে সাকিবের। নিষেধাজ্ঞা থাকায় ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দফার দলবদলে অংশ নিতে না পারলেও দ্বিতীয় দফার দলবদলে পছন্দের দল বেছে নিতে পেরেছেন। এবার দলীয় অনুশীলনেও যোগ দিলেন বিশ্ব-সেরা অলরাউন্ডার।