সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত আজ
মাঠের ক্রিকেটের চেয়ে প্রশাসনিক ব্যাপার অনেক সময়ই বড় খবর হয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেটে। আজকের বিসিবি সভাটি যেমন! এই সভা কবে, হবে হবে করেও কেন হচ্ছে না, দেরিই বা হচ্ছে কেন, দেশের ক্রিকেটাঙ্গনে এই প্রশ্ন কিছুদিন ধরেই। সবচেয়ে বেশি অপেক্ষা ছিল সাকিব আল হাসানের। এটি যে তাঁর ভাগ্যনির্ধারণী সভা! বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের অপেক্ষার শেষ হচ্ছে আজ। আজকের বোর্ড সভাতেই সিদ্ধান্ত হবে সাকিবের শাস্তি কমছে কিনা।
শৃঙ্খলাভঙ্গের বেশ কিছু অভিযোগে গত ৭ জুলাই সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয় সাকিবকে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, ২০১৫ সাল পর্যন্ত দেশের বাইরে সব ধরনের ঘরোয়া ক্রিকেটে খেলার ছাড়পত্রও দেওয়া হবে না। শাস্তি ঘোষণার পর থেকেই তুমুল সমালোচনা হয়ে আসছে এটা নিয়ে। তবে বিসিবি ছিল সিদ্ধান্তে অনড়। পরে গত ২০ জুলাই শাস্তি কমানোর আবেদন করেন সাকিব। সেই পরিপ্রেক্ষিতেই তখন বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, বোর্ড সভায় আলোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। তখন ঈদের পরপরই বোর্ড সভা হওয়ার কথা জানালেও নানা কারণে সেটি পিছিয়ে এসেছে আজ। গত কিছুদিনে বিসিবি-প্রধান আর বোর্ড কর্তাদের কথায় ইঙ্গিত মিলেছে শাস্তি কমানোর। শেষ পর্যন্ত কী হয়, সেটি জানতে আজকের বিসিবি সভার দিকে শুধু সাকিব নন, তাকিয়ে আছে পুরো দেশই।