সাকিবের ভাবনা ভুল বানিয়ে ছাড়লেন ব্যাটসম্যানরা
>স্পিনারদের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিততে চেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। সে কারণেই চেয়েছিলেন স্পিন সহায়ক উইকেট। কিন্তু চট্টগ্রাম টেস্ট আফগান স্পিনারদের বিপক্ষে উল্টো বাংলাদেশের ব্যাটসম্যানদের হাঁসফাঁস করতে দেখে প্রশ্নটা আসছে, তবে কি নিজেদের ফাঁদেই পড়ল বাংলাদেশ?

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান, দুই নির্বাচক কিংবা প্রধান কোচ—সবার সম্মিলিত মতামত অনুযায়ী যেসব ‘অপশন’ দেওয়া হয়েছিল সাকিব আল হাসানকে:
১. ন্যাড়া উইকেট
২. ঘাসের উইকেট
৩. ‘ট্রু’ উইকেট
৪. ঘূর্ণি উইকেট
সাকিব আত্মবিশ্বাসের সঙ্গে টিক মেরেছেন শেষটিতে। আফগানিস্তান দলে দুর্দান্ত সব স্পিনার আছে, বাংলাদেশ টেস্ট অধিনায়কের সেটি খুব ভালো করে জানাই। তবুও কেন স্পিন-সহায়ক উইকেটই বেছে নিলেন তিনি? তিনি চেয়েছিলেন নিজেদের স্পিন-শক্তির পূর্ণ ব্যবহার করে টেস্টটা জিততে। তা ছাড়া ইতিহাসও ছিল স্পিনের পক্ষেই। দেশের মাঠে গত তিন বছরে বাংলাদেশ যতগুলো টেস্ট জিতেছে, তার সবগুলোতেই নায়ক স্পিনাররা। সাকিব যদি এমনটা ভেবে থাকেন, তাঁকে দোষ দেওয়া ঠিক নয়।
ন্যাড়া উইকেট নিয়েও সাকিবের এক ধরনের ভাবনা ছিল। সেখানে আফগান স্পিনাররা যতটা বল ঘোরাতে পারবে বাংলাদেশের স্পিনাররা সেটি পারবে না। এ ছাড়া ঘাসের উইকেটে খেলার মতো পেসার দলে নেই। ‘ট্রু’ উইকেট; যেখানে ব্যাটসম্যান-বোলারদের সুযোগ সমান, সেখানেও খেলার জন্য এমন একটা দল দরকার, যাদের ব্যাটিং-বোলিং দুটোই সমান শক্তিশালী।
আফগান ব্যাটসম্যানদের খেলার ধরনও তাঁর মাথায় ছিল। উইকেটে টিকে থাকার চেয়ে আফগান ব্যাটসম্যানরা স্ট্রোক খেলায় বেশি আগ্রহী। এই সুযোগটা নিতে পারবেন বাংলাদেশের স্পিনাররা। আফগান দলে স্পিন-বৈচিত্র্য অনেক বেশি থাকলেও ব্যাটসম্যানদের সামর্থ্যে আস্থা রেখেছিলেন সাকিব। তিনি মনে করেছিলেন, ব্যাটসম্যানরা নিজেদের খেলাটা খেললে ম্যাচটা নিজেদের করে নেওয়া কঠিন হবে না দলের জন্য।
চট্টগ্রাম টেস্টের প্রথম দুদিনে যে ছবি দেখা গেল, আফগানিস্তানের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেওয়া যায়নি। সাত ব্যাটসম্যান খেলিয়েও শঙ্কা জেগেছিল ফলো অনে পড়ার । মোসাদ্দেক হোসেন আর তাইজুল ইসলামের প্রতিরোধে কোনোভাবে ফলো-অন এড়ানো গেলেও লিড পাওয়া দুঃস্বপ্নই।
এই টেস্টের আগেও সাকিব বলেছেন, ‘ম্যাচের পার্থক্য গড়ে দেবেন ব্যাটসম্যানরাই।’ আফগান অধিনায়ক রশিদ খানও দ্বিমত পোষণ করেননি তাতে। আফগান ব্যাটসম্যানরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন, স্কিলে বাংলাদেশের স্পিনারদের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ উতরে গেছেন, তাঁরা ১০-এ ৭ কিংবা ৮ ঠিকই পাবেন। পাবেন-না-ইবা কেন? নেটে তাঁদের অনুশীলন করতে হয় দুর্দান্ত সব স্পিনারদের বিপক্ষে। বড় বাঁক, লুপ কিংবা ড্রিফটে পায়ের কাজটা কেমন হবে, শরীরের ভারসাম্য, শট নির্বাচন কেমন হবে—আফগানদের নিশ্চয়ই অজানা নয়। সংশয় ছিল তাঁদের টেম্পারামেন্ট নিয়ে। অন্তর্বর্তীকালীন ব্রিটিশ কোচ অ্যান্ডি মোলসের তত্ত্বাবধানে সেটিতেও যে অনেক উন্নতি হয়েছে, বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে সেটি খুব করেই দেখা গেছে।
বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরা কি সামর্থ্য অনুযায়ী খেলতে পেরেছেন? মুশফিকুর রহিমের আউট নিয়ে মৃদু বিতর্ক হতে পারে। বাকিরা হয় স্কিলে হার মেনেছেন না হলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। মুমিনুল হকের কথাই ধরুন, বিপর্যয়ের মধ্যেই ‘প্রিয়’ মাঠে দারুণভাবে এগিয়ে যাচ্ছিলেন। তাঁর ছোট্ট কাঁধে যখন বড় দায়িত্ব, তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন ৫২ রান করেই। মোহাম্মদ নবীকে তুলে মারতে গেছেন মিড অন দিয়ে। থিতু হয়ে যাওয়া ব্যাটসম্যানই যদি অর্ধেক পথে থেমে যান, নতুন ব্যাটসম্যানদের শিকার করতে রশিদ-নবীর কঠিন হওয়ার কথা না।
লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও আফগানিস্তানের বিপক্ষে ফলো অন এড়ানো গেছে—আপাতত এতটুকুই স্বস্তি বাংলাদেশের। কিন্তু চট্টগ্রামে টেস্টের দুর্গম গিরি কান্তার মরু বাংলাদেশ কীভাবে পাড়ি দেবে, প্রশ্ন এটি নিয়েই।