সাকিবের ভাবনায় নিজেরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি কাটাতে আজ রাতেই সস্ত্রীক যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। ফিরবেন ২৭ আগস্ট। তবে ছুটিতে যাওয়ার আগের সময়টা দারুণ ব্যস্ত কাটল সাকিব আল হাসানের। পরশু রাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন তাঁর রেস্তোঁরা ‘সাকিব’স ডাইন’। কালকের দিনটাও গেল একটি ব্র্যান্ডের প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে।
মৌসুম শেষের ছুটির এই সময়ে ক্রিকেট নিয়ে কথা বলবেন না বলেই মনস্থির করেছিলেন সাকিব। সাকিব’স ডাইনে অন্য অনেক কিছু নিয়ে কথা বললেও তাই সযত্নে এড়িয়ে গেছেন খেলার বিষয়টি। কিন্তু কাল নিজের রেস্তোরঁায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ঠিকই বেরিয়ে এল সাকিবের ক্রিকেটার-সত্তা। তিন ধরনের ক্রিকেটেরই বিশ্বসেরা অলরাউন্ডার মুখর হলেন খেলা নিয়ে।
সাকিবের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া সাম্প্রতিক সাফল্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশ দলকে, ‘ভালো একটা সময় শেষ হলো। এখন আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। সামনে আরেকটা বড় মৌসুম আসছে। আমরা এমনভাবে অনুশীলন করব, যেন সেটাও ভালোভাবে কাজে লাগাতে পারি।’
তবে বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যগুলোর প্রায় সবই ওয়ানডেতে। টেস্টে সেই সুবাতাস সেভাবে সঞ্চারিত হচ্ছে না। যদিও সাকিবের মত, ‘আমার মনে হয় আমরা ঠিক পথেই আছি। বৃষ্টি না হলে হয়তো আমরা আরও অনেক কিছু দেখতে পেতাম। তখন বুঝতে পারতাম আমরা আসলে কতটুকু উন্নতি করেছি। বৃষ্টির কারণে খেলাগুলো পুরো না হওয়ায় আমরা সঠিকভাবে জানি না ওসব জায়গায় কতদূর গিয়েছি।’
এক টেস্ট বাকি থাকতেই অ্যাশেজ হার নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশ সফরে তাই কিছুটা হলেও মানসিক চাপ নিয়ে আসবে দলটা। তবে অস্ট্রেলিয়ার দিকে না তাকিয়ে সাকিব ভাবেন শুধুই নিজেদের খেলা নিয়ে, ‘আমরা এখন আমাদের ক্রিকেট নিয়েই চিন্তা করি। মাঠে কীভাবে নিজেদের সেরাটা দেওয়া যায়, প্রতিদিন কীভাবে উন্নতি করতে পারি। প্রতিপক্ষ নিয়ে বেশি চিন্তা করি না।’