৪ ওভার, ২২ রান, ৩ উইকেট। ৪ ওভার, ১৩ রান। ৪ ওভার, ৯ রান, ৩ উইকেট।
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মুজিব উর রেহমানের পারফরম্যান্সের গ্রাফটার উন্নতি তীক্ষ্ণই। আফগানিস্তানের ‘রহস্য স্পিনার’-এর রহস্যই যেন উদ্ঘাটন করতে পারছে না প্রতিপক্ষ। এবার বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান বলেই দিলেন, মনে হচ্ছে তাঁদের ১৬ ওভার বোলিং করতে হচ্ছে। মানে মুজিবের ৪ ওভার নিয়ে ভাবতেই হচ্ছে না তাঁদের!
খুলনা টাইগার্সকে পরপর দুই ম্যাচে ১৫০-এর নিচের স্কোর নিয়ে আটকে দেওয়ার পর আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকেও ১৪৯ রানের পুঁজি নিয়ে হারিয়েছে বরিশাল। আগের দিন শুরুতেই মুজিবের ৪ ওভার শেষ করে দিয়েছিলেন সাকিব, আজ অবশ্য ১৪তম ওভার পর্যন্ত রেখেছেন।
মুজিব বিশ্বমানের বোলার। সে আমাদের দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে প্রতিপক্ষের ওপর বড় পার্থক্য গড়ে দিচ্ছে। বলা যায়, আমরা ১৬ ওভার বোলিং করছি, ২০ ওভার নয়।
সর্বশেষ দুই ম্যাচেই বরিশালের জয়ে পারফরম্যান্স দিয়ে ভূমিকা রেখেছেন সাকিব, করেছেন দারুণ অধিনায়কত্বও। তবে মুজিবই পার্থক্য গড়ে দিচ্ছে বলেই জানিয়েছেন তিনি, ‘মুজিব বিশ্বমানের বোলার। সে আমাদের দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে প্রতিপক্ষের ওপর বড় পার্থক্য গড়ে দিচ্ছে। বলা যায়, আমরা ১৬ ওভার বোলিং করছি, ২০ ওভার নয়।’
সাকিব-মুজিব বোলিং জুটির প্রশংসা করেছেন প্রধান কোচ খালেদ মাহমুদও, ‘সাকিব-মুজিব সেরা জুটি। ওদের বোলিংয়েই জিতেছি। বাকি যারা আছে, ব্রাভো, শফিকুল ভালো করছে। সাকিব-মুজিব থাকাতে আমাদের বোলিংটাই আমাদের বড় শক্তি।’
বোলিংয়ে ভর করে জয় পেলেও বরিশালের ব্যাটিং ঠিক জুত করতে পারছে না। ব্যাটিং কম্বিনেশন বেশ কয়েকবার বদলেছে তারা। তবে টপ অর্ডার যেমন ব্যর্থ, তেমনি ইনিংসের শেষ ভাগেও ইনিংসে গতি আনতে পারছে না বরিশাল। টানা জয় পেয়েও তাই খুশি নন মাহমুদ, ‘ম্যাচ জিতেছি, তবে ব্যাটিং নিয়ে খুশি না। আমাদের সব কটি ম্যাচই বোলাররা জিতিয়েছে। অন্যান্য দল যেমন শেষ ৩-৪ ওভারে রান করছে, আমরা করতেই পারছি না। ভালো ভিত পেয়েও ১৭০-১৭৫ করার কথা, ১৪৯ রানে থেমেছি। এখনো ঠিক কম্বিনেশনটা খুঁজছি।’
অবশ্য টানা তিন জয়ে একটু স্বস্তিই পাচ্ছেন অধিনায়ক সাকিব, ‘পাওয়ারপ্লেতে ভালো ব্যাটিং করা এবং শেষ দিকে ভালোভাবে শেষ করা—এদিকে আমাদের এখনো সমস্যা আছে। এ দুই জায়গায় আমরা আরও উন্নতি করতে চাইছি। তবে ভালো বিষয় হলো আমরা নিজেদের সেরা ক্রিকেটটা না খেলেও জয় পাচ্ছি। শেষ ম্যাচের পর থেকে আমি আরও আত্মবিশ্বাস অনুভব করছি। দলটা একটা ‘শেপে’ দাঁড়াচ্ছে। ছেলেরা জানে তাদের কী করতে হবে, তাই সবাই নির্ভার।’