সাকিবের মুখোমুখি মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অলস সময়’ কাটিয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। ছবি: প্রথম আলো
‘অলস সময়’ কাটিয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। ছবি: প্রথম আলো
>
  • কাল বিকেল ৫টায় মিরপুরে হবে একটি টি-টোয়েন্টি ম্যাচ
  • মুখোমুখি লাল ও সবুজ দল
  • সাকিব থাকবেন লাল দলের নেতৃত্বে, মাহমুদউল্লাহ সবুজের
  • প্রিমিয়ার লিগে সুপার লিগে উঠতে না পারা দলের ক্রিকেটারদের দুই দলে ফেলা হয়েছে

নিদাহাস ট্রফির পর ক্রিকেটীয় ব্যস্ততা নেই সাকিব আল হাসানের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তিনি নিয়মিতই আসছেন। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছেন। কিন্তু সেই অনুশীলনে তাঁর তৃপ্ত হওয়ার কথা নয়। নিজেই কদিন আগে বলছিলেন, ‘আইপিএলে যাওয়ার আগে ম্যাচ খেলতে পারলে ভালো হতো।’ ম্যাচ খেলার একটি ব্যবস্থা অবশ্য সাকিবের জন্য হচ্ছে।
আগামীকাল বিকেল ৫টায় শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে একটি টি-টোয়েন্টি ম্যাচ। সাকিব নেতৃত্ব দেবেন লাল দলের। আর মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলবে সবুজ দল। ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগে না ওঠা মোহামেডান, শাইনপুকুর ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের নিয়েই গড়া হয়েছে দুই দল।
হঠাৎ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগে যে দলগুলো সুপার লিগে উঠতে পারেনি, অনেক খেলোয়াড় বসে আছে। একেবারে বসে না থেকে যেন একটা ম্যাচ খেলার সুযোগ পায়, সে কারণেই সুপার লিগে উঠতে না পারা তিন দলের ক্রিকেটারদের নিয়ে দুটি দল গড়েছি।’
উদ্যোগটা অভিনব। প্রিমিয়ার লিগের সুপার লিগে উঠতে না পারা দলগুলোর খেলোয়াড়দের নিয়ে এমন ম্যাচ আয়োজন আগে কখনো দেখা গেছে কি না, সেটি গবেষণার বিষয়! এবার আয়োজনের মূল কারণ হচ্ছে, সাকিব-মাহমুদউল্লাহর মতো তারকা খেলোয়াড়ের দল উঠতে পারেনি সুপার লিগে। কিন্তু প্রিমিয়ার লিগে হয় ৫০ ওভারের ম্যাচ। এই ম্যাচ কেন টি-টোয়েন্টি সংস্করণে? মিনহাজুলের যুক্তি, ‘সকালে পিচে কাজ করে মাঠকর্মীরা। বিকেলের দিকে মাঠ ফ্রি পাওয়া যায় বলেই ফ্লাড লাইটে ম্যাচটা আয়োজন করা।’

বিসিবি লাল : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, কাজী অনীক, মোহাম্মদ আজিম, রায়হান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসেন।
বিসিবি সবুজ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী মারুফ, আল আমিন, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, দেলোয়ার হোসেন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাঈদ সরকার।