সাকিবের সঙ্গে মেহরাবের সেই ছবিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮-এ চট্টগ্রাম টেস্টে মেহরাব-সাকিব—ছ​বি ফেসবুক থেকে।
২০০৮-এ চট্টগ্রাম টেস্টে মেহরাব-সাকিব—ছ​বি ফেসবুক থেকে।

‘সাকিব হঠাৎ তোর এই ছবিটা পেলাম ল্যাপটপে...টিনএজ ড্রিম!’


ছবিতে দুই তরুণের মুখে বিকশিত হাসি। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সাকিব আর হাসানের সঙ্গে তোলা একটা ছবি পোস্ট করে লিখেছেন মেহরাব হোসেন জুনিয়র। ছবিটা এক ঝটকায় নিয়ে যাবে আট বছর আগে, স্মৃতিকাতর করে তুলবে ক্রিকেটপ্রেমীদের।

২০০৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ খেলেছিলেন দুই তরুণ তুর্কি। প্রথম ইনিংসে ৪৪ রানে পড়ে গিয়েছিল ৪ উইকেট। দলকে টেনে তুলতে মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ একটি জুটি গড়েছিলেন মেহরাব। পঞ্চম উইকেটে দুজনের জুটিতে এসেছিল ১৪৪ রান। মুশফিক করেছিলেন ৭৯ আর মেহরাব দলের পক্ষে সর্বোচ্চ ৮৩। কে জানত, টেস্ট ক্যারিয়ারে ওটাই সর্বোচ্চ রান হয়ে থাকবে মেহরাবের।

মেহরাবের মতো ওই ম্যাচটা সাকিবের কাছেও ভীষণ স্মরণীয়। প্রথম ইনিংসে ৩৬ রানে নিয়েছিলেন ৭ উইকেট। যা এখনো টেস্টে সাকিবের সেরা বোলিং। ম্যাচে ১০ উইকেট পেতে পেতে পাননি। পেয়েছিলেন ৯ উইকেট। জ্বলে উঠেছিলেন ব্যাট হাতেও। দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৭১ রানের দারুণ এক ইনিংস।

চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডকে ৩১৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। তখন ফেবারিট মনে হচ্ছিল বাংলাদেশকেই। কিন্তু প্রায় একাই ম্যাচের ভাগ্য গড়ে দেন ড্যানিয়েল ভেট্টোরি। ওই টেস্ট ম্যাচটি পরিণত হয়েছিল ‘সাকিব বনাম ভেট্টোরি’ লড়াইয়ে। শেষ পর্যন্ত যাতে জয় হয় কিউই অধিনায়কের। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ হেরে যায় ৩ উইকেটে। ওই ছবিটি পেয়ে হঠাৎ করেই মেহরাবের স্মৃতিতে ভেসে উঠল আট বছর আগের সেই টেস্ট ম্যাচ। ফেসবুক স্ট্যাটাস দেখে ফোনে যোগাযোগ করা হলে মেহরাব বললেন, ‘কাল বহুদিন পর ল্যাপটপে ছবিটা খুঁজে পেলাম। ওই ম্যাচটা জিততে জিততে হেরে গিয়েছিলাম।’

সাকিব অবশ্য পরে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও সাফল্য পেয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে মেহরাবের পথ চলা খুব একটা দীর্ঘায়িত হয়নি। বয়সভিত্তিক ক্রিকেটে দারুণ আলো ছড়ানো মেহরাব বাংলাদেশের হয়ে খেলেছেন ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ২টি-টোয়েন্টি। তবে বন্ধুর সঙ্গে আবারও একই ফ্রেমে ধরা পড়ার স্বপ্ন জমিয়ে রেখেছেন এখনো, ‘স্বপ্ন তো অবশ্যই দেখি। অনেক দিন ওর সঙ্গে খেলা হয় না। সর্বশেষ খেলেছি প্রাইম ব্যাংকের হয়ে। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে দুজন প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের হয়ে খেলেছিলাম। চ্যাম্পিয়নও হয়েছিলাম। আবার একই সঙ্গে বাংলাদেশ দলে খেলতে পারলে দারুণ হবে।’

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে নতুন ভূমিকায় দেখা গেছে মেহরাবকে। অভিষেক হয়েছে ধারাভাষ্যকার হিসেবে। বন্ধু সাকিব অভিনন্দন জানিয়েছিলেন ভাষ্যকার মেহরাবকে। তবে এর মানে এই নয় যে, মেহরাব নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। বরং এ​খনো তিনি ফেরার ​দিন গুণছেন, ‘ওই সময় তেমন কিছু করার ছিল না বলে ধারাভাষ্য দিয়েছি। ভালোই লাগল। তবে এখনো আমার লক্ষ্য বাংলাদেশ দলে ফেরা।’

বাস্তবতা কঠিন হলেও ওই ছবিটার মতো যদি আবারও দেখা যায় দুজনকে, তা দারুণই হবে মেহরাবের জন্য।