সাকিবের সেঞ্চুরিও একটা উন্নয়ন!
সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানটা হলো ঢাকা ক্লাবে। আয়োজক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। প্রতিমন্ত্রী বা সচিবসহ মন্ত্রণালয়ের কেউ নেই!
নিজের উদ্যোগে কাল এই আয়োজন করেছিলেন জয়। মঞ্চে চারজন সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টু, কায়সার হামিদ, জুয়েল রানা, ইকবাল হোসেন। প্রথম দুজন শুভেচ্ছা বক্তব্য রাখেন। জয়ের ছেলে জিদানও বক্তব্য রেখেছে। বক্তার তালিকায় ছিলেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফ হাসান, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি জাকির হোসেন খান।
তাঁদের সঙ্গে মঞ্চে ছিলেন সাবেক হকি খেলোয়াড় মাহবুব এহসান রানা, ফেডারেশনের কর্মকর্তা ও জয়ের মেয়ে। উপস্থাপনা করেছেন জয়ের সহোদর সাবেক ফুটবলার বাফুফে সদস্য অমিত খান শুভ্র।
অতীতে কোনো ক্রীড়ামন্ত্রী ব্যক্তিগতভাবে এমন সংবাদ সম্মেলন করেননি। মূলত ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের সাফল্য নিয়েই কথা বলেছেন ক্রীড়া উপমন্ত্রী। গতকাল সাকিবের ডাবল সেঞ্চুরির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটাও একটা উন্নয়ন।’ মোস্তাফিজ-মিরাজদের উঠে আসা, সাবিনাদের সাফে রানার্সআপ হওয়া, যুব এশিয়া কাপ হকিতে রানার্সআপ, এসব সাফল্যে উচ্ছ্বসিত জয়ের আশা, ভবিষ্যতে আরও সাফল্য আসবে। ফুটবলে ভুটানের হার তাঁর কাছে একটা দুর্ঘটনা!