
টুকটাক কিছু কাজ সারতে দুপুরে এসেছিলেন ক্রিকেট বোর্ডে। চেহারায় স্বস্তি, তবে মুখে তালা। নিষেধাজ্ঞা কমানো, দলবদল নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে কথা বলতে চাইলেন না। শুধু বললেন, ‘আগে সব ঝামেলা শেষ হোক...।’ ঝামেলামুক্ত হওয়ার খবর পেলেন খানিক পরই। বোর্ড থেকে বাড়ি ফেরার পথেই বিসিবির প্রধান নির্বাহীর ফোনে জানতে পারলেন আর সব ক্রিকেটারের মতোই বেছে নিতে পারবেন পছন্দের দল। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, পছন্দের দলে সই করতে সাকিব আল হাসান চলে এলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) অফিসে। লুৎফর রহমানের গাজী ট্যাংক ক্রিকেটার্সে নাম লেখালেন হাসিমুখে। স্বস্তির হাসি!
সাকিবের দলবদল নিয়ে সৃষ্ট পরিস্থিতি যতটা জটিল আকার ধারণ করেছিল, সমাধান হলো সরল পথেই। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস কাল দুপুরে জানালেন, ‘বোর্ড সভাপতির উদ্যোগে জটিলতার সমাধান হয়েছে। বিসিবিপ্রধান বলে দিয়েছেন আর সবার মতোই দলবদল করতে পারবে সাকিব।’ ব্যাপারটা অবশ্য এতটা সহজ ছিল না। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পরশু রাত থেকে পর্দার আড়ালে অনেক খেলাই হয়েছে। সাকিবের দলবদল নিয়ে ক্লাব রাজনীতির কূটচাল এতটাই প্রকাশ্য হয়ে উঠেছিল যে ঝামেলা বাড়ালে আখেরে নিজেদেরই ক্ষতি বুঝতে পেরে একটা পক্ষ পিছু হটতে বাধ্য হয়েছে। সেই উপলব্ধিরই ফল এই সমাধান।
তা যেভাবেই হোক, সবকিছুর আপাত অবসানে খুশি সাকিব। এমনিতে নিজের আবেগ প্রকাশে নির্লিপ্ত হলেও কাল খুশিটা লুকালেন না, ‘খুবই খুশি আমি। নিষেধাজ্ঞা কমানোয় স্বস্তি পেয়েছি। আজ দলবদল করতে পেরে আরও খুশি। বোর্ডকে ধন্যবাদ জানাই, সঙ্গে যাঁরা পাশে ছিলেন তাঁদেরও। সময়টা সহজ ছিল না। এ সময় যাঁরা পাশে ছিলেন, সাংবাদিকেরা, আমার পরিববার, বন্ধুবান্ধব থেকে শুরু করে নাম না জানা-অচেনা সবাইকে ধন্যবাদ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লাল-সবুজ গায়ে চাপিয়ে খেলা। ছেলেবেলা থেকে এই স্বপ্ন দেখেছি। যত দিন খেলব, দলে অবদান রাখতে চেষ্টা করব, দেশের হয়ে নিজেকে উজাড় করে দেব।’
‘সময়টা সহজ ছিল না’, নিষিদ্ধ সময় নিয়ে সাকিবের কথা শুধু এটুকুই। কিন্তু যন্ত্রণাটা অবশ্যই ছিল গভীরে। একজন ক্রিকেটারের জন্য ব্যাট-বল থেকে দূরে থাকার চেয়ে কষ্টের আর কী হতে পারে! পরে সতীর্থদের থেকে দূরে আলাদা একাকী অনুশীলন, বোর্ডের কোনো একটা কক্ষে বসে সতীর্থদের অনুশীলন ম্যাচ দেখা, টিভি পর্দায় দলের খেলা দেখা, প্রতিটি মুহূর্ত যন্ত্রণাকাতরই হওয়ার কথা। তবে যন্ত্রণামুক্তির ক্ষণে আর সেই দিনগুলোতে ফিরে যেতে চাইলেন না দেশসেরা অলরাউন্ডার, ‘এখন আর পেছনে ফিরে তাকাতে চাই না। সামনে কী করব, সেসব ভাবতে চাই।’
যাঁকে ঠেকাতে বোর্ডে সবাই এককাট্টা হয়েছিলেন বলে গুঞ্জন, সেই লুৎফর রহমানও পেছন ফিরে তাকাতে চাইলেন না। গত দুদিন যেসব ষড়যন্ত্র-তত্ত্ব বাতাসে উড়েছে, সেসব তাঁর খুব ভালোভাবেই জানা থাকার কথা। সেটা নিয়ে ক্ষোভ যদি ভেতরে কিছু থাকেও, প্রকাশ্যে আনেননি। ষড়যন্ত্র-তত্ত্বটা বিশ্বাস করেন না বলে জানালেন। গাজী ট্যাংকের স্বত্বাধিকারী শুধু বাড়তি যোগ করলেন, ‘সাকিবের নিষেধাজ্ঞা যখন কমানোই হলো, উচিত ছিল আরও ১৫ দিন কমানো। তাহলে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট দুটি খেলতে পারতেন সাকিব, দেশের জন্য যা খুব দরকার ছিল।’
সাকিব অবশ্য ওসব নিয়ে ‘টুঁ’ শব্দটি করলেন না। তাঁর প্রতিটি প্রশ্নের উত্তরেই ছিল পরিণতিবোধের ছাপ। দেশের বাইরের লিগে খেলার নিষেধাজ্ঞা বহাল রাখা নিয়ে যেমন বললেন, ‘আমি চেষ্টা করব বোর্ডের সিদ্ধান্তমতো চলার। শৃঙ্খলানীতি মেনে চলার। মানুষমাত্রই ভুল হতে পারে। ক্রিকেটার হিসেবে প্রতিদিনই চেষ্টা করি উন্নতির। সাধ্যমতো চেষ্টা করব মানুষ হিসেবেও আরও ভালো হওয়ার।’