অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হুমকিদাতা মহসিন তালুকদারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন। হুমকির অভিযোগে করা মামলায় আসামি মহসিন তালুকদারের জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই রুল দেওয়া হয়।
আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্ট মহসিনকে জামিন দেননি, তাঁর জামিন প্রশ্নে রুল দিয়েছেন। একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় যাবেন, নাকি অন্য কোথায় যাবেন, সেটা তাঁর ব্যক্তিস্বাধীনতার ব্যাপার। এ জন্য তাঁকে হত্যার হুমকি দেবে কেন—শুনানিতে আদালত এ ধরনের কথা বলেছেন।’
মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন মহসিন।
গত বছরের নভেম্বর মাসে কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে সাকিবের উপস্থিতির কারণে তাঁকে কুপিয়ে হত্যার হুমকি দেন এই যুবক।
এরপর আবারও লাইভে এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। হুমকির ঘটনায় গত ১৬ নভেম্বর উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন।
গত ১৭ নভেম্বর সুনামগঞ্জ থেকে মহসিনকে গ্রেপ্তার করা হয়।