সাকিবের ৪০০

আর মাত্র ২ উইকেট। আর তাতেই আরেকটি ‘প্রথমে’ নাম উঠে যাবে সাকিব আল হাসানের। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার হাতছানি নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা শুরু করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম ম্যাচে ১ উইকেট। দূরত্বটা কমল, কিন্তু বাড়ল অপেক্ষা।
দ্বিতীয় ম্যাচে উইকেটই নেই। তবে সাকিব আর বেশি সময় নেননি। তৃতীয় ম্যাচেই ছুঁয়ে ফেললেন মাইলফলকটা। নিজের অষ্টম বলে রিচমন্ড মুতুম্বাবিকে মিড উইকেটে সাব্বির রহমানের ক্যাচ বানিয়েই ৪০০তম উইকেট পেয়ে গেলেন এই বাঁহাতি স্পিনার।
তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পাওয়া ৪৬তম বোলার সাকিব। ১৩৪৭ উইকেট নিয়ে এ তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। ১০০১ উইকেট নিয়ে এরপরই আছেন সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন।
সাকিব সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন ওয়ানডেতে। ১৫৭ ওয়ানডেতে ২০৬ উইকেট। ৪২ টেস্টে ১৪৭ উইকেট। গতকালের ৩ উইকেটসহ ২০ ওভারের ক্রিকেটে সাকিবের উইকেট ৪৯টি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ বোলার
ম্যাচ উইকেট সেরা গড় ৫/১০
সাকিব আল হাসান ২৪০ ৪০২ ৭/৩৬ ২৮.৯৯ ১৫/১
মাশরাফি বিন মুর্তজা ২৩২ ৩১১ ৬/২৬ ৩৪.১০ ১/০
আবদুর রাজ্জাক ১৯৯ ২৭৪ ৫/২৯ ৩০.৮৫ ৪/০
মোহাম্মদ রফিক ১৫৯ ২২৬ ৬/৭৭ ৩৯.১০ ৮/০
রুবেল হোসেন ১০১ ১২৬ ৬/২৬ ৪৪.৩৪ ২/০
সাকিবের প্রিয় পাঁচ প্রতিপক্ষ
ম্যাচ উইকেট সেরা গড় ৫/১০
জিম্বাবুয়ে ৫৫ ১০৫ ৬/৫৯ ২১.৫৭ ৪/১
নিউজিল্যান্ড ২৩ ৪৮ ৭/৩৬ ২৫.২২ ২/০
ওয়েস্ট ইন্ডিজ ১৯ ৪৬ ৫/৬৩ ২৪.৩৪ ২/০
পাকিস্তান ২৬ ৩৬ ৬/৮২ ৩৮.৩৩ ১/০
শ্রীলঙ্কা ২৩ ৩৪ ৫/৭০ ৪২.২৩ ২/০