সাকিবের 'চালে' ফিরলেন কোহলি

মাত্র তিনটি বল আগেই ঠিক একই লাইনে বল করেছিলেন, সেটিকে লং অন দিয়ে ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সাকিব আল হাসান ‘প্রতিশোধ’ নিলেন মাত্র তিন বল পর। একই লাইনে বল, তবে লেংথ একটু ভিন্ন, মিডউইকেটে মাহমুদউল্লাহকে রাখাও সেই হিসাব কষে। তাতেই আউট কোহলি!
উইকেটে এসেই শুরু থেকে মেরে খেলছিলেন কোহলি। ৩৯ বলে করে ফেলেছিলেন ৩৮। চার অবশ্য মাত্র দুটি, আর ছক্কা সাকিবকে মারা ওই শটটাই। কোহলি এগিয়ে আসছিলেন দেখে সাকিব সেই বলটা একটু শর্ট অব লেংথে করেছিলেন। কিন্তু নিচের হাতের শক্তি কাজে লাগিয়ে বলটাকে লং অন বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন ভারত অধিনায়ক।
তিন বল পর আবার একই লাইনে বল। কিন্তু এবার জিতলেন সাকিব! এবারও কোহলি এগিয়ে আসছিলেন, সাকিব বলও করলেন একই লাইনে। কিন্তু এবার আর লেংথ খাটো করেননি, বরং বলটাকে এমন জায়গায় ফেললেন কোহলি উড়িয়ে মারার মতো জায়গা পেলেন না। ধরা পড়ে গেলেন মিডউইকেটে মাহমুদউল্লাহর হাতে।
এই প্রতিবেদন লেখার সময়, ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১০৪ রান। লিড ৪০৩ রানের। কোহলির জায়গায় নতুন ব্যাটসম্যান এসেছেন অজিঙ্কা রাহানে। তিনিও অবশ্য সাকিবের পরের ওভারেই ক্যাচ দিয়েছিলেন, কিন্তু বলটা সাকিবের হাতের নাগালের একটু বাইরে দিয়ে চলে যায়। তাঁর রান এখন ৯। সঙ্গী চেতেশ্বর পূজারা অপরাজিত ৩৫ রান নিয়ে।