সাকিবের '৪০০', প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য অর্জন!

প্রথম বাংলাদেশি হিসেবে আরও একটি অর্জন হয়ে গেল সাকিব আল হাসানের। আজ নিজের দ্বিতীয় ওভারে রিচমন্ড মুতুম্বামিকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন।
টেস্ট ক্রিকেটে ১৪৭ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শিকারি তিনিই। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে আবদুর রাজ্জাকের চেয়ে পিছিয়ে আছেন মাত্র ১ উইকেটে। রাজ্জাকের ২০৭ উইকেট, সাকিবের ২০৬টি। টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়ে সেরা তিনিই। তিন ধরনের ফরম্যাটেই আলাদা আলাদাভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক যে হয়ে যাবেন তাতে সন্দেহ নেই। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে সফল তো অবশ্যই।
সাকিবের আগে মাত্র দুজন বাঁ হাতি স্পিনার এই মাইলফলক ছুঁয়েছেন। ড্যানিয়েল ভেট্টরি (৭০৫) ও সনাৎ জয়াসুরিয়া (৪৪০)। স্পিনারদের মধ্যেই এই অর্জন এর আগে ছিল মাত্র দশজনের। মুত্তিয়া মুরালিধরন (১৩৪৭), শেন ওয়ার্ন (১০০১), অনিল কুম্বলে (৯৫৬), হরভজন সিং (৭১০), ভেট্টরি (৭০৫), শহীদ আফ্রিদি (৫৩৩), সাকলায়েন মুশতাক (৪৯৬), সাঈদ আজমল (৪৪৭), জয়াসুরিয়া (৪৪০) ও গ্রায়েম সোয়ান (৪১০)।
১৬ জন এশীয় ক্রিকেটার বল হাতে তিন ফরম্যাট মিলিয়ে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এঁদের মধ্যে আছে, ইমরান খান, কপিল দেব, মুরালিধরন, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, মুশতাক, লাসিথ মালিঙ্গা, শোয়েব আখতারের মতো বড় বড় নাম।
আরও পড়ুন..
ফ্লিনটফকেও পেরিয়ে গেলেন সাকিব