সাকিব-কীর্তিতে সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ উইকেটও তুলে নেওয়া গেল, মুশফিকদের জয়ের আনন্দটা হলো বাঁধভাঙাই। হাতের কাছে স্মারক স্টাম্প, কার আগে কে নিয়ে দৌড়াবেন যেন সেই প্রতিযোগিতা! l শামসুল হক
শেষ উইকেটও তুলে নেওয়া গেল, মুশফিকদের জয়ের আনন্দটা হলো বাঁধভাঙাই। হাতের কাছে স্মারক স্টাম্প, কার আগে কে নিয়ে দৌড়াবেন যেন সেই প্রতিযোগিতা! l শামসুল হক

এল্টন চিগুম্বুরা কোথায় ছিলেন? তাঁকে সামনে পেলে ৩১৪ রান তাড়া করতে গিয়ে ১৫১ রানে অলআউটের একটা প্রতিক্রিয়া নেওয়া যেত। আগের দিন কত বড়াই করেই না বলে গেলেন, তিন শর আশপাশে যেকোনো রান তাড়া করে জেতা সম্ভব জিম্বাবুয়ের পক্ষে!
ক্রিকেটে প্রতিশোধস্পৃহার স্থান নেই। দিন শেষে এটা কেবলই একটা খেলা। জয়-পরাজয় ভুলে হাত মিলিয়ে মাঠ ছাড়া। চিগুম্বুরাকে কাল ম্যাচ শেষে তাই কেউ খুঁজলও না। সবাই ছুটল সাকিব আল হাসানের দিকে।
জিম্বাবুয়েকে ১৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলা, ২০০৯ সালের পর প্রথমবারের মতো পর পর দুটি টেস্ট জয় কিংবা আইসিসির টেস্ট র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের ৯ নম্বরে চলে আসার চেয়েও যে বড় কীর্তি সাকিবের কৃতিত্ব! এক টেস্টে ১০ উইকেট আর সেঞ্চুরি, সাকিবের নাম তুললেন ইতিহাসের পাতায়। যে পাতায় এর আগে ছিল কেবলই দুটি নাম—ইয়ান বোথাম ও ইমরান খান।
খেলা শেষে শেখ আবু নাসের স্টেডিয়ামজুড়ে তাই শুধু ‘সাকিব সাকিব’ ধ্বনি। পশ্চিম আকাশে সবে হেলতে শুরু করা সূর্যের সোনালি আলোর সবটুকুই তাঁর ওপর। দর্শকের অভিবাদনের জবাব দিতে পুরো দল গ্যালারির কাছে গিয়ে হাত নাড়ল, দর্শক পাল্টা উৎসাহ দিল, সেখানেও মধ্যমণি সাকিব।
জয়ের ছক আগেই করে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। শেষ দিনে ঘণ্টা খানেক ব্যাটিং। জিম্বাবুয়ের জন্য জয়ের লক্ষ্যটা ওভারপ্রতি সাড়ে চারের মতো দিয়ে ইনিংস ঘোষণা। এরপর আরেকবার জিম্বাবুয়ের ১০ উইকেট নেওয়ার চেষ্টা। টেস্টের তৃতীয় দিন শেষে সাকিবও বলেছিলেন, জিততে হলে এই কঠিন শর্তগুলো পূরণ বাধ্যতামূলক। কি আশ্চর্য! বাংলাদেশ দল সেই অসাধ্য সাধন করেই উঁচিয়ে ধরল বিজয়ের পতাকা!
কাল অবশ্য ঘণ্টা খানেকের চেয়ে একটু বেশিই ব্যাট করল বাংলাদেশ দল—১ ঘণ্টা ১৮ মিনিট। তাতে আগের দিন ৫ উইকেটে করা ২০১ রানের সঙ্গে যোগ হলো আরও ৪৭ রান। তবে জিম্বাবুয়ের বোলাররা বাংলাদেশ দলকে দ্বিতীয়বার অল আউটের স্বাদ নিতে পারেনি। স্কোরটা ৯ উইকেটে ২৪৮-এ পৌঁছার পর সীমানা দড়ির কাছে হ্যামিল্টন মাসাকাদজার দুর্দান্ত এক ক্যাচে নবম ব্যাটসম্যান হিসেবে আউট শুভাগত হোম চৌধুরী (৫০)। অধিনায়ক মুশফিকুর রহিম ইনিংস ঘোষণা করে দিলেন এরপরই। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটির ইনিংসে মাহমুদউল্লাহর সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭৫ রানের জুটি হয়েছে শুভাগতর। ৭১ রান করে মাহমুদউল্লাহ ফিরে গেছেন আগেই।
চতুর্থ ইনিংসে ৩১৪ রানের লক্ষ্য। ব্যাটিং করার সুযোগ ছিল কমপক্ষে ৬৮ ওভার। তার মানে ওভারপ্রতি রান করতে হতো ৪.৭-এর মতো। কিন্তু চতুর্থ দিনেই শেখ আবু নাসের স্টেডিয়ামের উইকেটের যে চরিত্র দেখা যাচ্ছিল, তাতে শেষ দিনে কাজটা ছিল পাহাড় ঠেলার মতোই কঠিন। যত সময় গড়িয়েছে, উইকেটে গড়িয়ে গেছে বলও, কখনো বা লাফ দিয়ে উঠেছে আচমকা। ৩১৪ রান তাড়া করার কঠিন কাজটা জিম্বাবুয়ের জন্য তাতে হয়ে উঠেছে কঠিনতর।
সিরিজের শুরু থেকেই জিম্বাবুয়ের শত্রু স্পিন। কালও প্রথম ওভার থেকেই সফরকারীদের স্পিন দিয়ে চেপে ধরল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি বোলাররা যে ৫১.১ ওভার বল করেছেন, তাতে পেসারদের অবদান বলতে রুবেল হোসেনের ৪ ওভার। আরেক পেসার শাহাদাতকে তো বোলিং প্রান্তেই আনেননি মুশফিক।
নতুন বলে এক প্রান্তে ছিলেন তাইজুল ইসলাম, অন্য প্রান্তে সাকিব। দুই বাঁহাতির ঘূর্ণির সামনে দিশেহারা জিম্বাবুয়ে লাঞ্চের আগেই হারিয়ে বসল দুই ওপেনার সিকান্দার রাজা ও ব্রায়ান চারিকে। ৮ ওভারে রান মাত্র ১৩। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে সাকিবের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরলেন ব্রেন্ডন টেলর। বাংলাদেশকে যা একটু শঙ্কায় ফেলেছে এর পরের জুটিটা। ১৫ রানে ৩ উইকেট পড়লেও প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান হ্যামিল্টন মাসাকাদজা আর রেজিস চাকাভার জুটি যতক্ষণ ছিল, টেস্ট ড্র করার ক্ষীণ একটা আশা একটু হলেও করছিল জিম্বাবুয়ে। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ৭০ রান হতেই চাকাভাকে দারুণ এক গুগলিতে মাহমুদউল্লাহর ক্যাচ বানান লেগ স্পিনার জুবায়ের। জিম্বাবুয়ের সম্ভাবনা বলতে গেলে ওখানেই শেষ।
এরপর শুধুই সাকিব-উপাখ্যান। পাঁচ উইকেট নেওয়া সাকিব উইকেট পেতে পারতেন আরও একটি। কিন্তু শাহাদাত সেটা পেতে দিলে তো! উইকেটে তখন জিম্বাবুয়ের শেষ জুটি। সাকিবের বলে শেষ ব্যাটসম্যান টেন্ডাই চাতারা ক্যাচ তুলেছিলেন মিড অনে। উল্টো ঘুরে দৌড়ে গিয়ে শাহাদাত ক্যাচটা নেওয়ার চেষ্টা করলেও বলেই শুধু হাত লাগাতে পারলেন। সাকিব ইনিংসে নিজের পঞ্চম উইকেটটি পেয়ে গিয়েছিলেন এর আগেই। কিন্তু তাঁর উইকেট-ক্ষুধা যে এতটুকু কমেনি, তা বোঝা গেছে ক্যাচ পড়ার প্রতিক্রিয়ায়। মাঠের বাইরে থেকে সাকিবের কথাগুলো শোনা যায়নি। তবে তাঁর শরীরীভাষাই বলে দিচ্ছিল কী ঝড় বয়ে যাচ্ছিল শাহাদাতের ওপর দিয়ে!
বিজয়ের দিনের ভুলভ্রান্তি এমনিতেই মনে রাখতে নেই। কাল তো সাকিব পেয়েছেন এরচেয়েও বেশি কিছু! শাহাদাত তাই ক্ষমা পেতেই পারেন। রাজার মতো প্রত্যাবর্তনের পর সাকিব হয়তো ক্ষমা করে দেবেন তাঁদেরও, যাঁরা ঠিক চার মাস আগে তাঁর ক্রিকেটটাকে পরিয়েছিল নিষেধাজ্ঞার শেকল।